মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

অর্ডার নম্বর

অর্ডার নম্বর নিজের মতো করুন, যেমন RF-01025: প্রিফিক্স, পরের নম্বর আর কমপক্ষে কত অঙ্ক। পুরোনো অর্ডারের নম্বর বদলায় না; খোঁজা, SMS, ইনভয়েস, ট্র্যাকিং আর কুরিয়ারে একই নম্বর।

এই পাতায়

শুরুতে অর্ডারের নম্বর শুধু সংখ্যা: #1001, #1002 …। চাইলে সামনে নিজের অক্ষর বসাতে পারেন, যেমন RF-01025, যাতে ফোনে, SMS-এ আর পার্সেলের লেবেলে নম্বর দেখেই আপনার স্টোর চেনা যায়। এটা সব প্ল্যানে আছে; বদলাতে সেটিংসের অনুমতি লাগে।

নম্বরের নিয়ম ঠিক করা

  1. সেটিংস › অর্ডার খুলুন। উপরের কার্ড অর্ডার নম্বর।
  2. প্রিফিক্স ১ ঘরে নম্বরের আগের অংশ লিখুন, যেমন RF-।
  3. দরকার হলে পরের নম্বর ২ বদলান।
  4. কমপক্ষে কত অঙ্ক ৩ বাছুন।
  5. নিচে পরের অর্ডারের নম্বর ৪ দেখে নিন, তারপর সংরক্ষণ করুন চাপুন।
অর্ডার নম্বর কার্ড: প্রিফিক্স, পরের নম্বর, কমপক্ষে কত অঙ্ক আর পরের অর্ডারের নম্বর

পরের যে অর্ডার আসবে, সেটা থেকেই নতুন নম্বর। একই পাতার নিচে নিজের অর্ডার স্ট্যাটাস।

প্রিফিক্স

  • ০ থেকে ৮ অক্ষর: ইংরেজি অক্ষর (A–Z), সংখ্যা (0–9) আর হাইফেন (-)। ছোট হাতের অক্ষর লিখলে নিজে থেকে বড় হাতের হয়ে যায়, ফাঁকা জায়গা বাদ যায়।
  • খালি রাখলে নম্বর আগের মতো #1024। প্রিফিক্স থাকলে সামনে # বসে না: RF-01025।
  • শেষে সংখ্যা রাখা যায় না। কারণ: প্রিফিক্স A1 আর নম্বর 025 মিলে হয় A1025, আবার প্রিফিক্স A আর নম্বর 1025-ও A1025; দুটো অর্ডার একই রকম পড়া যেত, খুঁজলে ভুল অর্ডার আসতে পারত। শেষে সংখ্যা চাইলে তার পরে হাইফেন দিন, যেমন RF1-।

পরের নম্বর

  • পরের অর্ডার যে নম্বর পাবে। ঘরের নিচে লেখা থাকে এখন কত।
  • শুধু সামনে নেওয়া যায়, কখনো পেছনে নয়, যাতে দুটো অর্ডারের একই নম্বর না হয়। যেমন নতুন বছরে ৫০০০ থেকে শুরু করতে চাইলে ৫০০০ দিন।
  • প্রিফিক্স দিলে নম্বর ১ থেকে নতুন করে শুরু হয় না: ক্রমিক সংখ্যা একটাই চলে। যেমন শেষ অর্ডার #1012 হলে RF- দেওয়ার পরের অর্ডার RF-01013 (৫ অঙ্কে)।
  • পাতা খোলা থাকার সময় নতুন অর্ডার এলে নম্বর এমনিতেই এগিয়ে যায়; ঘরটা না বদলালে সংরক্ষণে সেটা পিছিয়ে যায় না।

কমপক্ষে কত অঙ্ক

  • ১ থেকে ৮। নম্বর এর চেয়ে ছোট হলে সামনে শূন্য বসে: ৫ অঙ্কে 1025 হয় 01025। নম্বর এর চেয়ে বড় হলে শুধু লম্বা হয়, কাটা যায় না।
  • প্রিফিক্স ছাড়াও কাজ করে: ৫ অঙ্কে নম্বর হয় #01025।

