# অ্যাট্রিবিউট (সাইজ, রং)

> সাইজ, রঙের মতো অ্যাট্রিবিউট আর তাদের মান একবার বানান, যেকোনো পণ্যে বাছুন। মান টেনে সাজান, রঙ বা ছবি দিন, নাম বদলান; কোনো পণ্যে থাকলে মোছা যায় না।

উৎস: https://docs.czcommerce.app/products/attributes  
সর্বশেষ বদল: 2026-10-12  
ভিডিও: https://www.youtube.com/watch?v=Me6TxvYwcCE&t=21s

বাঁয়ের মেনুর **অ্যাট্রিবিউট** পাতায় স্টোরের সব অ্যাট্রিবিউট আর তাদের মান এক জায়গায়। একবার "সাইজ" বানালে সব পণ্যে একই সাইজ, একই মান; পণ্যের পাতায় এখান থেকেই বাছা হয়।

## অ্যাট্রিবিউট আর মান কী

- **অ্যাট্রিবিউট:** পণ্যের একটা বৈশিষ্ট্য, যেমন সাইজ, রং বা কাপড়।
- **মান:** অ্যাট্রিবিউটের একেকটা বিকল্প, যেমন সাইজের M, L, XL বা রঙের লাল, নীল।
- পণ্যের পাতায় অ্যাট্রিবিউট আর মান বাছলে প্রতিটা মিল (যেমন M / লাল) একটা ভ্যারিয়েন্ট হয়, যার নিজের দাম ও স্টক। দেখুন [সাইজ, রং: অ্যাট্রিবিউট আর ভ্যারিয়েন্ট](https://docs.czcommerce.app/products/add-a-product#variants)।
- পণ্যের পাতায় বা [Excel/CSV ইমপোর্টে](https://docs.czcommerce.app/products/import) নতুন অ্যাট্রিবিউট বা মান বানালে সেটা এই তালিকাতেও যোগ হয়।

## পাতাটা

- বাঁয়ে **অ্যাট্রিবিউটগুলো**: প্রতিটার নাম, স্টোরে কীভাবে দেখায় আর কয়টা পণ্যে আছে (যেমন "রঙ · ৪টা পণ্যে"), পাশে প্রথম কয়েকটা মানের রঙ বা ছবি।
- একটা অ্যাট্রিবিউটে চাপলে ডানে তার মানগুলো আসে: প্রতিটার নাম আর কয়টা ভ্যারিয়েন্টে আছে (যেমন "১২টা ভ্যারিয়েন্টে")।
- ফোনে আগে অ্যাট্রিবিউটের তালিকা, তার নিচে মান।

পাতা দেখতে **পণ্য দেখা**-র অনুমতি লাগে। যোগ করা, বদলানো, সাজানো আর মোছার জন্য **পণ্য, ক্যাটাগরি আর স্টক বদলানো**-র অনুমতি লাগে (মালিক, অ্যাডমিন আর ম্যানেজারের থাকে); না থাকলে শুধু তালিকা দেখায়।

## স্টোরে কীভাবে দেখায়

প্রতিটা অ্যাট্রিবিউটের একটা ধরন থাকে, তা ঠিক করে স্টোরের পণ্যের পাতায় মানগুলো কীভাবে দেখাবে:

| ধরন | স্টোরের পণ্যের পাতায় |
| --- | --- |
| **বোতাম** | মানের লেখা বোতামে, যেমন S, M, L, XL। |
| **রঙ** | গোল রঙের ঘর। মাউস রাখলে মানের নাম দেখায়, আর বাছা মানের নাম অ্যাট্রিবিউটের নামের পাশে লেখা থাকে। |
| **ছবি** | মানের ছোট বর্গাকার ছবি, যেমন কাপড়ের নকশা। বাছা মানের নাম অ্যাট্রিবিউটের নামের পাশে লেখা থাকে। |

