# ল্যান্ডিং পেজ

> ফেসবুক অ্যাডের জন্য এক পণ্যের আলাদা পেজ, নিচেই অর্ডার ফর্ম। টেমপ্লেট বেছে বানান, প্ল্যান অনুযায়ী কয়টা বানানো যায় দেখুন।

উৎস: https://docs.czcommerce.app/landing/landing-pages  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=731W24JYWZA&t=14s

ল্যান্ডিং পেজ হলো একটা পণ্য (বা কয়েকটা) বিক্রির জন্য একটা লম্বা পেজ: বড় ছবি, সুবিধা, রিভিউ, দাম আর একদম নিচে অর্ডার ফর্ম। কাস্টমার কার্ট-চেকআউট ছাড়াই ওই পেজ থেকেই অর্ডার দেন। ফেসবুক অ্যাডের লিংক এখানে দিলে বিক্রি সাধারণত বেশি হয়।

## পেজের তালিকা

বাঁ মেনু থেকে **ল্যান্ডিং পেজ** খুলুন; **সব পেজ** ট্যাবে তালিকা। এর জন্য **মার্কেটিং: কুপন, ফ্ল্যাশ সেল, ল্যান্ডিং পেজ** অনুমতি লাগে (মালিক, অ্যাডমিন আর ম্যানেজারের আছে)। তালিকায় প্রতিটা পেজের:

- **পেজ**: নাম আর ঠিকানা (`/lp/…`)।
- **অবস্থা**: **ড্রাফট** (শুধু আপনি দেখেন) বা **প্রকাশিত** (সবাই দেখে)। প্রকাশিত পেজের পাশে **পেজ খুলুন ↗** চাপলে লাইভ পেজ খোলে।
- **অর্ডার (৩০ দিন)**: গত ৩০ দিনে এই পেজ থেকে কয়টা অর্ডার (বাতিল বাদে)।
- **শেষ বদল**: শেষ কবে বদলানো হয়েছে।

নাম চাপলে (বা সারির মেনুতে **এডিট**) [এডিটর](https://docs.czcommerce.app/landing/editor) খোলে।

## ফিল্টার

তালিকার উপরে **ফিল্টার** চাপলে একটা প্যানেল খোলে (ফোনে নিচ থেকে, কম্পিউটারে পাশ থেকে)। যা লাগে বেছে **ফলাফল দেখুন** চাপুন:

- **অবস্থা**: **প্রকাশিত** বা **ড্রাফট**।
- **টেমপ্লেট**: কোন টেমপ্লেট থেকে বানানো, এক বা একাধিক।
- **পণ্য**: পণ্যের নাম বা SKU লিখে বেছে নিন; যে পেজগুলো সেই পণ্য বিক্রি করে (ড্রাফটে বা লাইভ পেজে) শুধু সেগুলো থাকে।
- **অর্ডার (৩০ দিন)**: কত থেকে কত, যেমন সর্বোচ্চ ০ দিলে যে পেজ থেকে কোনো অর্ডার আসেনি।
- **তারিখ**: কোন দিন থেকে কোন দিন, **শেষ বদল** বা **বানানোর দিন** ধরে।

চালু প্রতিটা ফিল্টার তালিকার উপরে চিপ হয়ে দেখায়; × চাপলে সরে, **সব মুছুন** চাপলে সব। দ্রুত ফিল্টারে এক চাপেই হয়: **প্রকাশিত**, আর **অর্ডার আসছে না** (প্রকাশিত, কিন্তু গত ৩০ দিনে কোনো অর্ডার আসেনি; এদের অ্যাড বা অফার একবার দেখুন)। **ফিল্টার সেভ করুন** চাপলে নিজের বাছাই নাম দিয়ে থাকে। ফিল্টার পাতার ঠিকানাতেও থাকে, তাই লিংক কপি করে পাঠালে একই তালিকা খোলে। তালিকার উপরের সংখ্যা ("৩ / ৫ পেজ") সবসময় আপনার সব পেজের, ফিল্টার যা-ই হোক।

## ওভারভিউ

**সব পেজ**-এর পাশের **ওভারভিউ** ট্যাবে দেখা যায় কোন পেজ থেকে কয়টা অর্ডার আর কত টাকার বিক্রি এসেছে। উপরে সময় বাছুন (**গত ৩০ দিন**, **এই মাস**, **নিজে বাছুন** ইত্যাদি)।

