মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

সাপোর্ট বাটন আর ওয়েবসাইটের চ্যাট

স্টোরের কোণে ভাসমান একটা বাটন, এক চাপে কাস্টমার WhatsApp, ফোন বা Messenger-এ আপনার সাথে কথা বলেন; সাথে ওয়েবসাইটে স্টোরের নিজের লাইভ চ্যাট।

এই পাতায়

সাপোর্ট বাটন হলো আপনার স্টোরের কোণে ভাসমান একটা গোল বাটন। কাস্টমার চাপলেই WhatsApp, ফোন কল বা Messenger-এ আপনার সাথে যোগাযোগ করতে পারেন, পণ্য নিয়ে প্রশ্ন থাকলে অর্ডারের আগেই জেনে নেন।

জেনে রাখুন

এই বাটন আপনার কাস্টমারদের জন্য। CZ Commerce-এর কাছে নিজে সাহায্য চাইতে সাপোর্ট টিকেট দেখুন।

বাটন চালু করা

  1. সেটিংস › সাপোর্ট বাটন খুলুন।
  2. বাটন দেখান ১ টিক দিন।
  3. অন্তত একটা চ্যানেল দিন: WhatsApp নম্বর ২, কল করার নম্বর বা Facebook পেজ।
  4. সংরক্ষণ করুন ৩ চাপুন।

ডানের প্রিভিউ-তে বাটন দেখতে কেমন হবে তা দেখা যায়। বাটন চালু করে কোনো চ্যানেল না দিলে সতর্কবার্তা আসে: “অন্তত একটা চ্যানেল দিন (WhatsApp, ফোন বা Messenger)।” চ্যানেল ছাড়া স্টোরে বাটন দেখায় না।

সাপোর্ট বাটনের পাতা: চালু করার টিক, চ্যানেল আর প্রিভিউ

চ্যানেলগুলো

  • WhatsApp নম্বর: বাংলাদেশি মোবাইল নম্বর, যেমন 01XXXXXXXXX। অন্য ধরনের নম্বর দিলে সংরক্ষণ হয় না।
  • WhatsApp-এ আগে থেকে লেখা মেসেজ: কাস্টমার WhatsApp খুললে লেখার ঘরে এই কথাটা আগে থেকেই থাকে, যেমন “হ্যালো, একটা পণ্য নিয়ে জানতে চাই”। ৩০০ অক্ষর পর্যন্ত।
  • কল করার নম্বর: চাপলে কাস্টমারের ফোন থেকে সরাসরি কল যায়।
  • Facebook পেজ: পেজের username বা m.me লিংক। চাপলে Messenger-এ আপনার পেজের চ্যাট খোলে।

একটাই চ্যানেল দিলে বাটন চাপলে সরাসরি সেটা খোলে। একাধিক দিলে ছোট একটা মেনু খোলে, কাস্টমার পছন্দেরটা বাছেন।

কোথায় আর কেমন দেখাবে

  • কোথায়: নিচে ডানে বা নিচে বাঁয়ে।
  • রঙ: খালি রাখলে থিমের মূল রঙ।
  • ল্যান্ডিং পেজেও দেখান: শুরুতে চালু থাকে। বন্ধ করলে বাটন শুধু স্টোরের পাতায় দেখায়।

ওয়েবসাইটে লাইভ চ্যাট

আপনার স্টোরের ওয়েবসাইটের জন্য নিজের লাইভ চ্যাট আছে। কাস্টমার স্টোরের যেকোনো পাতা বা ল্যান্ডিং পেজ থেকে লেখেন, মেসেজ আসে আপনার ইনবক্সে, সেখান থেকেই উত্তর দেন। বাইরের চ্যাট উইজেট (Tawk.to, Crisp, Tidio) সরিয়ে দেওয়া হয়েছে, আর বসানো যায় না।

জেনে রাখুন

ওয়েব চ্যাট ইনবক্সের অংশ, যেটা এখন CZ Commerce স্টোর ধরে ধরে চালু করে। চালু না থাকলে পাতায় লেখা থাকে “ওয়েব চ্যাট আপনার প্ল্যানে নেই। চালু করতে আমাদের সাপোর্টে লিখুন।” এই সেটিং বদলাতে পারেন শুধু মালিক আর অ্যাডমিন।

