# কম্বো (কয়েকটা পণ্য একসাথে)

> কয়েকটা পণ্য একসাথে এক দামে বিক্রি করুন, যেমন শাড়ি + ব্লাউজ সেট। কম্বোর স্টক আসে অংশগুলো থেকে, আর অর্ডারে প্রতিটা অংশ আলাদা লাইন হয়।

উৎস: https://docs.czcommerce.app/products/combos  
সর্বশেষ বদল: 2026-10-18  
ভিডিও: https://www.youtube.com/watch?v=8Yg9U-mpc6o&t=53s

কম্বো হলো কয়েকটা পণ্য মিলিয়ে একটা পণ্য, নিজের এক দামে। যেমন "শাড়ি + ব্লাউজ সেট" ৳১,১০০, যেখানে শাড়ি আলাদা ৳১,০০০ আর ব্লাউজ ৳৩০০। কাস্টমার স্টোরে কম্বোটা একটা পণ্য হিসেবে দেখেন ও কেনেন; স্টক কাটে শাড়ি আর ব্লাউজ থেকে।

## কম্বো বানানো

1. **পণ্য** › **নতুন পণ্য** খুলুন। নাম, ছবি, বিবরণ, ক্যাটাগরি অন্য পণ্যের মতোই দিন।
2. **ধরন**-এ **কম্বো** বাছুন।
3. **কম্বোতে যা আছে** কার্ডে **অংশ যোগ করুন** চাপুন, পণ্যের নাম, SKU বা বারকোড লিখে খুঁজুন (অন্তত ২টা অক্ষর), তারপর ভ্যারিয়েন্ট (যেমন "ব্লাউজ · M") বাছুন। প্রতিটা অংশের পাশে পরিমাণ দিন (একটা সেটে কয়টা)।
4. অংশগুলোর নিচের লাইনে **কম্বোর দাম** ঘরে কম্বোর দাম দিন। লাইনটা পড়ায় "অংশের দাম মিলে ৳১,৩০০ · কম্বোর দাম ১,১০০ · সাশ্রয় ৳২০০"।
5. নিচের বারে **খসড়া হিসেবে রাখুন** বা **সংরক্ষণ করে প্রকাশ করুন** চাপুন (আগে সংরক্ষণ করা কম্বোতে **সংরক্ষণ করুন**)।

কম্বোর আলাদা শুরুর স্টক, ক্রয়মূল্য বা ওজন দিতে হয় না: স্টক আসে অংশ থেকে, লাভের হিসাবে অংশের ক্রয়মূল্য ধরা হয়, আর ওজন হয় অংশগুলোর ওজনের যোগফল।

## কম্বোতে যা আছে

- একটা কম্বোতে ২ থেকে ২০টা অংশ। প্রতিটা অংশ অন্য কোনো পণ্যের একটা ভ্যারিয়েন্ট, পরিমাণ ১ থেকে ১০০।
- একই ভ্যারিয়েন্ট দুবার রাখা যায় না: দরকার হলে পরিমাণ বাড়ান (যেমন ব্লাউজ ×২)।
- কম্বোর ভেতরে আরেকটা কম্বো রাখা যায় না।
- আর্কাইভ করা পণ্য বা ভ্যারিয়েন্ট অংশ হতে পারে না। কোনো অংশ পরে আর্কাইভ হলে কম্বোটা আর বিক্রি হয় না, যতক্ষণ না অংশটা বদলান।
- খসড়া পণ্যও অংশ হতে পারে: তখন সেটা আলাদা বিক্রি হয় না, শুধু কম্বোর ভেতরে।

## সাইজসহ সেট

সেটে সাইজ থাকলে (যেমন "সেট · M" আর "সেট · L") **এই পণ্যের সাইজ, রং বা অন্য ভ্যারিয়েন্ট আছে** সুইচ চালু করে অ্যাট্রিবিউট দিন, অন্য পণ্যের মতোই। তারপর ভ্যারিয়েন্ট টেবিলের প্রতিটা সারির **অংশ** কলামের বোতাম (বা ⋯ › **অংশ**) চেপে সেই সাইজের অংশগুলো দিন, যেমন "সেট · M"-এ "ব্লাউজ · M"। সেই শিটেই সেই সারির কম্বোর দাম। প্রতিটা চালু ভ্যারিয়েন্টের নিজের অংশ থাকতে হয়।

কোনো সারিতে এখনো অংশ না থাকলে শিটে **আগের সারির অংশ কপি করুন** আসে: উপরের সারির অংশগুলো বসে যায়, তারপর শুধু সাইজ বদলে নিন। শেষে **হয়ে গেছে** চাপুন।

