# ফ্ল্যাশ সেল

> নির্দিষ্ট সময়ের জন্য বাছাই করা পণ্যে বিশেষ দাম, শতাংশ ছাড় বা সেল দাম। স্টোরে কাউন্টডাউন দেখায়, সময় শেষ হলে দাম নিজে থেকে আগের মতো।

উৎস: https://docs.czcommerce.app/marketing/flash-sales  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=54SiOuKx9og&t=34s

ফ্ল্যাশ সেলে কয়েকটা পণ্যের দাম কিছু সময়ের জন্য কমে, যেমন "ঈদ ফ্ল্যাশ সেল: আজ রাত ১২টা পর্যন্ত ২০% ছাড়"। পণ্যের আসল দাম বদলায় না; সেল চলার সময় স্টোরে সেল দাম আর আগের দাম কাটা অবস্থায় দেখায়। সময় শেষ হলে সব জায়গায় একসাথে আগের দাম ফেরে।

সেল চলার সময় কাস্টমার যা দেখেন:

- স্টোরের প্রতিটা পাতার উপরে একটা পট্টি, সেলের নাম আর কত সময় বাকি ("⚡ ঈদ ফ্ল্যাশ সেল · শেষ হতে বাকি …"); চাপলে স্টোরের "অফার" তালিকা খোলে;
- সেলের পণ্যগুলোর কার্ডে "⚡ ফ্ল্যাশ সেল" ব্যাজ;
- সেই পণ্যের পাতায় দামের নিচে একই কাউন্টডাউন।

> **জেনে রাখুন:**
> ফ্ল্যাশ সেল স্টার্টার, গ্রোথ আর প্রো প্ল্যানে ([প্ল্যান](https://docs.czcommerce.app/plan-billing/plans))। [কুপনের](https://docs.czcommerce.app/marketing/coupons) মতো এই পাতাতেও মার্কেটিংয়ের অনুমতি লাগে।

## নতুন ফ্ল্যাশ সেল

1. **মার্কেটিং** খুলে **ফ্ল্যাশ সেল** ট্যাবে যান।
2. **নতুন ফ্ল্যাশ সেল** চাপুন।
3. **নাম (স্টোরে দেখাবে)** দিন, যেমন "ঈদ ফ্ল্যাশ সেল"। কাস্টমার এই নামটাই দেখবেন।
4. **শুরু** আর **শেষ** দিন (নিচে [সময়](#timing) দেখুন)।
5. ডানের **পণ্য যোগ করুন** কার্ডে **পণ্য খুঁজুন…**-এ নাম লিখে পণ্য যোগ করুন (নিচে [পণ্য আর দাম](#items))।
6. **চালু** টিক রেখে **সেভ করুন** চাপুন।

## সময়

- **শুরু** আর **শেষ** বাংলাদেশ সময়ে দেওয়া হয় (ঘরের পাশে লেখা **ঢাকার সময়**), আপনার ফোন বা কম্পিউটারের ঘড়ি যা-ই বলুক। নতুন সেলে শুরু থাকে এক ঘণ্টা পরে, শেষ তার ২৪ ঘণ্টা পরে; বদলে নিন।
- শেষ অবশ্যই শুরুর পরে হতে হবে।
- শুরুর সময় এলে সেল নিজে থেকে চালু হয়, শেষের সময়ে নিজে থেকে থামে। আপনাকে কিছু চাপতে হয় না।
- আগেভাগে থামাতে **চালু** টিক তুলে **সেভ করুন** চাপুন।

### একসাথে কয়েকটা সেল

একসাথে কয়েকটা সেল চলতে পারে: সপ্তাহব্যাপী সেল আর অন্য পণ্যে দুই ঘণ্টার ফ্ল্যাশ আওয়ার দুটোই খাটে, প্রতিটা পণ্য তার নিজের সেলের দামে। একই পণ্য দুই সেলে থাকলে যেটা পরে শুরু হয়েছে সেটার দাম (তবে একটা ভ্যারিয়েন্টের নিজের লাইন অন্য সেলের "সব ভ্যারিয়েন্ট"-এর চেয়ে আগে)। উপরের পট্টিতে কাউন্টডাউন চলে পরে শুরু হওয়া সেলের; পণ্যের পাতায় তার নিজের সেলের।