- কার্ডে: সব পেজ মিলিয়ে অর্ডার, বিক্রি, সবচেয়ে বেশি অর্ডার আসা পেজ আর কনভার্শন।
- বারে: কোন পেজ থেকে মোট অর্ডারের কত ভাগ।
- টেবিলে প্রতিটা পেজের অর্ডার, বিক্রি, গড় অর্ডার, ক্যানসেল, ডেলিভারি, রিটার্ন, অসম্পূর্ণ আর কনভার্শন। পেজের নাম চাপলে এডিটর খোলে; **অর্ডারগুলো দেখুন** চাপলে ওই পেজের অর্ডারগুলো অর্ডার তালিকায় খোলে।

রিপোর্ট পাতার **ল্যান্ডিং পেজ** ট্যাবেও একই হিসাব আছে, সেখান থেকে এক্সেলে নামানো যায়। কীভাবে গোনা হয়: [ল্যান্ডিং পেজের হিসাব](https://docs.czcommerce.app/reports/reports#landing-pages)।

## কয়টা পেজ বানানো যায়

তালিকার উপরে লেখা থাকে কয়টা বানিয়েছেন আর কয়টা পারবেন, যেমন "২ / ৩ পেজ"। ড্রাফট আর প্রকাশিত, দুটোই গোনা হয়। শুরুর হিসাবে:

| প্ল্যান | ল্যান্ডিং পেজ | প্রিমিয়াম টেমপ্লেট |
|---|---|---|
| ফ্রি | ১টা | না |
| স্টার্টার | ৩টা | না |
| গ্রোথ | ১০টা | হ্যাঁ |
| প্রো | সীমাহীন | হ্যাঁ |

সীমায় পৌঁছালে নতুন পেজ বা ডুপ্লিকেট বানানো যায় না। জায়গা লাগলে পুরোনো পেজ মুছুন, প্ল্যান বাড়ান, অথবা স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতার বিলিং অংশে **অ্যাড-অন** থেকে "আরও ৫টা ল্যান্ডিং পেজ" কিনুন ([অ্যাড-অন](https://docs.czcommerce.app/plan-billing/add-ons))। প্ল্যান আর দাম: [প্ল্যান](https://docs.czcommerce.app/plan-billing/plans)।

ছোট প্ল্যানে গেলে তার সীমার বাইরের পেজ আনপাবলিশ হয় আর লেখা থাকে **নিষ্ক্রিয় — প্ল্যান সীমা**; জায়গা না হওয়া পর্যন্ত পাবলিশ করা যায় না, আর জায়গা হলে নিজে থেকে আগের মতো ফিরে আসে ([প্ল্যান ছোট হলে](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#inactive))।

## টেমপ্লেট

প্রতিটা টেমপ্লেট একটা পুরো পেজ, সব লেখা-ছবি-সেকশন পরে বদলানো যায়। বিভাগ অনুযায়ী ছাঁকা যায়: **সব**, **পোশাক**, **বিউটি**, **গ্যাজেট**, **খাবার**, **স্বাস্থ্য**, **সাধারণ**।

প্রতিটা কার্ডে ছোট ছবি, নাম, কী ধরনের পণ্যের জন্য, আর কোন কোন সেকশন আছে লেখা থাকে। **প্রিমিয়াম** ব্যাজওয়ালা টেমপ্লেট গ্রোথ আর প্রো প্ল্যানে; অন্য প্ল্যানে কার্ডে লেখা থাকে **আপনার প্ল্যানে নেই**। কোন টেমপ্লেট প্রিমিয়াম, সেটা আমরা সময়ে সময়ে বদলাতে পারি।

## নতুন পেজ বানান

1. **ল্যান্ডিং পেজ** পাতায় **নতুন পেজ** চাপুন।
2. পছন্দের টেমপ্লেটে **এটা দিয়ে শুরু** চাপুন।
3. যে পপআপ খোলে তাতে **পেজের নাম** লিখুন, যেমন "ঈদের পাঞ্জাবি অফার"। নামটা শুধু আপনার জন্য আর SEO শিরোনামে বসে।
4. **পেজ তৈরি করুন** চাপুন। নাম থেকে ঠিকানা বানিয়ে এডিটর খোলে, পেজ থাকে **ড্রাফট**।

এরপর [এডিটরে](https://docs.czcommerce.app/landing/editor) পণ্য বাছুন, লেখা-ছবি বদলান আর প্রকাশ করুন। অ্যাডে লাগানোর নিয়ম: [ফেসবুক অ্যাডে ল্যান্ডিং পেজ](https://docs.czcommerce.app/landing/facebook-ads)।

> **জেনে রাখুন:**
> ল্যান্ডিং পেজের অর্ডার ফর্মে কুপনের ঘর নেই, আর স্টোরের ফ্ল্যাশ সেলের দাম এখানে খাটে না। পেজের নিজস্ব দাম, কম্বো আর পরিমাণভিত্তিক দাম দিয়ে অফার দিন।
