আমার স্টোর
ড্যাশবোর্ডের "আমার স্টোর" পাতায় আপনার সব স্টোর এক জায়গায়, প্রতিটায় আপনার রোল, ড্যাশবোর্ডে ঢোকার আর স্টোর দেখার বোতাম, সাথে আরেকটা স্টোর খোলা, কয়টা স্টোর রাখা যায়, আর প্ল্যানের চেয়ে বেশি স্টোর হলে কোনগুলো অর্ডার নেয়।
এই পাতায়
আমার স্টোর পাতায় আপনি যত স্টোরের মালিক বা স্টাফ, সবগুলো একটা করে কার্ডে থাকে। উপরে বাঁয়ের স্টোর বদলের মেনুতে সব স্টোর চাপলে, বা অ্যাকাউন্টের পাতাগুলোর মেনু থেকে এখানে আসা যায়। একাধিক স্টোর থাকলে আর এই ব্রাউজারে আগে কোনোটা না খুলে থাকলে লগইনের পরও এই পাতাই আসে।
অ্যাকাউন্টের পাতা
স্টোরের বাইরে বাঁ পাশের মেনুতে (ফোনে নিচের বারে) অ্যাকাউন্টের নিজের পাতাগুলো:
- আমার স্টোর: আপনার স্টোরগুলো।
- ওয়ালেট: ব্যালেন্স, টপ-আপ আর আপনার সব স্টোরের ইনভয়েস (বিলিং ও ওয়ালেট)।
- রেফারেল: অন্যকে রেফার করে পুরস্কার (রেফারেল প্রোগ্রাম)।
- সাপোর্ট: আমাদের কাছে টিকেট (সাপোর্ট টিকেট)।
- পার্টনার: আপনার পার্টনার লিংক, কমিশন আর পেআউট; শুধু আমাদের পার্টনার হলে (পার্টনার প্রোগ্রাম)।
ওয়ালেট, রেফারেল আর সাপোর্ট অ্যাকাউন্টের মালিকের; যিনি শুধু অন্যের স্টোরে কাজ করেন তিনি শুধু আমার স্টোর দেখেন (পার্টনার হলে পার্টনার-ও)। মেনুর নিচে আপনার নাম চাপলে প্রোফাইল খোলে (আমার প্রোফাইল)।
স্টোরের কার্ড

প্রতিটা কার্ডে থাকে:
- স্টোরের নাম আর ঠিকানা। ঠিকানায় চাপলে স্টোর নতুন ট্যাবে খোলে।
- ডান কোণে আপনার রোল ১: মালিক, অ্যাডমিন, ম্যানেজার, অর্ডার স্টাফ বা কাস্টম (মালিকের বানানো রোল)। রোল অনুযায়ী ড্যাশবোর্ডে কী দেখবেন তা বদলায় (স্টাফ ও রোল)।
আগে আপনার নিজের স্টোর, তারপর যেসব স্টোরে আপনি স্টাফ।
স্টোরের ড্যাশবোর্ডে
- যে স্টোরে কাজ করবেন তার কার্ডে স্টোর ড্যাশবোর্ড ২ চাপুন।
- স্টোরটা এখানেই খোলে, নতুন করে লগইন লাগে না: আপনার সব স্টোরের জন্য আপনি আগেই লগইন করা।
স্টোরের পাতাগুলো থাকে স্টোরের নিজের পথে, যেমন dashboard.{root}/s/rahim-fashion/। স্টোরের ভেতর থেকে উপরে বাঁয়ের স্টোর বদলের মেনু দিয়ে আরেকটা স্টোরে যান (একাধিক স্টোর)। ড্যাশবোর্ডে কী কী আছে দেখুন ড্যাশবোর্ড পরিচিতি-তে।
স্টোর দেখুন
স্টোর দেখুন ৩ চাপলে ক্রেতারা যেভাবে দেখেন, আপনার স্টোর সেভাবে নতুন ট্যাবে খোলে।
একাধিক স্টোর আর স্টোরের সীমা
এক অ্যাকাউন্টে একাধিক স্টোর রাখা যায়, প্রতিটার পণ্য, অর্ডার, স্টাফ আর প্ল্যান আলাদা। নতুন স্টোর খুলতে উপরের নতুন স্টোর ৪ চাপুন (নতুন স্টোর খোলা)।
কয়টা স্টোর খুলতে পারবেন তা প্ল্যানের “স্টোর” সীমা দিয়ে ঠিক হয়:
- প্রথম স্টোরটা সবাই খুলতে পারেন (ফ্রি প্ল্যানের সীমা)।
- এরপর আপনার স্টোরগুলোর প্ল্যানের মধ্যে যেটার স্টোর-সীমা সবচেয়ে বেশি, সেটাই আপনার সীমা।
- সীমা শেষ হলে নতুন স্টোর খুলতে গেলে “আপনার প্ল্যানের সীমা (…) শেষ। আপগ্রেড করুন।” দেখায়। তখন কোনো স্টোরের প্ল্যান বাড়ান (প্ল্যান ও দাম)।
জেনে রাখুন
কোনো স্টোরে শুধু স্টাফ হিসেবে যোগ দিয়েছেন? আপনিও নিজের স্টোর খুলতে পারেন। সেই প্রথম স্টোরে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি হয় (স্টাফের নিজের প্রথম স্টোর)। তার আগে ইমেইল যাচাই করা থাকতে হবে (ইমেইল যাচাই)।
প্ল্যানের চেয়ে বেশি স্টোর হলে
