মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

পণ্যের রিভিউ

ডেলিভারি হওয়া অর্ডারের ক্রেতারা পণ্যে তারা আর দুই লাইন লেখেন। আপনি প্রকাশ করেন, লুকান বা উত্তর দেন; লেখা বা তারা বদলানো যায় না। চাইলে ডেলিভারির পর রিভিউ চেয়ে SMS যায়।

এই পাতায়

বাঁয়ের মেনুর রিভিউ পাতায় আপনার পণ্যের সব রিভিউ। রিভিউ দিতে পারেন শুধু সেই ক্রেতা, যাঁর অর্ডার “পৌঁছে গেছে”। তাই প্রতিটা রিভিউ সত্যিকারের কেনা থেকে, আর স্টোরে তার পাশে লেখা থাকে যাচাই করা ক্রেতা।

ক্রেতা কীভাবে রিভিউ দেন

  • অর্ডার “পৌঁছে গেছে” হলে স্টোরের অর্ডার ট্র্যাক করার পাতায় অর্ডারের নিচে পণ্যের রিভিউ দিন বোতাম আসে, যদি ক্রেতা SMS কোড দিয়ে অর্ডারটা খোলেন। ক্রেতার অ্যাকাউন্টের অর্ডারের পাতাতেও একই বোতাম। শুধু অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে খুললে বোতাম আসে না, কারণ নম্বর দুটো অন্য কেউও জানতে পারে।
  • রিভিউ চেয়ে SMS চালু থাকলে ক্রেতা SMS-এ একই পাতার লিংক পান।
  • লিংকে চাপলে অর্ডারের পণ্যগুলো আসে। প্রতিটা পণ্যে ১ থেকে ৫ তারা, চাইলে শিরোনাম আর নিজের কথা; সব একবারে রিভিউ পাঠান।
  • একটা অর্ডারে প্রতিটা পণ্যের রিভিউ একবারই। একই পণ্য দুই সাইজে কিনলেও একটা রিভিউ। কম্বো কিনলে কম্বোর রিভিউ।
  • লগইন লাগে না: লিংকটাই প্রমাণ যে অর্ডারটা তাঁর। লিংক ৬০ দিন কাজ করে।
  • রিভিউতে ক্রেতার নামের প্রথম অংশ আর শেষ অংশের প্রথম অক্ষর দেখায় (যেমন “রহিম উ.”), ফোন নম্বর কখনো না।
ক্রেতার রিভিউর পাতা (ফোনে): অর্ডারের প্রতিটা পণ্যে তারা, শিরোনাম আর নিজের কথা

পাতাটা

  • উপরে রিভিউর নিয়ম, নিচে রিভিউ, নতুনগুলো আগে।
  • ট্যাব ১: অপেক্ষায়, প্রকাশিত, লুকানো, সব; পাশে প্রতিটায় কয়টা (চালু ফিল্টার মেনে)।
  • ফিল্টার ২ দিয়ে তালিকা ছোট করুন: নিচে ফিল্টার দেখুন।
  • প্রতিটা রিভিউতে: তারা, শিরোনাম, ক্রেতার লেখা, নাম, তারিখ, কোন পণ্য (চাপলে পণ্যের পাতা), কী কিনেছিলেন (যেমন “M / লাল”) আর কোন অর্ডার (চাপলে অর্ডারের পাতা)।
  • পণ্যের পাতার ডান দিকে রিভিউ কার্ডে সেই পণ্যের গড় তারা আর প্রকাশিত, অপেক্ষায় ও লুকানো রিভিউর সংখ্যা; এই পণ্যের রিভিউ দেখুন চাপলে এই পাতায় শুধু সেই পণ্যের রিভিউ আসে।
রিভিউ পাতা: ট্যাব, ফিল্টার বোতাম আর প্রতিটা রিভিউর বোতাম
পণ্যের পাতার রিভিউ কার্ড: গড় তারা, কয়টা প্রকাশিত, অপেক্ষায় আর লুকানো

ফিল্টার

ফিল্টার চাপলে একটা প্যানেল খোলে (ফোনে নিচ থেকে, কম্পিউটারে পাশ থেকে)। যা লাগে বেছে ফলাফল দেখুন চাপুন; তার আগে তালিকা বদলায় না।

