# অর্ডার নম্বর

> অর্ডার নম্বর নিজের মতো করুন, যেমন RF-01025: প্রিফিক্স, পরের নম্বর আর কমপক্ষে কত অঙ্ক। পুরোনো অর্ডারের নম্বর বদলায় না; খোঁজা, SMS, ইনভয়েস, ট্র্যাকিং আর কুরিয়ারে একই নম্বর।

উৎস: https://docs.czcommerce.app/orders/order-numbers  
সর্বশেষ বদল: 2026-10-12  
ভিডিও: https://www.youtube.com/watch?v=G2z4NOt8HUM&t=212s

শুরুতে অর্ডারের নম্বর শুধু সংখ্যা: #1001, #1002 …। চাইলে সামনে নিজের অক্ষর বসাতে পারেন, যেমন `RF-01025`, যাতে ফোনে, SMS-এ আর পার্সেলের লেবেলে নম্বর দেখেই আপনার স্টোর চেনা যায়। এটা সব প্ল্যানে আছে; বদলাতে সেটিংসের অনুমতি লাগে।

## নম্বরের নিয়ম ঠিক করা

1. **সেটিংস › অর্ডার** খুলুন। উপরের কার্ড **অর্ডার নম্বর**।
2. **প্রিফিক্স** ঘরে নম্বরের আগের অংশ লিখুন, যেমন `RF-`।
3. দরকার হলে **পরের নম্বর** বদলান।
4. **কমপক্ষে কত অঙ্ক** বাছুন।
5. নিচে **পরের অর্ডারের নম্বর** দেখে নিন, তারপর **সংরক্ষণ করুন** চাপুন।

পরের যে অর্ডার আসবে, সেটা থেকেই নতুন নম্বর। একই পাতার নিচে [নিজের অর্ডার স্ট্যাটাস](https://docs.czcommerce.app/orders/order-statuses)।

### প্রিফিক্স

- ০ থেকে ৮ অক্ষর: ইংরেজি অক্ষর (A–Z), সংখ্যা (0–9) আর হাইফেন (-)। ছোট হাতের অক্ষর লিখলে নিজে থেকে বড় হাতের হয়ে যায়, ফাঁকা জায়গা বাদ যায়।
- খালি রাখলে নম্বর আগের মতো `#1024`। প্রিফিক্স থাকলে সামনে `#` বসে না: `RF-01025`।
- **শেষে সংখ্যা রাখা যায় না।** কারণ: প্রিফিক্স `A1` আর নম্বর `025` মিলে হয় `A1025`, আবার প্রিফিক্স `A` আর নম্বর `1025`-ও `A1025`; দুটো অর্ডার একই রকম পড়া যেত, খুঁজলে ভুল অর্ডার আসতে পারত। শেষে সংখ্যা চাইলে তার পরে হাইফেন দিন, যেমন `RF1-`।

### পরের নম্বর

- পরের অর্ডার যে নম্বর পাবে। ঘরের নিচে লেখা থাকে এখন কত।
- শুধু সামনে নেওয়া যায়, কখনো পেছনে নয়, যাতে দুটো অর্ডারের একই নম্বর না হয়। যেমন নতুন বছরে ৫০০০ থেকে শুরু করতে চাইলে ৫০০০ দিন।
- প্রিফিক্স দিলে নম্বর ১ থেকে নতুন করে শুরু হয় না: ক্রমিক সংখ্যা একটাই চলে। যেমন শেষ অর্ডার #1012 হলে `RF-` দেওয়ার পরের অর্ডার `RF-01013` (৫ অঙ্কে)।
- পাতা খোলা থাকার সময় নতুন অর্ডার এলে নম্বর এমনিতেই এগিয়ে যায়; ঘরটা না বদলালে সংরক্ষণে সেটা পিছিয়ে যায় না।

### কমপক্ষে কত অঙ্ক

- ১ থেকে ৮। নম্বর এর চেয়ে ছোট হলে সামনে শূন্য বসে: ৫ অঙ্কে 1025 হয় `01025`। নম্বর এর চেয়ে বড় হলে শুধু লম্বা হয়, কাটা যায় না।
- প্রিফিক্স ছাড়াও কাজ করে: ৫ অঙ্কে নম্বর হয় `#01025`।

### নমুনা

**পরের অর্ডারের নম্বর**-এ দেখায় এখনকার ঘরগুলো দিয়ে পরের অর্ডার কোন নম্বর পাবে। প্রিফিক্সে ভুল থাকলে ঘরের নিচে কারণ লেখা আসে, নমুনা প্রিফিক্স ছাড়া দেখায়, আর ঠিক না করা পর্যন্ত সংরক্ষণ হয় না।