## কম্বোর স্টক

কম্বোর নিজের কোনো স্টক নেই। অংশগুলোর **বিক্রিযোগ্য** স্টক দিয়ে যতগুলো পুরো সেট হয়, ততগুলো বিক্রি করা যায়। যেমন শাড়ি ৯টা, ব্লাউজ ৯টা, আর প্রতি সেটে ব্লাউজ ২টা: বিক্রিযোগ্য ৪ (ব্লাউজ ৪টা সেটের জন্য যথেষ্ট)। এডিটরে লেখা থাকে কোন অংশের জন্য সংখ্যাটা এত।

- যে অংশের স্টকের হিসাব রাখা হয় না, সেটা গোনা হয় না। কোনো অংশেরই হিসাব না থাকলে কম্বো কখনো শেষ হয় না।
- কোনো অংশ শেষ হলে স্টোরে কম্বোটা "স্টক শেষ" দেখায়। যতগুলো সেট হয় তা স্টোরের সতর্কসীমায় ([স্টকের সেটিং](https://docs.czcommerce.app/products/inventory#settings)) বা তার নিচে নামলে "মাত্র ৩টা বাকি" দেখায়।
- [স্টক](https://docs.czcommerce.app/products/inventory) পাতা, স্টক কমের সতর্কতা আর রিপোর্ট অংশগুলো দেখায়, কম্বো নয়। কম্বোর স্টক হাতে যোগ, সমন্বয়, গণনা বা স্থানান্তর করা যায় না; সেটা অংশগুলোতে করুন।

## অর্ডারে কম্বো

- অর্ডারে প্রতিটা অংশ আলাদা লাইন হয়। কম্বোর দাম অংশগুলোর নিজের দামের অনুপাতে ভাগ হয়, তাই লাইনগুলো মিলে ঠিক কম্বোর দাম। যেমন ৳১,০০০ + ৳৩০০ এর কম্বো ৳১,১০০ হলে শাড়ি ৳৮৪৬.১৫, ব্লাউজ ৳২৫৩.৮৫। পয়সার হিসাবে যা বাকি থাকে তা শেষ অংশে যায়।
- অর্ডার পাতা, ইনভয়েস, প্রিন্ট আর কাস্টমারের ইমেইলে কম্বো এক সারিতে: "শাড়ি + ব্লাউজ সেট ×১ = ৳১,১০০", নিচে অংশগুলো।
- স্টক অংশ ধরে আটকায়, কুরিয়ারে গেলে অংশ ধরে কাটে। কোনো একটা অংশ কম পড়লে পুরো কম্বোর অর্ডার হয় না।
- হাতে অর্ডার বানাতে খোঁজে কম্বো পাওয়া যায় ("কম্বো" লেখা থাকে)। অর্ডার এডিট করলে কম্বো এক লাইন; সংখ্যা একই রাখলে দাম ও লাইন যেমন ছিল তেমন থাকে, বদলালে একই সেটের দামে আবার ভাগ হয়।
- ফেরত এলে প্রতিটা অংশ আলাদা: যে অংশ ফিরেছে শুধু সেটা স্টকে তুলুন, বাকিগুলোর কারণ দিন ([ফেরত পার্সেল আর স্টক](https://docs.czcommerce.app/couriers/returns#put-back))। এক্সচেঞ্জও অংশ ধরে।
- কুপন আগের মতোই পুরো অর্ডারে খাটে। ফ্ল্যাশ সেলে কম্বোটা নিজে থাকলে কম্বোর দাম বদলায়; শুধু কোনো অংশ সেলে থাকলে কম্বোর দাম বদলায় না।

> **জেনে রাখুন:**
> ল্যান্ডিং পেজের নিজের কম্বো অফার আগের মতোই চলে। চাইলে এখানে বানানো কম্বোও ল্যান্ডিং পেজে একটা পণ্য হিসেবে রাখতে পারেন।

## যা মনে রাখবেন

- কোনো অর্ডার বা স্টকের ইতিহাস হওয়ার পর একটা পণ্যকে কম্বো থেকে সাধারণ (বা উল্টো) করা যায় না। দরকার হলে নতুন পণ্য বানান, পুরনোটা আর্কাইভ করুন।
- কম্বো ইমপোর্ট বা এক্সপোর্ট হয় না: পণ্যের ফাইলে কম্বো বাদ থাকে।
- কম্বো প্ল্যানের একটা সুবিধা (সব প্ল্যানে চালু)। প্ল্যানে বন্ধ থাকলে নতুন কম্বো বানানো বা বদলানো যায় না।

আরও: [পণ্য যোগ করা ও ভ্যারিয়েন্ট](https://docs.czcommerce.app/products/add-a-product#variants) · [স্টক](https://docs.czcommerce.app/products/inventory)
