# স্টোর স্থগিত হলে

> প্ল্যাটফর্ম স্টোর বা পুরো মার্চেন্ট অ্যাকাউন্ট স্থগিত করলে কী দেখবেন, কী চলবে, কীভাবে আবার চালু করাবেন, আর বিল বাকি থাকায় ফ্রি প্ল্যানে নামার সাথে এর পার্থক্য।

উৎস: https://docs.czcommerce.app/troubleshooting/store-suspended  
সর্বশেষ বদল: 2026-10-14  
ভিডিও: https://www.youtube.com/watch?v=8_laE3EAaqU&t=33s

কখনো কখনো প্ল্যাটফর্ম টিম কোনো স্টোর, বা একজন মার্চেন্টের পুরো অ্যাকাউন্ট, স্থগিত করে। তখন স্টোর বন্ধ থাকে, কিন্তু আপনার কোনো তথ্য মুছে যায় না। আবার চালু হলে সব আগের মতো পাবেন।

## কী দেখবেন

- **ড্যাশবোর্ডে**: যে-ই ড্যাশবোর্ড খুলুক (মালিক বা স্টাফ), সবাই একটা পাতা দেখবেন: **স্টোরটি স্থগিত করা হয়েছে**, কবে থেকে, আর আমরা কারণ লিখে থাকলে **কারণ**।
- **স্টোর বদলের মেনু আর আমার স্টোর-এ**: স্টোরের পাশে লাল **স্থগিত** ব্যাজ।
- **কাস্টমার স্টোরে ঢুকলে**: "স্টোরটি স্থগিত করা হয়েছে" লেখা পাতা আর কারণ দেখেন, কয়েক সেকেন্ড পর তাদের আমাদের হোমপেজে পাঠিয়ে দেওয়া হয়।

## কী বন্ধ, কী চলবে

বন্ধ থাকে:

- স্টোরফ্রন্ট, তাই নতুন অর্ডার আসে না (ল্যান্ডিং পেজের অর্ডারও না)।
- স্টোরের ড্যাশবোর্ড। সেখানে শুধু **লগআউট** আর **সব স্টোর** কাজ করে।

চলতে থাকে:

- কুরিয়ারে আগে থেকে থাকা পার্সেলের খবর। ওয়েবহুক কাজ করে, তাই ডেলিভারি আর ফেরতের অবস্থা অর্ডারে বসতে থাকে।
- আপনার পণ্য, অর্ডার, কাস্টমার, সেটিং সব যেমন ছিল তেমন থাকে।
- শুধু একটা স্টোর স্থগিত হলে আপনার অ্যাকাউন্ট আর অন্য স্টোরগুলো স্বাভাবিক চলে।

## স্টোর আবার চালু করাবেন কীভাবে

শুধু স্টোর স্থগিত হলে স্টোরের মালিক আমাদের লিখতে পারেন:

1. স্টোর বদলের মেনু বা **আমার স্টোর** থেকে স্থগিত স্টোরটা খুলুন।
2. স্থগিতের পাতায় **সাপোর্টে লিখুন** চাপুন।
3. নতুন টিকিট খুলে স্টোরের নাম লিখুন, আর কারণটা নিয়ে যা জানানোর আছে বা যা ঠিক করেছেন তা লিখুন।

আমরা দেখে উত্তর দেব, আর ঠিক থাকলে স্টোর আবার চালু করে দেব। বিস্তারিত: [সাপোর্ট টিকিট](https://docs.czcommerce.app/support/support-tickets)।

> **জেনে রাখুন:**
> আপনি স্টাফ হলে স্টোরের মালিককে জানান, তিনি ড্যাশবোর্ডের **সাপোর্ট** থেকে আমাদের লিখবেন।

## পুরো অ্যাকাউন্ট স্থগিত হলে

মার্চেন্ট অ্যাকাউন্ট স্থগিত হলে তার সব স্টোরও একসাথে স্থগিত হয়। তখন:

- `dashboard.czcommerce.app`-এ লগইন করতে গেলে **অ্যাকাউন্ট স্থগিত** লেখা আসে, সাথে কারণ আর আমাদের ফোন, হোয়াটসঅ্যাপ বা ইমেইল।
- ড্যাশবোর্ডের স্থগিত পাতায়ও লেখা থাকে "মার্চেন্ট অ্যাকাউন্টটি স্থগিত হওয়ায় এর সব স্টোরও স্থগিত হয়েছে", আর একই যোগাযোগের তথ্য।

লগইন বন্ধ থাকায় টিকিট খোলা যায় না। দেখানো নম্বরে কল করুন, হোয়াটসঅ্যাপে লিখুন বা ইমেইল করুন।

## এটা স্থগিত না: ফ্রি প্ল্যানে নেমে যাওয়া

নবায়নের টাকা সময়মতো না দিলে স্টোর স্থগিত হয় না, ফ্রি প্ল্যানে নেমে যায়। দুটো আলাদা জিনিস:

| | স্থগিত | ফ্রি প্ল্যানে নামা |
| --- | --- | --- |
| কে করে | প্ল্যাটফর্ম টিম, কারণসহ | নিজে থেকে, বিল বাকি থাকলে |
| স্টোরফ্রন্ট আর অর্ডার | বন্ধ | চালু থাকে |
| ড্যাশবোর্ড | বন্ধ | চালু, শুধু ফ্রি প্ল্যানের লিমিট আর ফিচার |
| ফেরত পাওয়ার উপায় | সাপোর্টে লেখা | **প্ল্যান ও লিমিট** থেকে প্ল্যান আবার কেনা |

মেয়াদ শেষে টাকা না এলে স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতার বিলিং অংশে **পেমেন্ট বাকি** দেখায়, সাথে একটা তারিখ। সেই তারিখের মধ্যে পরিশোধ করলে প্ল্যান চলতে থাকে; না করলে স্টোর ফ্রি প্ল্যানে নামে। কিছু মোছে না। পরে যেকোনো সময় প্ল্যান আবার কিনে নিতে পারেন। ফ্রি প্ল্যানে নামার পর আপনার চালু স্টোর প্ল্যানের "স্টোর" সীমার চেয়ে বেশি হলে, বাড়তি ফ্রি স্টোর ২৪ ঘণ্টা পর নতুন অর্ডার নেওয়া বন্ধ করে, যদিও স্টোরফ্রন্ট আর ড্যাশবোর্ড চালু থাকে ([প্ল্যানের চেয়ে বেশি স্টোর হলে](https://docs.czcommerce.app/getting-started/your-stores#store-pause))। বিস্তারিত: [নবায়ন](https://docs.czcommerce.app/plan-billing/billing#renewal), [প্ল্যান](https://docs.czcommerce.app/plan-billing/plans)।

আরও দেখুন: [সাপোর্ট টিকিট](https://docs.czcommerce.app/support/support-tickets), [সাধারণ প্রশ্ন](https://docs.czcommerce.app/troubleshooting/common-questions)।