  • তারা: এক বা একাধিক, যেমন ১ আর ২ তারা একসাথে।
  • উত্তর: উত্তর দেওয়া বা উত্তর বাকি।
  • পণ্য: পণ্যের নাম বা SKU লিখে বেছে নিন। পণ্যের পাতার এই পণ্যের রিভিউ দেখুন এটা নিজেই বসিয়ে দেয়।
  • রিভিউর তারিখ: কোন দিন থেকে কোন দিন (বাংলাদেশের দিন, দুই দিনই ধরে)।

চালু প্রতিটা ফিল্টার তালিকার উপরে চিপ হয়ে দেখায়; × চাপলে সেটা সরে, সব মুছুন চাপলে সব (ট্যাব থাকে)। ট্যাবের সংখ্যাও ফিল্টার মেনে চলে: ১ তারা বাছলে অপেক্ষায়-এ দেখাবে কয়টা ১ তারার রিভিউ অপেক্ষায়।

তালিকার উপরের দ্রুত ফিল্টারে এক চাপেই হয়: কম তারা (১–২) আর উত্তর বাকি। ফিল্টার সেভ করুন চাপলে বাছা ফিল্টার নিজের দেওয়া নামে থাকে, শুধু আপনার জন্য; সাজান থেকে নাম বদলান, সাজান বা মুছুন।

ফিল্টার পাতার ঠিকানাতেও থাকে: লিংক কপি করে পাঠালে ঠিক এই তালিকাই খোলে, আর ব্রাউজারের Back চাপলে আগের ফিল্টারে ফেরে।

প্রকাশ, লুকানো, উত্তর আর মোছা

  • প্রকাশ করুন: রিভিউটা স্টোরে দেখায় আর তারার হিসাবে আসে।
  • লুকান ৩: স্টোরে দেখায় না, তারার হিসাবেও আসে না। ক্রেতা রিভিউর পাতায় দেখেন “দোকানে দেখানো হচ্ছে না”। পরে আবার প্রকাশ করা যায়।
  • উত্তর দিন ৪: আপনার উত্তর স্টোরে রিভিউর নিচে “দোকানের উত্তর” নামে দেখায়। বদলানো বা মোছা যায়।
  • মুছুন: রিভিউটা চিরতরে যায়, ফেরানো যায় না। শুধু ক্রেতা নিজে মুছতে বললে মুছুন (নিচে দেখুন)।
  • রিভিউ লেখা, বা ক্রেতার লেখা বা তারা বদলানো কারো পক্ষেই সম্ভব নয়, আপনারও না। এটা প্ল্যাটফর্মের নিয়ম, যাতে স্টোরের তারা সবসময় সত্যিকারের ক্রেতার।

খেয়াল রাখুন

শুধু কম তারার জন্য রিভিউ লুকাবেন না। লুকান গালিগালাজ, ফোন নম্বর বা লিংক, বা পণ্যের সাথে সম্পর্কহীন লেখা। ক্রেতারা আর Google সৎ রিভিউ চায়; খারাপ রিভিউতে ভদ্রভাবে উত্তর দিলে নতুন ক্রেতার আস্থা বাড়ে।

রিভিউর নিয়ম

পাতার উপরের রিভিউর নিয়ম কার্ডে:

নিয়ম শুরুতে কী করে
রিভিউ চালু ১ চালু বন্ধ করলে পণ্যের পাতায় রিভিউ আর তারা দেখায় না, নতুন রিভিউও নেওয়া হয় না। আগের রিভিউ থেকে যায়।
নতুন রিভিউ সাথে সাথে প্রকাশ ২ চালু চালু: ক্রেতার রিভিউ সাথে সাথে স্টোরে দেখায়, দরকার হলে পরে লুকান। বন্ধ: প্রতিটা রিভিউ অপেক্ষায় থাকে, আপনি দেখে প্রকাশ করেন।
ডেলিভারির পর রিভিউ চেয়ে SMS ৩ বন্ধ নিচে দেখুন।

শেষে সংরক্ষণ করুন চাপুন। নিয়ম বদলাতে সেটিংস বদলানোর অনুমতি লাগে।

রিভিউর নিয়ম কার্ড: রিভিউ চালু, সাথে সাথে প্রকাশ আর রিভিউ চেয়ে SMS

ডেলিভারির পর রিভিউ চেয়ে SMS

চালু করলে অর্ডার “পৌঁছে গেছে” হওয়ার কয়েক দিন পর ক্রেতা একটা SMS পান, রিভিউর পাতার লিংকসহ। লেখা, যেমন:

আপনার স্টোর: অর্ডার #1024 কেমন লাগল? রিভিউ দিন: https://…/t/…

  • ডেলিভারির কত দিন পর: ১ থেকে ৩০ দিন, শুরুতে ৩।
  • প্রতি অর্ডারে একবারই যায়। যে অর্ডারের সব পণ্যের রিভিউ আগেই দেওয়া, তাতে যায় না।
  • রাতে কখনো যায় না: রাত ১০টা থেকে সকাল ৯টা (বাংলাদেশ সময়) কোনোটা যায় না; এই সময়ে যেটার দিন হয়, সেটা সকাল ৯টার পরে যায়।
  • চালু করার আগে পৌঁছানো পুরনো অর্ডারে যায় না: যায় শুধু সেই অর্ডারে, যার পৌঁছানোর পর বাছা দিন পেরিয়েছে, তবে তার চেয়ে ২ দিনের বেশি নয়।
  • প্রতিটা SMS-এ আপনার SMS ক্রেডিট খরচ হয়, অন্য SMS-এর মতোই; স্টোরের দিনের SMS সীমাও মানে।
  • ব্লক করা নম্বরে যায় না, আর যে নম্বর আপনার স্টোরের SMS বন্ধ করতে বলেছে (“বন্ধ” লিখে উত্তর বা রিকভারি SMS-এর লিংক থেকে), তাতেও না।
  • লেখা বদলাতে: SMS পাতার মেসেজের লেখা ট্যাবে রিভিউ চাওয়া (চালু/বন্ধ: পণ্য → রিভিউ) কার্ড (নিয়ম অন্য SMS-এর মতোই)। চালু-বন্ধ শুধু এখানে, রিভিউর নিয়মে।

স্টোরে কীভাবে দেখায়

  • পণ্যের পাতায় নামের নিচে গড় তারা আর কয়টা রিভিউ, যেমন “★★★★☆ ৪.৫ (১২)”; চাপলে নিচের রিভিউ অংশে যায়।
  • বিবরণের নিচে রিভিউ অংশ: গড় তারা, কোন তারায় কয়টা ১, আর নতুন ৫টা রিভিউ ২, প্রতিটায় যাচাই করা ক্রেতা, কী কিনেছিলেন আর আপনার উত্তর। বেশি থাকলে সব রিভিউ দেখুন চাপলে সব, পাতায় ১০টা করে।
  • পণ্যের কার্ডে (হোম, ক্যাটাগরি, খোঁজ) নামের নিচে ছোট তারা আর সংখ্যা।
  • শুধু প্রকাশিত রিভিউ দেখায় আর হিসাবে আসে। যে পণ্যে প্রকাশিত রিভিউ নেই, তাতে তারা বা রিভিউ অংশ আসে না।
  • Google-এর জন্য পণ্যের পাতার তথ্যে (structured data) গড় তারা, রিভিউর সংখ্যা আর নতুন কয়েকটা রিভিউ যায়, ঠিক যা পাতায় দেখায়। এতে Google-এর খোঁজে পণ্যের পাশে তারা দেখাতে পারে; দেখাবে কিনা তা Google ঠিক করে।
স্টোরের পণ্যের পাতায় রিভিউ: গড় তারা, তারার হিসাব আর রিভিউ, দোকানের উত্তরসহ

ক্রেতা রিভিউ মুছতে বললে

ক্রেতা নিজের রিভিউ মুছে দিতে বললে রিভিউটা খুঁজে মুছুন চাপুন, তারপর নিশ্চিত করুন। রিভিউ চিরতরে যায় আর তারার হিসাব থেকেও বাদ পড়ে। ক্রেতা তাঁর সব তথ্য মুছতে চাইলে আমাদের সাপোর্টে জানান; তখন তাঁর রিভিউও মোছা হয়।

অনুমতি

  • পাতা দেখতে পণ্য দেখা-র অনুমতি লাগে।
  • প্রকাশ, লুকানো, উত্তর আর মোছার জন্য পণ্য, ক্যাটাগরি আর স্টক বদলানো-র অনুমতি।
  • রিভিউর নিয়ম বদলাতে সেটিংস বদলানোর অনুমতি।