- স্টোরে শুধু সেই মানগুলো আসে যা পণ্যের চালু ভ্যারিয়েন্টে আছে, এই পাতার ক্রমে।
- **রঙ** বা **ছবি** ধরনের অ্যাট্রিবিউটে কোনো মানে রঙ বা ছবি না থাকলে সেই মান স্টোরে বোতামের মতো দেখায়। ডানের কার্ডের উপরে লেখা থাকে কয়টা মানে দেওয়া নেই, যেমন "২টা মানে রঙ দেওয়া নেই; স্টোরে সেগুলো বোতামের মতো দেখাবে।"
- ধরন বদলাতে ডানের কার্ডের উপরের **বোতাম**, **রঙ** বা **ছবি** চাপুন। যে যে পণ্যে অ্যাট্রিবিউটটা আছে, সবগুলোর পাতায় বদলায়।

## অ্যাট্রিবিউট যোগ করা

1. বাঁয়ের কার্ডের নিচে **নতুন অ্যাট্রিবিউট** ঘরে নাম লিখুন, যেমন সাইজ।
2. পাশের তালিকা থেকে বাছুন স্টোরে কীভাবে দেখাবে: **বোতাম**, **রঙ** বা **ছবি**। নাম "রং" বা "রঙ" (অথবা Colour) লিখলে নিজে থেকে **রঙ** বাছা হয়।
3. **যোগ করুন** চাপুন। অ্যাট্রিবিউটটা তালিকার শেষে আসে আর ডানে তার মান খোলে।

- একই নামে দুটো অ্যাট্রিবিউট হয় না; ছোট-বড় হাতের অক্ষর বা বাড়তি স্পেস আলাদা ধরা হয় না। তখন দেখায় "এই নামে আগে থেকেই আছে।"
- পণ্যের পাতার **অ্যাট্রিবিউট** ঘরে নতুন নাম লিখে এন্টার চাপলেও বানানো যায়; পণ্য সংরক্ষণ করলে এখানে আসে।

## মান যোগ করা

1. বাঁয়ে অ্যাট্রিবিউটটা বাছুন।
2. ডানের কার্ডের নিচে **নতুন মান** ঘরে মান লিখুন, যেমন M বা লাল। মানে স্পেস চলে, যেমন `Navy Blue`।
3. **রঙ** ধরনের অ্যাট্রিবিউটে ঘরের পাশের গোল ঘরে চেপে রঙটাও বেছে নিন।
4. **যোগ করুন** চাপুন। মানটা তালিকার শেষে আসে।

- একটা অ্যাট্রিবিউটে একই মান দুবার হয় না।
- **ছবি** ধরনের মানে ছবি দিন মান বানানোর পর, নিচের নিয়মে।

## রঙ আর ছবি দেওয়া

**রঙ:** মানের সারির বাঁয়ের গোল ঘরে চাপুন আর রঙ বাছুন। কম্পিউটারে পাশের **রঙের কোড** ঘরে `#1a2b3c`-এর মতো কোডও লেখা যায়। আলাদা করে সংরক্ষণ করতে হয় না, একটু পরে নিজে থেকে সংরক্ষণ হয়। রঙ তুলে দিতে সারির ⋯ › **রঙ সরান**।

**ছবি:**

1. মানের সারির বাঁয়ের ছোট বর্গে চাপুন (ছবি না থাকলে সেখানে + চিহ্ন), অথবা ⋯ › **ছবি বদলান**।
2. মিডিয়ার পপআপ খোলে। **লাইব্রেরি** থেকে আগের কোনো ছবি বাছুন, অথবা **নতুন আপলোড**-এ নতুন ছবি দিন। দরকার হলে সেখানেই নাম বদলান বা ক্রপ করুন; দেখুন [মিডিয়া](https://docs.czcommerce.app/products/media#popup)।
3. **ব্যবহার করুন** চাপুন। ছবিটা মানে বসে যায়।

- ছোট, বর্গাকার ছবি সবচেয়ে ভালো দেখায়, যেমন কাপড়ের নকশার কাছ থেকে তোলা ছবি। ক্রপের ১:১ অনুপাত এখানে কাজে লাগে।
- ছবি তুলে দিতে পপআপ খুলে **ছবি সরান** চাপুন।
- এই ছবিগুলো [মিডিয়া](https://docs.czcommerce.app/products/media#library) পাতায় **অ্যাট্রিবিউটের মানে** ফিল্টারে পাওয়া যায়। কোনো মানে থাকা ছবি সেখান থেকে মোছা যায় না।

