# কুপন

> চেকআউটে কোড দিলে ছাড়: শতাংশ, নির্দিষ্ট টাকা বা ফ্রি ডেলিভারি। ন্যূনতম অর্ডার, মোট আর জনপ্রতি ব্যবহারের সীমা, সময় আর শেয়ারের লিংক।

উৎস: https://docs.czcommerce.app/marketing/coupons  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=54SiOuKx9og

কুপন হলো একটা কোড, যেমন `EID20`। কাস্টমার চেকআউটে লিখলে ছাড় পান। ছাড়ের হিসাব আমাদের সার্ভারে হয়, তাই একসাথে অনেক অর্ডার এলেও সীমা ঠিক থাকে।

> **জেনে রাখুন:**
> কুপন বানানো আর বদলানো স্টার্টার, গ্রোথ আর প্রো প্ল্যানে। ফ্রি প্ল্যানে পাতায় "এই ফিচারটি আপনার প্ল্যানে নেই। আপগ্রেড করলে চালু হবে।" দেখায় ([প্ল্যান](https://docs.czcommerce.app/plan-billing/plans))।
>
> পাতাটা খুলতে **মার্কেটিং: কুপন, ফ্ল্যাশ সেল, ল্যান্ডিং পেজ** অনুমতি লাগে: মালিক, অ্যাডমিন আর ম্যানেজারের আছে ([স্টাফের রোল](https://docs.czcommerce.app/staff/staff-and-roles#roles))।

## নতুন কুপন

1. বাঁ মেনু থেকে **মার্কেটিং** খুলুন। প্রথম ট্যাবই **কুপন**।
2. **নতুন কুপন** চাপুন।
3. **কোড** লিখুন: ইংরেজি অক্ষর আর সংখ্যা, ৩–২০টা, শুরুটা অক্ষর বা সংখ্যা দিয়ে (পরে `-` আর `_`-ও চলে)। নিজে থেকে বড় হাতের হয়ে যায়, কাস্টমার ছোট-বড় যেভাবেই লিখুন মিলবে। একই কোড দুটো কুপনে হয় না: "এই কুপন কোড আগে থেকেই আছে।"
4. **ছাড়ের ধরন** বাছুন, তারপর **ছাড়**-এ পরিমাণ দিন (নিচে দেখুন)।
5. দরকারি শর্ত দিন, নিচে **শর্ত** অংশে বিস্তারিত।
6. **চালু** টিক রেখে **সংরক্ষণ** চাপুন।

## ছাড়ের ধরন

- **শতাংশ (%)**: পণ্যের মোট দামের এত শতাংশ ছাড় (১০০-এর বেশি না), পুরো টাকায়, ক্রেতার পক্ষে উপরের দিকে: ৳৬৭৭-এর ১০% হয় ৳৬৭.৭০, তাই ৳৬৮ ছাড়। ছাড়ের লাইনে দুটোই দেখায়, "−৳৬৭.৭০ ≈ ৬৮"; মোট, COD আর SMS-এ পুরো টাকা। চাইলে **সর্বোচ্চ ছাড় (৳)** দিন, যেমন "১০% ছাড়, সর্বোচ্চ ২০০ টাকা"; ০ বা ফাঁকা মানে কোনো সীমা নেই।
- **নির্দিষ্ট টাকা (৳)**: এত টাকা ছাড়। পণ্যের মোট দামের বেশি কখনো কাটে না।
- **ফ্রি ডেলিভারি**: ডেলিভারি চার্জ পুরোটা ছাড়, পণ্যের দাম ঠিক থাকে।

ছাড় হিসাব হয় পণ্যের মোট দামের উপর (ডেলিভারি চার্জ বাদে), শুধু ফ্রি ডেলিভারিতে ডেলিভারি চার্জের উপর।

