# ইনকমপ্লিট অর্ডারের রিপোর্ট

> কাস্টমাররা কোন ধাপে থামছেন, কয়টা ফিরে এল, কত টাকার অর্ডার আর রিকভারি SMS-এ কত ক্রেডিট গেল, এক পাতায়।

উৎস: https://docs.czcommerce.app/incomplete/report  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=cupT8SwAb5s&t=35s

রিপোর্টে দেখবেন ইনকমপ্লিট অর্ডার থেকে আসলে কত অর্ডার ফিরছে, আর রিকভারি SMS-এর খরচ উঠছে কি না।

## রিপোর্ট খুলুন

1. বাঁ মেনু থেকে **ইনকমপ্লিট অর্ডার** খুলুন।
2. উপরে **রিপোর্ট** চাপুন।
3. **সময়কাল**-এ শুরু আর শেষের তারিখ দিন। শুরুতে গত ৩০ দিন থাকে। তারিখ বাংলাদেশ সময়ে, আর গোনা হয় ইনকমপ্লিট অর্ডারটা যেদিন প্রথম এসেছে সেই দিন ধরে। ব্লক করা ক্রেতার চেকআউট (**আটকানো** চিহ্নের গুলো) এখানে গোনা হয় না, কারণ সেগুলো হারানো বিক্রি নয়; যার অর্ডার [মাসের অর্ডার সীমার বাইরে](https://docs.czcommerce.app/orders/orders#hidden-orders) অপেক্ষায় আছে, সেটাও না।

## কোন ধাপে থেমেছেন

**কোন ধাপে থেমেছেন** কার্ডে প্রতিটা ধাপে কতজন থেমেছেন, বার আর সংখ্যায়: **কার্টে রেখেছেন**, **চেকআউট খুলেছেন**, **নাম-ফোন দিয়েছেন**, **ঠিকানা দিয়েছেন**, **অর্ডার দিতে গিয়ে আটকেছেন**। ফোনসহ আর শুধু-কার্ট, দুটোই এখানে গোনা হয়।

> **টিপ:**
> **অর্ডার দিতে গিয়ে আটকেছেন** বেশি হলে চেকআউটে কিছু আটকাচ্ছে, যেমন ডেলিভারি জোন নেই বা পেমেন্টের নিয়ম। একটা খুলে লাল লেখার কারণটা দেখুন।

## কী হলো

**কী হলো** কার্ডে প্রতিটা অবস্থায় কয়টা, আর বন্ধনীতে তার মধ্যে **ফোনসহ** কয়টা: **নতুন**, **যোগাযোগ হয়েছে**, **রিকভার হয়েছে**, **নিজেই অর্ডার করেছেন**, **হারিয়ে গেছে**, **ভুয়া**। অবস্থাগুলোর মানে: [ইনকমপ্লিট অর্ডার](https://docs.czcommerce.app/incomplete/incomplete-orders#statuses)।

### রিকভারির হার

কার্ডের নিচে **রিকভারির হার**:

> রিকভারির হার = (**রিকভার হয়েছে** + **নিজেই অর্ডার করেছেন**) ÷ ফোনসহ সব ইনকমপ্লিট অর্ডার × ১০০

যেমন ২০০টা ফোনসহ ইনকমপ্লিট অর্ডার থেকে ৩০টা রিকভার আর ১০টা নিজে ফিরে অর্ডার দিলে হার ২০%।

## টাকা আর রিকভারি SMS

**টাকা** কার্ডে:

- **রিকভারি থেকে অর্ডার**: **রিকভার হয়েছে** অবস্থার অর্ডারগুলোর বিক্রি (পণ্যের দাম ডিসকাউন্ট বাদে, ডেলিভারি চার্জ ছাড়া; রিকভারি লিংক থেকে আসা বা আপনার বানানো অর্ডার)।
- **নিজে ফিরে অর্ডার**: কাস্টমার নিজে ফিরে যে অর্ডার দিয়েছেন তার বিক্রি।
- **রিকভারি SMS**: **পাঠানো**, কয়টা রিকভারি SMS গেছে (যেগুলো যায়নি সেগুলো বাদ)।
- **ক্রেডিট খরচ**: সেগুলোতে কত SMS ক্রেডিট কেটেছে।

**রিকভারি থেকে অর্ডার**-এর টাকা আর **ক্রেডিট খরচ** পাশাপাশি দেখলেই বোঝা যায় SMS-এর খরচ উঠছে কি না।

## উৎস / ক্যাম্পেইন

**উৎস / ক্যাম্পেইন** টেবিলে ফোনসহ ইনকমপ্লিট অর্ডার কোথা থেকে এসেছে (সবচেয়ে বেশি ২০টা সারি):

- **উৎস**: লিংকে `utm_campaign` থাকলে সেটা, না থাকলে কোথায় থেমেছেন: `storefront` (স্টোর) বা `landing_page` (ল্যান্ডিং পেজ)।
- **ফোনসহ**: কয়টা এসেছে।
- **অর্ডার হয়েছে**: তার মধ্যে কয়টা পরে অর্ডার হয়েছে (রিকভার বা নিজে)।

কোন অ্যাড থেকে বেশি মানুষ মাঝপথে চলে যাচ্ছেন, এখানে বোঝা যায়। লিংকে UTM দেওয়ার নিয়ম: [কোথা থেকে অর্ডার](https://docs.czcommerce.app/marketing/attribution#tag-links)।

আরও দেখুন: [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms)
