মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

কম্বো (কয়েকটা পণ্য একসাথে)

কয়েকটা পণ্য একসাথে এক দামে বিক্রি করুন, যেমন শাড়ি + ব্লাউজ সেট। কম্বোর স্টক আসে অংশগুলো থেকে, আর অর্ডারে প্রতিটা অংশ আলাদা লাইন হয়।

এই পাতায়

কম্বো হলো কয়েকটা পণ্য মিলিয়ে একটা পণ্য, নিজের এক দামে। যেমন “শাড়ি + ব্লাউজ সেট” ৳১,১০০, যেখানে শাড়ি আলাদা ৳১,০০০ আর ব্লাউজ ৳৩০০। কাস্টমার স্টোরে কম্বোটা একটা পণ্য হিসেবে দেখেন ও কেনেন; স্টক কাটে শাড়ি আর ব্লাউজ থেকে।

কম্বো বানানো

  1. পণ্য › নতুন পণ্য খুলুন। নাম, ছবি, বিবরণ, ক্যাটাগরি অন্য পণ্যের মতোই দিন।
  2. ধরন-এ কম্বো বাছুন।
  3. কম্বোতে যা আছে কার্ডে অংশ যোগ করুন চাপুন, পণ্যের নাম, SKU বা বারকোড লিখে খুঁজুন (অন্তত ২টা অক্ষর), তারপর ভ্যারিয়েন্ট (যেমন “ব্লাউজ · M”) বাছুন। প্রতিটা অংশের পাশে পরিমাণ দিন (একটা সেটে কয়টা)।
  4. অংশগুলোর নিচের লাইনে কম্বোর দাম ঘরে কম্বোর দাম দিন। লাইনটা পড়ায় “অংশের দাম মিলে ৳১,৩০০ · কম্বোর দাম ১,১০০ · সাশ্রয় ৳২০০”।
  5. নিচের বারে খসড়া হিসেবে রাখুন বা সংরক্ষণ করে প্রকাশ করুন চাপুন (আগে সংরক্ষণ করা কম্বোতে সংরক্ষণ করুন)।

কম্বোর আলাদা শুরুর স্টক, ক্রয়মূল্য বা ওজন দিতে হয় না: স্টক আসে অংশ থেকে, লাভের হিসাবে অংশের ক্রয়মূল্য ধরা হয়, আর ওজন হয় অংশগুলোর ওজনের যোগফল।

কম্বোতে যা আছে

  • একটা কম্বোতে ২ থেকে ২০টা অংশ। প্রতিটা অংশ অন্য কোনো পণ্যের একটা ভ্যারিয়েন্ট, পরিমাণ ১ থেকে ১০০।
  • একই ভ্যারিয়েন্ট দুবার রাখা যায় না: দরকার হলে পরিমাণ বাড়ান (যেমন ব্লাউজ ×২)।
  • কম্বোর ভেতরে আরেকটা কম্বো রাখা যায় না।
  • আর্কাইভ করা পণ্য বা ভ্যারিয়েন্ট অংশ হতে পারে না। কোনো অংশ পরে আর্কাইভ হলে কম্বোটা আর বিক্রি হয় না, যতক্ষণ না অংশটা বদলান।
  • খসড়া পণ্যও অংশ হতে পারে: তখন সেটা আলাদা বিক্রি হয় না, শুধু কম্বোর ভেতরে।

সাইজসহ সেট

সেটে সাইজ থাকলে (যেমন “সেট · M” আর “সেট · L”) এই পণ্যের সাইজ, রং বা অন্য ভ্যারিয়েন্ট আছে সুইচ চালু করে অ্যাট্রিবিউট দিন, অন্য পণ্যের মতোই। তারপর ভ্যারিয়েন্ট টেবিলের প্রতিটা সারির অংশ কলামের বোতাম (বা ⋯ › অংশ) চেপে সেই সাইজের অংশগুলো দিন, যেমন “সেট · M”-এ “ব্লাউজ · M”। সেই শিটেই সেই সারির কম্বোর দাম। প্রতিটা চালু ভ্যারিয়েন্টের নিজের অংশ থাকতে হয়।

কোনো সারিতে এখনো অংশ না থাকলে শিটে আগের সারির অংশ কপি করুন আসে: উপরের সারির অংশগুলো বসে যায়, তারপর শুধু সাইজ বদলে নিন। শেষে হয়ে গেছে চাপুন।