## শর্ত

সব শর্ত ঐচ্ছিক, খালি রাখলে সীমা নেই:

| ঘর | মানে |
|---|---|
| **ন্যূনতম অর্ডার (৳)** | পণ্যের মোট দাম এর কম হলে কুপন চলবে না |
| **সর্বোচ্চ ছাড় (৳)** | শুধু শতাংশে: এর বেশি ছাড় হবে না |
| **মোট কতবার** | সব কাস্টমার মিলে কতবার ব্যবহার করা যাবে |
| **প্রতি কাস্টমার কতবার** | এক মোবাইল নম্বর থেকে কতবার (শুরুতে ১) |
| **শুরু** / **শেষ** | কবে থেকে কবে পর্যন্ত চলবে, বাংলাদেশ সময়ে (ঘরের পাশে লেখা থাকে **ঢাকার সময়**), আপনার ফোন বা কম্পিউটারের ঘড়ি যা-ই বলুক; শেষ অবশ্যই শুরুর পরে |
| **কোন পণ্যে খাটবে** | পণ্য বাছুন, বা ক্যাটাগরি (তার পণ্যগুলো ধরা হয়): ছাড়ের হিসাব হয় শুধু ওই পণ্যগুলোর ওপর, আর ওগুলোর একটাও না থাকলে কুপন চলে না ("এই কুপন আপনার বাছাই করা পণ্যে খাটে না")। কিছু না বাছলে পুরো অর্ডারে। ন্যূনতম অর্ডার পুরো ব্যাগ ধরেই মাপা হয় |
| **শুধু প্রথম অর্ডারে (যে মোবাইল নম্বর আগে অর্ডার করেনি)** | শুধু যে নম্বর আপনার দোকানে আগে অর্ডার করেনি (বাতিল অর্ডার ধরা হয় না) |
| **নোট (নিজের জন্য)** | শুধু তালিকায় কোডের নিচে আপনি দেখবেন, কাস্টমার না; সর্বোচ্চ ৩০০ অক্ষর |

"প্রতি কাস্টমার" গোনা হয় অর্ডারের মোবাইল নম্বর দিয়ে। কোনো অর্ডার বাতিল হলে তার কুপন ব্যবহার ফেরত আসে, কাস্টমার আবার ব্যবহার করতে পারেন।

## তালিকা আর অবস্থা

তালিকায় প্রতিটা কুপনের **কোড**, **ছাড়**, **শর্ত**, **ব্যবহার** (যেমন "১২ / ১০০"), **অর্ডার / বিক্রি** (বাতিল না হওয়া অর্ডার, তাদের বিক্রি: পণ্যের দাম ডিসকাউন্ট বাদে, ডেলিভারি চার্জ ছাড়া; আর নিচে মোট কত ছাড় গেছে) আর **অবস্থা**:

- **চালু**: এখন ব্যবহার করা যাচ্ছে।
- **বন্ধ**: **চালু** টিক তুলে দেওয়া।
- **পরে শুরু**: **শুরু**-র সময় আসেনি।
- **মেয়াদ শেষ**: **শেষ**-এর সময় পেরিয়ে গেছে।
- **শেষ**: **মোট কতবার**-এর সীমা পূর্ণ।

সারির ডানের মেনু থেকে **এডিট** বা **মুছুন**। পুরোনো অর্ডারের হিসাব রাখতে মুছে না দিয়ে **চালু** তুলে বন্ধ রাখাই ভালো।

## লিংকে কুপন শেয়ার

স্টোরের যেকোনো লিংকের শেষে `?coupon=কোড` দিলে কুপনটা চেকআউটে নিজে থেকে বসে যায়, যেমন `https://আপনার-স্টোর.czcommerce.app/?coupon=EID20`। ফেসবুক পোস্ট, অ্যাড বা মেসেঞ্জারে এভাবে দিন। লিংকে আগে থেকে `?` থাকলে `&coupon=EID20` দিন।

কুপন যেখানে চলে: স্টোরের চেকআউট, [হাতে নেওয়া অর্ডার](https://docs.czcommerce.app/orders/manual-order), আর কাস্টমার কোড দিলে Messenger বা Instagram-এ [AI বিক্রেতার](https://docs.czcommerce.app/inbox/ai-salesperson) নেওয়া অর্ডার। [রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms#steps)-এ কোড পাঠানো যায়, কাস্টমার চেকআউটে লিখে নেন। ল্যান্ডিং পেজের অর্ডার ফর্মে কুপনের ঘর নেই।

আরও দেখুন: [ফ্ল্যাশ সেল](https://docs.czcommerce.app/marketing/flash-sales) · [কোথা থেকে অর্ডার](https://docs.czcommerce.app/marketing/attribution)