## পণ্য আর দাম

1. **পণ্য খুঁজুন…**-এ নাম লিখুন।
2. পুরো পণ্যে সেল দিতে **+ সব ভ্যারিয়েন্ট** চাপুন। শুধু একটা সাইজ বা রঙে দিতে সেই ভ্যারিয়েন্টের পাশের **+** চাপুন।
3. বাঁয়ে যোগ হওয়া প্রতিটা পণ্যে ধরন বাছুন: **% ছাড়** (১–১০০) অথবা **সেল দাম (৳)**।
4. পাশের ঘরে সংখ্যা দিন। নিচে দেখায় আগের দাম আর "এখন" কত হবে।
5. কোনোটা বাদ দিতে **মুছুন** চাপুন।

খোঁজে শুধু চালু (active) পণ্য আসে, একবারে ৩০টা পর্যন্ত। একটা সেলে সর্বোচ্চ ২০০টা পণ্য বা ভ্যারিয়েন্ট, প্রতিটা একবারই। একই পণ্যে "সব ভ্যারিয়েন্ট" আর আলাদা একটা ভ্যারিয়েন্ট দুটোই থাকলে ওই ভ্যারিয়েন্টের নিজের দাম খাটে। সেল দাম আসল দামের বেশি দিলে সেল খাটে না, আসল দামই থাকে। নাম আর অন্তত একটা পণ্য দিলে তবেই **সেভ করুন** চাপা যায়।

% ছাড়ে সেল দাম পুরো টাকায় হয়, ক্রেতার পক্ষে নিচের দিকে: ৳৯৯৯-এ ১৫% ছাড় মানে ৳৮৪৯।

### জনপ্রতি সর্বোচ্চ

**জনপ্রতি সর্বোচ্চ (প্রতিটা পণ্য)** দিলে সেল চলাকালীন একজন মোবাইল নম্বর সেলের প্রতিটা পণ্য সেল দামে এর বেশি কিনতে পারেন না (সেল শুরুর পর থেকে বাতিল বাদে অর্ডারগুলো গোনা হয়)। এর বেশি হলে অর্ডার হয় না, কতটা বাকি তা বলে দেয়: "অফারের দামে … একজন সর্বোচ্চ ২টি কিনতে পারেন"। খালি মানে কোনো সীমা নেই। হাতে নেওয়া অর্ডারে এই সীমা খাটে না।

সেল দাম খাটে স্টোরে, [হাতে নেওয়া অর্ডারে](https://docs.czcommerce.app/orders/manual-order) আর [AI বিক্রেতার](https://docs.czcommerce.app/inbox/ai-salesperson) নেওয়া অর্ডারে। ল্যান্ডিং পেজে আগে পেজের নিজের দাম ([এডিটর](https://docs.czcommerce.app/landing/editor#products)); যে পণ্যের দাম পেজে দেওয়া নেই সেটা সেখানেও সেল দামে বিক্রি হয়। সেলের সাথে [কুপন](https://docs.czcommerce.app/marketing/coupons)-ও দেওয়া যায়।

## অবস্থা

**ফ্ল্যাশ সেল** তালিকায় প্রতিটা সেলের **নাম**, **সময়**, **পণ্য**, **অর্ডার** (সেল চলার সময়ে স্টোরের যে অর্ডারগুলো সেলের দামে এর পণ্য কিনেছে, বাতিল বাদে) আর **অবস্থা**:

- **আসছে**: শুরুর সময় আসেনি।
- **চলছে**: এখন চলছে, স্টোরে সেল দাম দেখাচ্ছে।
- **শেষ**: শেষের সময় পেরিয়ে গেছে।
- **বন্ধ**: **চালু** টিক তোলা।

নাম চাপলে সেল খোলে, বদলে **সেভ করুন** চাপুন। পুরোপুরি সরাতে **মুছুন**।

আরও দেখুন: [কুপন](https://docs.czcommerce.app/marketing/coupons)