কম্বোর স্টক

কম্বোর নিজের কোনো স্টক নেই। অংশগুলোর বিক্রিযোগ্য স্টক দিয়ে যতগুলো পুরো সেট হয়, ততগুলো বিক্রি করা যায়। যেমন শাড়ি ৯টা, ব্লাউজ ৯টা, আর প্রতি সেটে ব্লাউজ ২টা: বিক্রিযোগ্য ৪ (ব্লাউজ ৪টা সেটের জন্য যথেষ্ট)। এডিটরে লেখা থাকে কোন অংশের জন্য সংখ্যাটা এত।

  • যে অংশের স্টকের হিসাব রাখা হয় না, সেটা গোনা হয় না। কোনো অংশেরই হিসাব না থাকলে কম্বো কখনো শেষ হয় না।
  • কোনো অংশ শেষ হলে স্টোরে কম্বোটা “স্টক শেষ” দেখায়। যতগুলো সেট হয় তা স্টোরের সতর্কসীমায় (স্টকের সেটিং) বা তার নিচে নামলে “মাত্র ৩টা বাকি” দেখায়।
  • স্টক পাতা, স্টক কমের সতর্কতা আর রিপোর্ট অংশগুলো দেখায়, কম্বো নয়। কম্বোর স্টক হাতে যোগ, সমন্বয়, গণনা বা স্থানান্তর করা যায় না; সেটা অংশগুলোতে করুন।

অর্ডারে কম্বো

  • অর্ডারে প্রতিটা অংশ আলাদা লাইন হয়। কম্বোর দাম অংশগুলোর নিজের দামের অনুপাতে ভাগ হয়, তাই লাইনগুলো মিলে ঠিক কম্বোর দাম। যেমন ৳১,০০০ + ৳৩০০ এর কম্বো ৳১,১০০ হলে শাড়ি ৳৮৪৬.১৫, ব্লাউজ ৳২৫৩.৮৫। পয়সার হিসাবে যা বাকি থাকে তা শেষ অংশে যায়।
  • অর্ডার পাতা, ইনভয়েস, প্রিন্ট আর কাস্টমারের ইমেইলে কম্বো এক সারিতে: “শাড়ি + ব্লাউজ সেট ×১ = ৳১,১০০”, নিচে অংশগুলো।
  • স্টক অংশ ধরে আটকায়, কুরিয়ারে গেলে অংশ ধরে কাটে। কোনো একটা অংশ কম পড়লে পুরো কম্বোর অর্ডার হয় না।
  • হাতে অর্ডার বানাতে খোঁজে কম্বো পাওয়া যায় (“কম্বো” লেখা থাকে)। অর্ডার এডিট করলে কম্বো এক লাইন; সংখ্যা একই রাখলে দাম ও লাইন যেমন ছিল তেমন থাকে, বদলালে একই সেটের দামে আবার ভাগ হয়।
  • ফেরত এলে প্রতিটা অংশ আলাদা: যে অংশ ফিরেছে শুধু সেটা স্টকে তুলুন, বাকিগুলোর কারণ দিন (ফেরত পার্সেল আর স্টক)। এক্সচেঞ্জও অংশ ধরে।
  • কুপন আগের মতোই পুরো অর্ডারে খাটে। ফ্ল্যাশ সেলে কম্বোটা নিজে থাকলে কম্বোর দাম বদলায়; শুধু কোনো অংশ সেলে থাকলে কম্বোর দাম বদলায় না।

জেনে রাখুন

ল্যান্ডিং পেজের নিজের কম্বো অফার আগের মতোই চলে। চাইলে এখানে বানানো কম্বোও ল্যান্ডিং পেজে একটা পণ্য হিসেবে রাখতে পারেন।

যা মনে রাখবেন

  • কোনো অর্ডার বা স্টকের ইতিহাস হওয়ার পর একটা পণ্যকে কম্বো থেকে সাধারণ (বা উল্টো) করা যায় না। দরকার হলে নতুন পণ্য বানান, পুরনোটা আর্কাইভ করুন।
  • কম্বো ইমপোর্ট বা এক্সপোর্ট হয় না: পণ্যের ফাইলে কম্বো বাদ থাকে।
  • কম্বো প্ল্যানের একটা সুবিধা (সব প্ল্যানে চালু)। প্ল্যানে বন্ধ থাকলে নতুন কম্বো বানানো বা বদলানো যায় না।

আরও: পণ্য যোগ করা ও ভ্যারিয়েন্ট · স্টক