চ্যাট চালু করা

  1. সেটিংস › ওয়েব চ্যাট খুলুন।
  2. ওয়েবসাইটে চ্যাট দেখান টিক দিন।
  3. চাইলে স্বাগত বার্তা লিখুন (৩০০ অক্ষর পর্যন্ত): চ্যাট খুললে কাস্টমার প্রথমে এটাই দেখেন। খালি রাখলে দেখেন “স্বাগতম! কোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।”
  4. চ্যাটের আগের প্রশ্ন অংশে নাম, মোবাইল নম্বর আর ইমেইল, প্রতিটায় বাছুন চাইবেন না, চাইবেন, না দিলেও চলবে বা দিতেই হবে। শুরুতে কিছুই চাওয়া হয় না, কাস্টমার সরাসরি লিখতে পারেন। মোবাইল নম্বর যাচাই করা হয় না।
  5. চেকআউট পাতায় চ্যাট শুরুতে বন্ধ থাকে, যাতে অর্ডার দেওয়ার সময় কাস্টমারের মন না সরে। সেখানেও দেখাতে চেকআউট পাতাতেও দেখান টিক দিন।
  6. সংরক্ষণ করুন চাপুন।

কাস্টমার কোথায় দেখেন

  • সাপোর্ট বাটন চালু থাকলে তার মেনুতে “চ্যাট করুন” আসে। বাটন বন্ধ থাকলে (বা যে ল্যান্ডিং পেজে বাটন দেখায় না সেখানে) চ্যাটের নিজের গোল বাটন দেখায়। না-পড়া উত্তর থাকলে তার উপর সংখ্যা দেখায়।
  • পাতা খোলার কয়েক সেকেন্ড পরে, বা কাস্টমার কিছু করলেই চ্যাট লোড হয়, তাই পাতা ধীর হয় না। স্টোর আর ল্যান্ডিং পেজের প্রিভিউতে চ্যাট দেখায় না।
  • একই ব্রাউজারে কাস্টমার যেকোনো পাতায় গেলেও একই চ্যাট চলে, পরে আবার এলেও থাকে (শেষ মেসেজের পর ৩০ দিন)। স্টোরে লগইন করা কাস্টমারের চ্যাট তাঁর কাস্টমার রেকর্ডের সাথে জোড়া লাগে।

চ্যাটের ভেতরে

  • লেখা চলছে কি না দুই দিকেই দেখা যায়: আপনি বা AI লেখার সময় কাস্টমার দেখেন “লিখছে…”, আর কাস্টমার লিখলে আপনি ইনবক্সে দেখেন (চ্যাট)। কাস্টমারের মেসেজে প্রথমে ✓ (“পাঠানো হয়েছে”), দোকানের কেউ চ্যাট খুললে বা AI পড়লে ✓✓ (“দেখা হয়েছে”)।
  • AI বিক্রেতা লাইভ মোডে উত্তর দিলে মেসেজ লেখার ঘরের নিচে ছোট করে লেখা থাকে “উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হতে পারে।”
  • ঘরের নিচে লেখা থাকে “আপনার মেসেজ এই দোকান দেখে, আর ১ বছর রাখা হয়।”, পাশে “গোপনীয়তা” লিংক আপনার গোপনীয়তা নীতির পাতায় নিয়ে যায়: privacy বা privacy-policy লিংকের প্রকাশিত স্টোরের পাতা, না থাকলে প্ল্যাটফর্মের পাতা।
  • চ্যাট অর্ডার নেয় না। AI-এর উত্তরে পণ্যের কার্ড আসতে পারে, তাতে একটাই বোতাম “এটা দেখুন”: পণ্যের পাতা খোলে আর সেখানে চ্যাট নিজে আবার খোলে। কাস্টমার ওয়েবসাইটের চেকআউটে অর্ডার করেন (CAPTCHA, SMS কোড, ফ্রড শিল্ড আগের মতোই); কার্ড থেকে আসা অর্ডার কোথা থেকে অর্ডার-এ web_chat হিসেবে দেখায়।
  • একজন কাস্টমার মিনিটে ১০টার বেশি মেসেজ পাঠাতে পারেন না, প্রতিটা ১,০০০ অক্ষর পর্যন্ত; কাস্টমার এখনো ছবি পাঠাতে পারেন না। মেসেজ ১ বছর রাখা হয়।

আরও দেখুন: ইনবক্স, স্টোরের ডিজাইন, চেকআউট ফর্ম।