# কুরিয়ারের খবর আসছে না

> পার্সেল পিকআপ বা ডেলিভারি হলেও অর্ডারের অবস্থা বদলাচ্ছে না? ওয়েবহুক কার্ডের ব্যাজ, সাম্প্রতিক খবর আর পরীক্ষা দেখে কারণ খুঁজে ঠিক করুন।

উৎস: https://docs.czcommerce.app/troubleshooting/webhook-not-arriving  
সর্বশেষ বদল: 2026-10-25  
ভিডিও: https://www.youtube.com/watch?v=8_laE3EAaqU&t=41s

কুরিয়ার পার্সেল নিয়ে গেছে বা পৌঁছে দিয়েছে, কিন্তু অর্ডার আগের অবস্থাতেই বসে আছে? বেশির ভাগ সময় কারণটা ওয়েবহুকের token বা secret-এ। নিচের ধাপগুলো একটা একটা করে দেখুন।

## আগে ব্যাজটা দেখুন

1. **সেটিংস › কুরিয়ার** খুলুন। **কুরিয়ার** ট্যাবে প্রতিটা কুরিয়ারের ওয়েবহুকের অবস্থা এক লাইনে দেখায়।
2. যে কুরিয়ারের খবর আসছে না, তার পাশে **খুলুন** চাপুন। কার্ডে নিচে **Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট** অংশ আছে। শিরোনামের পাশে একটা ব্যাজ আছে।

| ব্যাজ | মানে | কী করবেন |
| --- | --- | --- |
| **চলছে** | খবর আসছে | কিছু করতে হবে না |
| **সেট হয়নি** | এই কুরিয়ার থেকে এখনো একটাও খবর আসেনি | কুরিয়ারের প্যানেলে ঠিকানা আর token বসানো হয়েছে কিনা দেখুন ([ওয়েবহুক বসানো](https://docs.czcommerce.app/couriers/webhook)) |
| **token মিলছে না** | শেষ খবরটা এসেছিল, কিন্তু token মেলেনি বলে আমরা ফিরিয়ে দিয়েছি | কুরিয়ারের প্যানেলে token আবার কপি করে বসান |
| **চুপচাপ** | আগে খবর আসত, কিন্তু সাত দিনের বেশি কিছু আসেনি | চলতি পার্সেল থাকলে কুরিয়ারের প্যানেলে ঠিকানা আর token ঠিক আছে কিনা দেখুন |

> **জেনে রাখুন:**
> সাত দিন কোনো পার্সেল না পাঠালে **চুপচাপ** দেখানো স্বাভাবিক। নতুন পার্সেলের প্রথম খবর এলেই আবার **চলছে** হয়ে যাবে।

## সাম্প্রতিক খবর কী বলছে

কার্ডের **সাম্প্রতিক খবর** চাপুন (শুরুতে ভাঁজ করা থাকে, লাইনটায় কয়টা খবর আর শেষটার সময় লেখা থাকে); শেষ ৫টা খবর, সময় আর একটা ব্যাজ সহ দেখা যাবে:

- **অর্ডারে বসেছে**: খবরটা অর্ডারে লেগে গেছে। সব ঠিক।
- **সারিতে আছে**: খবর এসেছে, কয়েক সেকেন্ডের মধ্যে অর্ডারে বসবে।
- **বদলানোর কিছু নেই**: খবরটা এমন কিছু, যাতে অর্ডারের অবস্থা বদলায় না। চিন্তার কিছু নেই।
- **ফিরিয়ে দেওয়া হয়েছে**: token বা secret মেলেনি, তাই খবরটা নেওয়া হয়নি। নিচে [token ভুল](#token) দেখুন।
- **পার্সেল চেনা যায়নি**: খবর ঠিকঠাক এসেছে, কিন্তু এই পার্সেল আমাদের কোনো অর্ডারে নেই। নিচে [কুরিয়ারের প্যানেল থেকে বুক করা পার্সেল](#booked-outside) দেখুন।
- **পড়া যায়নি**: কুরিয়ার এমন কিছু পাঠিয়েছে যা আমরা পড়তে পারিনি। সাপোর্টে জানান।

## পরীক্ষা পাঠান

কার্ডের **পরীক্ষা পাঠান** চাপুন। আমরা কুরিয়ারের মতো করে আপনার ঠিকানায় একটা পরীক্ষার খবর পাঠাই।

- "ঠিকানা কাজ করছে, token মিলেছে।": আমাদের দিক ঠিক আছে। তবু খবর না এলে সমস্যা কুরিয়ারের প্যানেলের সেটিংয়ে।
- "ঠিকানায় পৌঁছানো গেল না।": এক মিনিট পর আবার চাপুন। বারবার হলে সাপোর্টে জানান।
- "ঠিকানা ঠিকমতো উত্তর দেয়নি": সাথের নম্বরটা সহ সাপোর্টে জানান।

> **টিপ:**
> পরীক্ষা পাস করা মানে আমাদের ঠিকানা আর token ঠিক আছে। কুরিয়ারের প্যানেলে ঠিকমতো বসানো হয়েছে কিনা, সেটা বোঝা যায় প্রথম আসল পার্সেলের খবর এলে।

## সাধারণ কারণগুলো

### token ভুল কপি হয়েছে, বা নতুন token বানিয়েছেন

কপির সময় token-এর আগে-পরে ফাঁকা জায়গা চলে আসে, বা পুরোটা কপি হয় না। আর **নতুন token** চাপলে পুরোনোটা সাথে সাথে বন্ধ হয়ে যায়।

