# অ্যাড-অন

> পুরো প্ল্যান না বদলে একটা লিমিট বাড়ান বা একটা ফিচার চালু করুন: বাড়তি স্টাফ, অর্ডার, ল্যান্ডিং পেজ, স্টোরেজ বা নিজের ডোমেন। কেনা, পরিমাণ, মেয়াদ আর আরও এক মাস।

উৎস: https://docs.czcommerce.app/plan-billing/add-ons  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=KvEbYDZPUtY&t=84s

ধরুন প্ল্যানের সব ঠিক আছে, শুধু একজন স্টাফ বেশি লাগবে। তখন বড় প্ল্যান না নিয়ে একটা অ্যাড-অন কিনলেই হয়। অ্যাড-অন একটা স্টোরের জন্য কেনা হয়, সেই স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতা থেকে; কেনেন মালিক, বা মালিক যাঁকে বিলিংয়ের অনুমতি দিয়েছেন ([স্টোরের বিলিং](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#billing))।

## কোন কোন অ্যাড-অন আছে

| অ্যাড-অন | কী বাড়ে | কত দিন |
| --- | --- | --- |
| অতিরিক্ত ১ জন স্টাফ | স্টাফ সংখ্যা +১ | মাসিক |
| মাসে আরও ১,০০০ অর্ডার | মাসে অর্ডার (বাতিল করা ভুয়া অর্ডার গোনা হয় না) +১,০০০ | মাসিক |
| আরও ৫টা ল্যান্ডিং পেজ | ল্যান্ডিং পেজ +৫ | মাসিক |
| আরও ৫ GB স্টোরেজ | স্টোরেজ +৫ GB | মাসিক |
| নিজের ডোমেন | [নিজের ডোমেন](https://docs.czcommerce.app/domains/custom-domain) চালু | মাসিক |

তালিকা আর দাম সময়ের সাথে বদলাতে পারে; প্যানেলে সবসময় এখনকার তালিকা আর দাম দেখায়, প্রতিটার পাশে "/ মাস" বা "একবার"।

## অ্যাড-অন কেনা

1. স্টোরে বাঁ মেনু থেকে **প্ল্যান ও লিমিট** খুলুন।
2. নিচের বিলিং অংশে **অ্যাড-অন** চাপুন। **অ্যাড-অন কিনুন** অংশ খোলে।
3. যে লিমিট বাড়াতে চান, তার পাশে − আর + দিয়ে পরিমাণ ঠিক করুন (১ থেকে ১০০)। যেমন ৩ দিলে স্টাফ ৩ জন বাড়ে, দামও ৩ গুণ; বাটনে মোট দাম লেখা থাকে।
4. **কিনুন** চাপুন।
5. [পেমেন্টের হিসাব](https://docs.czcommerce.app/plan-billing/billing#pay-summary) দেখায় ওয়ালেট থেকে কত কাটবে আর CZ Pay-তে কত দিতে হবে; **এখন পরিশোধ করুন** চাপুন।

"হয়ে গেছে", সাথে অ্যাড-অনের নাম আর মেয়াদ, দেখালে সাথে সাথে বাড়তি লিমিট বা ফিচার চালু।

> **টিপ:**
> **প্ল্যান ও লিমিট** পাতায় কোনো লিমিট ৮০% ছুঁলে, যিনি বিলিং সামলান তিনি সেই লিমিটের কার্ডেই **অ্যাড-অন কিনুন** লিংক পান। লিংকটা অ্যাড-অন অংশ সরাসরি খুলে দেয়।

## মেয়াদ আর আরও এক মাস

- মাসিক অ্যাড-অন কেনার দিন থেকে এক মাস চলে। নিজে থেকে নবায়ন হয় না; দরকার থাকলে মেয়াদ শেষের আগে আবার কিনুন।
- লিমিট বাড়ানোর অ্যাড-অন আবার কিনলে আরেকটা যোগ হয়, প্রতিটার নিজের এক মাস।
- নিজের ডোমেনের মতো চালু-বন্ধ অ্যাড-অন চলার সময় বাটনে লেখা থাকে **আরও এক মাস**। কিনলে নতুন মাস শুরু হয় চলতি মাস শেষ হওয়ার পর থেকে, তাই কোনো দিন নষ্ট হয় না।
- মেয়াদ শেষ হলে এক ঘণ্টার মধ্যে বাড়তি লিমিট বা ফিচার বন্ধ হয়ে যায়, স্টোর আবার প্ল্যানের লিমিটে ফেরে (লিমিটের বাইরের জিনিস নিষ্ক্রিয় হয়: [ছোট প্ল্যানে নামলে](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#inactive))।
- যে অ্যাড-অন প্রতি মাসে ফ্রি SMS বা AI ক্রেডিট দেয়, তা প্রতিটা কেনা মাসের জন্য একবারই দেয়, যে মাসে শুরু হয় সেই মাসে।
- আগে থেকে কেনা মাস (**আরও এক মাস**) শুরু হয় চলতি মাস শেষ হলে: চলতি মাস ফেরত হলে অ্যাড-অন তখনই বন্ধ হয়, পরের মাস আগেভাগে চালু হয় না।

## যে অ্যাড-অন দেখায় না

যে জিনিস স্টোরের প্ল্যানে আগে থেকেই আছে (ফিচার চালু, বা লিমিট সীমাহীন), তার অ্যাড-অন দেখানো হয় না, কারণ কিনলে কিছুই বাড়বে না। যেমন গ্রোথ প্ল্যানে নিজের ডোমেন আগে থেকেই আছে। নিচে লেখা থাকে: "…টা অ্যাড-অন দেখানো হচ্ছে না: এই প্ল্যানে ওগুলো আগে থেকেই আছে বা সীমাহীন।" কেনার মতো কিছু না থাকলে: "এই স্টোরের প্ল্যানে এখন কেনার মতো কোনো অ্যাড-অন নেই।"

নিজের ডোমেনের মতো চালু-বন্ধ অ্যাড-অন স্টোরে যদি মেয়াদ ছাড়াই চালু থাকে (আমাদের দেওয়া, শেষ তারিখ নেই; বা একবারের কেনা), সেটাও আর কেনার জন্য দেখায় না। মেয়াদওয়ালা হলে দেখায়, আবার কিনলে মেয়াদ বাড়ে।

## চালু অ্যাড-অন দেখা

স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতার **অ্যাড-অন** কার্ডে চালু অ্যাড-অনের তালিকা, সব স্টাফ দেখতে পারেন: নাম, পরিমাণ, আর কত তারিখ পর্যন্ত (মেয়াদ না থাকলে **মেয়াদ নেই**)।

আরও দেখুন: [প্ল্যান ও লিমিট](https://docs.czcommerce.app/plan-billing/store-plan), [প্ল্যান বাছাই ও বদলানো](https://docs.czcommerce.app/plan-billing/plans), [বিলিং ও ওয়ালেট](https://docs.czcommerce.app/plan-billing/billing)।