## পুরোনো অর্ডারের নম্বর বদলায় না

প্রতিটা অর্ডার তৈরির সময় নিজের নম্বর লিখে রাখে। পরে প্রিফিক্স বা অঙ্ক বদলালে শুধু নতুন অর্ডার নতুন নিয়মে নম্বর পায়; আগের অর্ডার, তাদের ইনভয়েস আর ক্রেতাকে আগে পাঠানো SMS-এর নম্বর যেমন ছিল তেমনই থাকে। তাই তালিকায় নতুনটা `RF-01013`, তার নিচে পুরোনোটা `#1012`, দুটো পাশাপাশি থাকতে পারে।

## নম্বর যেখানে দেখায়

সব জায়গায় একই নম্বর, যেমন অর্ডার তৈরির সময় লেখা হয়েছিল:

- **ড্যাশবোর্ড:** অর্ডারের তালিকা, অর্ডারের পাতা, টাইমলাইন, ডুপ্লিকেট আর ফ্রডের বার্তা, ইনকমপ্লিট থেকে বানানো অর্ডার।
- **ক্রেতার কাছে:** স্টোরের ধন্যবাদ পাতা, ল্যান্ডিং পেজের নিশ্চিতকরণ, ট্র্যাকিং পাতা, ক্রেতার অ্যাকাউন্ট, SMS-এর `{order_number}` আর অর্ডারের ইমেইল।
- **কাগজে:** ইনভয়েস আর প্যাকিং স্লিপ, তাদের বারকোডসহ ([প্রিন্ট](https://docs.czcommerce.app/orders/print))।
- **ফাইলে:** Excel-এ নামানো অর্ডারের `number` কলাম।
- **বাইরে:** কুরিয়ারের রেফারেন্স ([নিচে](#courier-reference)), আর Facebook Pixel ও Conversions API-তে যেখানে অর্ডার নম্বর যায়।

প্রিফিক্সওয়ালা নম্বর সবসময় ইংরেজি অঙ্কে লেখা থাকে, কারণ ক্রেতা এটাই পড়ে শোনান আর টাইপ করেন।

## নম্বর দিয়ে খোঁজা

**অর্ডার** তালিকার খোঁজার ঘরে নম্বর যেভাবেই লিখুন, অর্ডার আসে: `RF-01025`, `rf-1025`, `RF01025`, `1025`, `#1025` বা বাংলা অঙ্কে `১০২৫`।

- শুধু সংখ্যা লিখলে প্রিফিক্স না মিলিয়েই সেই নম্বরের অর্ডার আসে।
- প্রিফিক্সসহ লিখলে সেটা মিলতে হয়; ছোট-বড় হাত আর হাইফেন ধরা হয় না।
- ক্রেতাও স্টোরের [ট্র্যাকিং পাতায়](https://docs.czcommerce.app/couriers/tracking#track-page) প্রিফিক্সসহ বা ছাড়া, `#` দিয়ে বা না দিয়ে নম্বর লিখতে পারেন।

## কুরিয়ারের রেফারেন্স

কুরিয়ারে বুক করার সময় প্রতিটা পার্সেলের সাথে আমাদের একটা রেফারেন্স যায় (Steadfast-এ invoice, অন্যদের merchant order id)। কুরিয়ারের প্যানেলে পার্সেল খুঁজতে এটা কাজে লাগে।

- প্রিফিক্সওয়ালা অর্ডারে রেফারেন্স অর্ডার নম্বরটাই: `RF-01025`।
- প্রিফিক্স ছাড়া নম্বরে আগের মতো স্টোরের ঠিকানার নাম আর নম্বর, যেমন `RAHIM-FASHION-1024`। তাই একই কুরিয়ার অ্যাকাউন্টে কয়েকটা স্টোর চালালেও নম্বর গুলিয়ে যায় না।
- একই কুরিয়ারে আবার বুক করলে শেষে `-R1`, `-R2` যোগ হয় ([আবার বুক করা](https://docs.czcommerce.app/couriers/booking#rebook))।
- রেফারেন্স কুরিয়ারের অক্ষরের সীমার চেয়ে লম্বা হলে (যেমন Carrybee-তে ৪৯) সামনের দিক ছেঁটে নম্বরটা রাখা হয়।

আরও পড়ুন: [নিজের অর্ডার স্ট্যাটাস](https://docs.czcommerce.app/orders/order-statuses), [খোঁজা আর ফিল্টার](https://docs.czcommerce.app/orders/orders#search-and-filters), [প্রিন্ট](https://docs.czcommerce.app/orders/print)।