1. কার্ডে **Token / Secret**-এর পাশের **কপি** চাপুন।
2. কুরিয়ারের প্যানেলের ওয়েবহুক পাতায় পুরোনো token মুছে নতুন করে বসান, তারপর Save করুন।
3. আমাদের কার্ডে ফিরে **পরীক্ষা পাঠান** চাপুন।

### Pathao: Integration Secret বসানো হয়নি

কার্ডে "Integration Secret এখনো বসানো হয়নি" লেখা থাকলে Pathao আমাদের ঠিকানা যাচাই করতে পারবে না, তাই খবরও পাঠাবে না। Pathao-র Webhook Integration পাতায় যে Integration Secret দেখায়, সেটা কপি করে আমাদের কার্ডের **Pathao-র Integration Secret** ঘরে বসিয়ে সংরক্ষণ করুন। তারপর Pathao-তে আবার Save চাপুন। বিস্তারিত: [Pathao-তে ওয়েবহুক](https://docs.czcommerce.app/couriers/pathao-webhook)।

### Carrybee: যাচাই মেলেনি

Add Webhook চাপলে Carrybee আমাদের ঠিকানা যাচাই করে, ফল কার্ডে দেখায়। "Carrybee-র যাচাই মেলেনি" দেখালে Carrybee-তে বসানো Webhook Secret আমাদের কার্ডেরটা নয়: আমাদের **Token / Secret** কপি করে Carrybee-র Webhook Secret ঘরে বসান, তারপর আবার Add Webhook চাপুন। Carrybee-র পাতা হেডারের "value should be exactly" বলে কোনো কোড দেখালে আগে সেটা আমাদের কার্ডে সংরক্ষণ করুন ([বিস্তারিত](https://docs.czcommerce.app/couriers/carrybee-webhook#exact-value))। বিস্তারিত: [Carrybee-তে ওয়েবহুক](https://docs.czcommerce.app/couriers/carrybee-webhook)।

### কুরিয়ারের প্যানেল থেকে বুক করা পার্সেল

পার্সেলটা আমাদের ড্যাশবোর্ড থেকে বুক না করে সরাসরি কুরিয়ারের প্যানেলে বুক করলে আমরা চিনি না কোন অর্ডারের পার্সেল, তাই খবরটা **পার্সেল চেনা যায়নি** হয়ে থাকে।

1. অর্ডারটা খুলুন।
2. **কুরিয়ার** কার্ডে **ম্যানুয়ালি কনসাইনমেন্ট যোগ করুন** চাপুন।
3. কুরিয়ার বেছে কনসাইনমেন্ট আইডি দিন আর সংরক্ষণ করুন।

এরপর এই আইডির খবর এলে অর্ডারে বসবে। হাতে যোগ করা পার্সেলের জন্য কুরিয়ার যুক্ত থাকলে আমাদের নিয়মিত খোঁজ Steadfast, Pathao আর Carrybee-কে আইডি দিয়ে জিজ্ঞেস করে; Paperfly বা যুক্ত না থাকা কুরিয়ারে ওয়েবহুকই একমাত্র ভরসা।

## ওয়েবহুক না চললেও খবর থামে না

কোনো পার্সেলের ৬ ঘণ্টা কোনো খবর না এলে আমরা নিজেরাই কুরিয়ারকে জিজ্ঞেস করি। সময়টা **সেটিংস › কুরিয়ার**-এর **চেকআউট ও চার্জ** ট্যাবে **কত ঘণ্টা খবর না এলে আমরা জিজ্ঞেস করব** ঘরে ১ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বদলাতে পারেন ([বিস্তারিত](https://docs.czcommerce.app/couriers/webhook#polling))।

এখনই জানতে চাইলে অর্ডার খুলে **কুরিয়ার** কার্ডের **স্ট্যাটাস রিফ্রেশ** চাপুন। এটা কুরিয়ারকে সাথে সাথে জিজ্ঞেস করে। হাতে যোগ করা পার্সেলে এই বোতাম থাকে না।

## কখন সাপোর্টে লিখবেন

ওপরের সব ঠিক থাকার পরও খবর না এলে, বা **পড়া যায়নি** বারবার দেখালে [সাপোর্টে টিকিট খুলুন](https://docs.czcommerce.app/support/support-tickets)। লিখে দিন:

- কোন কুরিয়ার, আর কার্ডের ব্যাজে কী লেখা।
- **সাম্প্রতিক খবর**-এর শেষ কয়েকটা লাইনের সময় আর ব্যাজ (স্ক্রিনশট হলে সবচেয়ে ভালো)।
- একটা অর্ডার নম্বর আর তার কনসাইনমেন্ট আইডি, যার খবর আসেনি।
- **পরীক্ষা পাঠান** চাপলে কী দেখিয়েছে।

> **খেয়াল রাখুন:**
> টিকিটে কখনো token, secret বা কুরিয়ারের পাসওয়ার্ড লিখবেন না। আমাদের সেটা লাগে না।

আরও দেখুন: [ওয়েবহুক বসানো](https://docs.czcommerce.app/couriers/webhook), [Steadfast-এ ওয়েবহুক](https://docs.czcommerce.app/couriers/steadfast-webhook), [Paperfly-তে ওয়েবহুক](https://docs.czcommerce.app/couriers/paperfly-webhook), [পার্সেলের খবর দেখা](https://docs.czcommerce.app/couriers/tracking)।