## ক্রম বদলানো

প্রতিটা সারির বাঁয়ের ⠿ চিহ্নটা ধরে উপরে বা নিচে টানুন (ফোনে আঙুল দিয়ে চেপে টানুন)। কিবোর্ডে: ⠿ বোতামে গিয়ে ↑ ↓ চাপুন; Home আর End দিলে একদম উপরে বা নিচে যায়। ছেড়ে দিলেই সংরক্ষণ হয়।

- **মানের ক্রম:** স্টোরের পণ্যের পাতায় মানগুলো এই ক্রমে দেখায়, পণ্যের পাতার মান বাছার তালিকাতেও।
- **অ্যাট্রিবিউটের ক্রম:** পণ্যের পাতায় অ্যাট্রিবিউট বাছার তালিকা এই ক্রমে আসে। একটা পণ্যে স্টোরে কোন অ্যাট্রিবিউট আগে দেখাবে, তা সেই পণ্যের পাতায় ঠিক হয় (অ্যাট্রিবিউটের ⋯ › **উপরে নিন**)।

## নাম বদলানো

1. অ্যাট্রিবিউট বা মানের সারির ⋯ › **নাম বদলান** চাপুন।
2. নতুন নাম লিখে **সংরক্ষণ করুন** চাপুন।

- যে যে পণ্য বা ভ্যারিয়েন্টে আছে, সবগুলোতে নতুন নামটাই দেখায়: স্টোরের পণ্যের পাতা, স্টোরের সার্চ আর স্টকের তালিকায়। কয়টায় বদলাবে তা নাম বদলানোর ঘরের উপরে লেখা থাকে, যেমন "১২টা ভ্যারিয়েন্টে নতুন নামটাই দেখাবে"।
- ভ্যারিয়েন্টগুলো একই থাকে: তাদের দাম, স্টক, ইতিহাস আর লিংক বদলায় না, শুধু লেখা বদলায়।
- আগের অর্ডারে যা লেখা ছিল তা-ই থাকে।

## মোছা

সারির ⋯ › **মুছুন** চাপুন, তারপর নিশ্চিত করুন।

- কোনো পণ্যে থাকা অ্যাট্রিবিউট মোছা যায় না। তখন দেখায় কয়টা পণ্যে আছে, যেমন "৩টা পণ্যে আছে, আগে সেখান থেকে সরান।" আগে সেই পণ্যগুলোর পাতা থেকে অ্যাট্রিবিউটটা সরিয়ে সংরক্ষণ করুন।
- কোনো ভ্যারিয়েন্টে থাকা মানও মোছা যায় না, যেমন "৫টা ভ্যারিয়েন্টে আছে, আগে সেখান থেকে সরান।" আর্কাইভ করা ভ্যারিয়েন্টও গোনা হয়; তেমন মান না চাইলে নাম বদলাতে পারেন।
- অ্যাট্রিবিউট মুছলে তার সব মানও মুছে যায়। মোছা অ্যাট্রিবিউট বা মান ফেরত আনা যায় না, দরকার হলে আবার বানান।

## সীমা

- একটা স্টোরে সর্বোচ্চ ১০০টা অ্যাট্রিবিউট, প্রতিটায় সর্বোচ্চ ২০০টা মান।
- অ্যাট্রিবিউটের নাম সর্বোচ্চ ৪০ অক্ষর, মান সর্বোচ্চ ৬০ অক্ষর।
- একটা পণ্যে সর্বোচ্চ ৩টা অ্যাট্রিবিউট, প্রতিটার সর্বোচ্চ ৫০টা মান আর সর্বোচ্চ ১০০টা চালু ভ্যারিয়েন্ট।

আরও পড়ুন: [নতুন পণ্য যোগ করা](https://docs.czcommerce.app/products/add-a-product#variants), [মিডিয়া](https://docs.czcommerce.app/products/media), [Excel বা CSV দিয়ে পণ্য ইমপোর্ট](https://docs.czcommerce.app/products/import)।