ট্রায়াল শেষ হলে, কোনো স্টোরের প্ল্যানের মেয়াদ ফুরালে বা ছোট প্ল্যানে নামলে আপনার চালু স্টোর প্ল্যানের “স্টোর” সীমার চেয়ে বেশি হয়ে যেতে পারে। তখন বাড়তি স্টোরগুলো নতুন অর্ডার নেওয়া বন্ধ করে। কিছুই মোছে না।
কোন স্টোর অর্ডার নিতে থাকে:
- নিজের প্ল্যান থাকা স্টোর সবসময় অর্ডার নেয়: টাকা দিয়ে কেনা প্ল্যান, আমাদের দেওয়া প্ল্যান, পেমেন্ট বাকির সময়ের মধ্যে থাকা প্ল্যান, বা চলতি ট্রায়াল। এমন প্রতিটা স্টোর সীমার একটা জায়গা নেয়।
- বাকি জায়গা ফ্রি প্ল্যানের স্টোরগুলোর, এই ক্রমে: আপনি যেগুলো বেছে দিয়েছেন; তারপর যেগুলো এখন অর্ডার নিচ্ছে; তারপর গত ৩০ দিনে যেগুলোতে বেশি অর্ডার কনফার্ম হয়েছে; শেষে যেটা আগে খোলা।
- চালু স্টোর একটাই থাকলে সেটা কখনো বন্ধ হয় না।
বন্ধ থাকা স্টোরে:
- ক্রেতা স্টোর ঘুরে দেখতে পারেন, কিন্তু কার্ট আর চেকআউটে লেখা আসে “এই স্টোর এখন নতুন অর্ডার নিচ্ছে না। পরে আবার চেষ্টা করুন।”; অর্ডার ফর্ম খোলে না। ল্যান্ডিং পেজের অর্ডার বোতামও বন্ধ থাকে।
- হাতে নতুন অর্ডার বানানো যায় না, আর ইনকমপ্লিট অর্ডারের রিকভারি SMS অপেক্ষায় থাকে।
- ড্যাশবোর্ড, আগের অর্ডার, পণ্য আর সব তথ্য আগের মতোই থাকে।
- এই পাতায় স্টোরের কার্ডে অর্ডার নিচ্ছে না লেখা আসে। স্টোরের ড্যাশবোর্ডের প্রতিটা পাতার উপরে লাল বার্তা থাকে, সাথে এই স্টোরের জন্য প্ল্যান নিন আর কোন স্টোর অর্ডার নেবে, বেছে নিন।
কোন স্টোর অর্ডার নেবে, বেছে নেওয়া
ফ্রি প্ল্যানের স্টোর জায়গার চেয়ে বেশি হলে এই পাতায় কোন স্টোর অর্ডার নেবে কার্ড আসে। কার্ডটা শুধু অ্যাকাউন্টের মালিক দেখেন।
- যে স্টোরগুলো অর্ডার নেবে সেগুলোতে টিক দিন। যতগুলো জায়গা, তার বেশি টিক দেওয়া যায় না।
- সেভ করুন চাপুন।
- আপনার বাছাইয়ে যে স্টোর বাদ পড়ে, সেটা সাথে সাথে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে।
- বন্ধ থাকা স্টোর আবার চালু করা যায় মাসে একবার (ঢাকার ক্যালেন্ডার মাস)। সেটা হয়ে গেলে কার্ডে লেখা থাকে কোন তারিখ থেকে আবার পারবেন। এখনই চালু করতে হলে সেই স্টোরের জন্য একটা প্ল্যান নিন।
- যে বদলে কোনো বন্ধ স্টোর খোলে না, তা যতবার খুশি করা যায়।
- কিছু না বাছলে উপরের ক্রমে নিজে থেকে ঠিক হয়।
বন্ধ হওয়ার আগে জানানো
- প্ল্যানের কারণে (ট্রায়াল শেষ, প্ল্যানের মেয়াদ শেষ বা ছোট প্ল্যান) কোনো স্টোর বন্ধ হওয়ার পালা এলে সেটা আরও ২৪ ঘণ্টা আগের মতো অর্ডার নেয়।
- সেই সময়ের শুরুতে স্টোরের মালিক ইমেইল পান, কখন থেকে বন্ধ হবে তা লেখা থাকে। আর ঠিক বন্ধ হওয়ার মুহূর্তে আরেকটা ইমেইল যায়। এর মধ্যে স্টোরের জন্য প্ল্যান নিলে বা বাছাই বদলালে দ্বিতীয় ইমেইলটা যায় না।
- এই সময়ে স্টোরের ড্যাশবোর্ডে হলুদ বার্তা থাকে কোন তারিখ থেকে বন্ধ হবে, আর এই পাতায় কার্ডে লেখা থাকে “… থেকে বন্ধ”।
- ট্রায়াল শেষের আগে: শেষ হওয়ার ৩ দিন আর ১ দিন আগে ইমেইল যায়। ট্রায়াল শেষে কোনো স্টোর অর্ডার নেওয়া বন্ধ করলে ইমেইলে তার নামও থাকে, আর সেই স্টোরের ড্যাশবোর্ডে ৩ দিন আগে থেকে হলুদ বার্তা দেখায়। এর জন্য SMS যায় না।
স্টোর স্থগিত হলে
প্ল্যাটফর্ম কোনো স্টোর স্থগিত করলে কার্ডে রোলের জায়গায় লাল স্থগিত চিহ্ন আসে। তখন স্টোরফ্রন্ট, অর্ডার আর ড্যাশবোর্ড বন্ধ থাকে। স্টোরটা খুললে স্টোরটি স্থগিত করা হয়েছে পাতা আসে, সাথে কবে থেকে আর কারণ, আর মালিক সেখানে সাপোর্টে লিখুন পান (স্টোর বা অ্যাকাউন্ট স্থগিত হলে)।