নমুনা

পরের অর্ডারের নম্বর-এ দেখায় এখনকার ঘরগুলো দিয়ে পরের অর্ডার কোন নম্বর পাবে। প্রিফিক্সে ভুল থাকলে ঘরের নিচে কারণ লেখা আসে, নমুনা প্রিফিক্স ছাড়া দেখায়, আর ঠিক না করা পর্যন্ত সংরক্ষণ হয় না।

পুরোনো অর্ডারের নম্বর বদলায় না

প্রতিটা অর্ডার তৈরির সময় নিজের নম্বর লিখে রাখে। পরে প্রিফিক্স বা অঙ্ক বদলালে শুধু নতুন অর্ডার নতুন নিয়মে নম্বর পায়; আগের অর্ডার, তাদের ইনভয়েস আর ক্রেতাকে আগে পাঠানো SMS-এর নম্বর যেমন ছিল তেমনই থাকে। তাই তালিকায় নতুনটা RF-01013, তার নিচে পুরোনোটা #1012, দুটো পাশাপাশি থাকতে পারে।

নম্বর যেখানে দেখায়

সব জায়গায় একই নম্বর, যেমন অর্ডার তৈরির সময় লেখা হয়েছিল:

  • ড্যাশবোর্ড: অর্ডারের তালিকা, অর্ডারের পাতা, টাইমলাইন, ডুপ্লিকেট আর ফ্রডের বার্তা, ইনকমপ্লিট থেকে বানানো অর্ডার।
  • ক্রেতার কাছে: স্টোরের ধন্যবাদ পাতা, ল্যান্ডিং পেজের নিশ্চিতকরণ, ট্র্যাকিং পাতা, ক্রেতার অ্যাকাউন্ট, SMS-এর {order_number} আর অর্ডারের ইমেইল।
  • কাগজে: ইনভয়েস আর প্যাকিং স্লিপ, তাদের বারকোডসহ (প্রিন্ট)।
  • ফাইলে: Excel-এ নামানো অর্ডারের number কলাম।
  • বাইরে: কুরিয়ারের রেফারেন্স (নিচে), আর Facebook Pixel ও Conversions API-তে যেখানে অর্ডার নম্বর যায়।

প্রিফিক্সওয়ালা নম্বর সবসময় ইংরেজি অঙ্কে লেখা থাকে, কারণ ক্রেতা এটাই পড়ে শোনান আর টাইপ করেন।

অর্ডার তালিকার খোঁজার ঘরে নম্বর যেভাবেই লিখুন, অর্ডার আসে: RF-01025, rf-1025, RF01025, 1025, #1025 বা বাংলা অঙ্কে ১০২৫।

  • শুধু সংখ্যা লিখলে প্রিফিক্স না মিলিয়েই সেই নম্বরের অর্ডার আসে।
  • প্রিফিক্সসহ লিখলে সেটা মিলতে হয়; ছোট-বড় হাত আর হাইফেন ধরা হয় না।
  • ক্রেতাও স্টোরের ট্র্যাকিং পাতায় প্রিফিক্সসহ বা ছাড়া, # দিয়ে বা না দিয়ে নম্বর লিখতে পারেন।

কুরিয়ারের রেফারেন্স

কুরিয়ারে বুক করার সময় প্রতিটা পার্সেলের সাথে আমাদের একটা রেফারেন্স যায় (Steadfast-এ invoice, অন্যদের merchant order id)। কুরিয়ারের প্যানেলে পার্সেল খুঁজতে এটা কাজে লাগে।

  • প্রিফিক্সওয়ালা অর্ডারে রেফারেন্স অর্ডার নম্বরটাই: RF-01025।
  • প্রিফিক্স ছাড়া নম্বরে আগের মতো স্টোরের ঠিকানার নাম আর নম্বর, যেমন RAHIM-FASHION-1024। তাই একই কুরিয়ার অ্যাকাউন্টে কয়েকটা স্টোর চালালেও নম্বর গুলিয়ে যায় না।
  • একই কুরিয়ারে আবার বুক করলে শেষে -R1, -R2 যোগ হয় (আবার বুক করা)।
  • রেফারেন্স কুরিয়ারের অক্ষরের সীমার চেয়ে লম্বা হলে (যেমন Carrybee-তে ৪৯) সামনের দিক ছেঁটে নম্বরটা রাখা হয়।

আরও পড়ুন: নিজের অর্ডার স্ট্যাটাস, খোঁজা আর ফিল্টার, প্রিন্ট।