# ইনকমপ্লিট অর্ডার

> যাঁরা কার্টে পণ্য রেখে বা চেকআউটে নাম-ফোন লিখে চলে গেছেন, তাঁদের তালিকা। কল করুন, SMS পাঠান, নিজে অর্ডার বানিয়ে দিন।

উৎস: https://docs.czcommerce.app/incomplete/incomplete-orders  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=cupT8SwAb5s

অনেক কাস্টমার পণ্য বেছে, চেকআউটে নাম-ফোন লিখে, শেষে অর্ডার না দিয়েই চলে যান। আমরা তাঁদের লেখা তথ্য রেখে দিই, যাতে আপনি ফোন করে বা SMS পাঠিয়ে অর্ডারটা ফিরিয়ে আনতে পারেন। সব প্ল্যানেই এটা চালু।

## কোনটা ইনকমপ্লিট অর্ডার, কখন সেভ হয়

কাস্টমার লিখতে লিখতেই তথ্য সেভ হয়, "অর্ডার করুন" চাপার অপেক্ষা করি না। যে ধাপে থেমেছেন সেটাই **কোন ধাপে থেমেছেন** কলামে দেখায়:

| ধাপ | কখন |
|---|---|
| **কার্টে রেখেছেন** | কার্টের পাতা খুলেছেন, কিন্তু চেকআউটে যাননি |
| **চেকআউট খুলেছেন** | চেকআউট পাতা খুলেছেন, ঠিক ফোন নম্বর দেননি |
| **নাম-ফোন দিয়েছেন** | সঠিক মোবাইল নম্বর লিখেছেন |
| **ঠিকানা দিয়েছেন** | জেলা বেছে ঠিকানাও লিখেছেন |
| **অর্ডার দিতে গিয়ে আটকেছেন** | অর্ডার চেপেছিলেন কিন্তু কোনো সমস্যায় যায়নি (কারণটা লাল লেখায় দেখায়) |

স্টোরের চেকআউট আর ল্যান্ডিং পেজের অর্ডার ফর্ম, দুই জায়গা থেকেই আসে। **কার্ট** আর তার দাম হলো অর্ডারটা যত হতো: আজকের দাম (ফ্ল্যাশ সেল চললে সেল দামে), বা ল্যান্ডিং পেজে বাছাই করা পণ্যে পেজের নিজের দাম, কম্বো আর পরিমাণভিত্তিক দাম। একই ফোন থেকে ২৪ ঘণ্টার মধ্যে কয়েকবার চেষ্টা করলে সেগুলো একসাথে বাঁধা থাকে, বিস্তারিত পাতায় **একই ফোনের আগের চেষ্টা**-তে দেখা যায়।

যেই কাস্টমার নিজেই পরে অর্ডার দেন, তাঁর ইনকমপ্লিট অর্ডার নিজে থেকে বন্ধ হয়ে যায় (নিচে [অবস্থা](#statuses) দেখুন)।

## তালিকা, ট্যাব আর ফিল্টার

1. বাঁ মেনু থেকে **ইনকমপ্লিট অর্ডার** খুলুন। মেনুর পাশের সংখ্যাটা গত ২৪ ঘণ্টার নতুন, ফোনসহ ইনকমপ্লিট অর্ডার।
2. উপরের ট্যাব বেছে নিন: **ফোন নম্বরসহ** (যাঁদের ফোন করা যায়) অথবা **শুধু কার্ট** (ফোন দেননি, শুধু কার্ট আছে)।
3. তার নিচে অবস্থার ট্যাব, প্রতিটায় কয়টা আছে সেই সংখ্যাসহ, অর্ডারের তালিকার মতোই: **সব**, **খোলা**, প্রতিটা অবস্থা, আর **আটকানো** (মোবাইলে সারিটা পাশে সরিয়ে দেখা যায়)।
4. দরকার হলে সার্চে **নাম / ফোন / ঠিকানা** লিখুন, বা **ফিল্টার** দিন (ধাপ, কল, SMS, তারিখ, টাকা, জেলা; দেখুন [ফিল্টার](#filters))।
5. পুরো তালিকা Excel-এ নিতে **CSV ডাউনলোড** চাপুন (ইনকমপ্লিট অর্ডারে ফলো-আপ আর অর্ডার এক্সপোর্টের অনুমতি লাগে)। যে ফিল্টার দেওয়া আছে, সেটা মেনেই ফাইল হয়; ২,০০০ সারির বেশি হলে পেছনে তৈরি হয় আর ইমেইল পাবেন ([এক্সপোর্ট পাতা](https://docs.czcommerce.app/products/import#exports-page))।

তালিকা খোলে **খোলা** ট্যাবে, মানে শুধু **নতুন** আর **যোগাযোগ হয়েছে**। বাকিগুলো দেখতে **সব** বা নির্দিষ্ট অবস্থার ট্যাব বাছুন; **সব**-এ ব্লক করা ক্রেতার গুলো থাকে না, ওগুলোর নিজের ট্যাব আছে। উপরের **রিপোর্ট** লিংকে পুরো হিসাব পাবেন ([ইনকমপ্লিট অর্ডারের রিপোর্ট](https://docs.czcommerce.app/incomplete/report)); পাশের **অটো রিকভারি সেটিংস** খোলে [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms)-এর সেটিং (দেখায় শুধু ইনকমপ্লিট অর্ডারে ফলো-আপের অনুমতি থাকলে)। **উৎস** কলামে দেখায় ক্রেতা কোন ক্যাম্পেইন থেকে এসেছেন (লিংকে থাকলে), না থাকলে কোথা থেকে এসেছেন। তালিকায় এক পাতায় ২০টা; নিচের অংশে এক পাতায় ২০, ৫০ বা ১০০ বাছা আর পাতা বদলানো যায় ([তালিকার নিচের অংশ](https://docs.czcommerce.app/orders/orders#pages))।

> **জেনে রাখুন:**
> আপনার [মাসের অর্ডার সীমা](https://docs.czcommerce.app/orders/orders#order-limit) শেষ থাকলে এই মাসের ইনকমপ্লিট অর্ডার **সীমার কারণে ঢাকা** দেখায়: নম্বরের শুধু শুরু আর শেষ (যেমন ০১*******৮৯), নাম বা ঠিকানা নেই, আর সার্চে আসে না। এগুলোতে ফোন, SMS, অর্ডার বানানো আর ব্লক বন্ধ থাকে (বেছে নিয়ে ভুয়া চিহ্নিত করুন চাপা যায়)। প্ল্যান বাড়ালে বা নতুন মাসে আবার পুরোটা দেখায়; যে নম্বর থেকে সীমার বাইরের অর্ডার এসেছে, সেটা ঢাকাই থাকে। ক্রেতা অর্ডার শেষ করলে সেটা [সীমার বাইরের অর্ডার](https://docs.czcommerce.app/orders/orders#hidden-orders) পাতায় আসে। খুললে উপরে কারণটা লেখা থাকে।

### একসাথে অনেকগুলো

সারির বাঁয়ের টিক দিয়ে কয়েকটা বাছলে নিচে বার আসে:

- **রিকভারি SMS পাঠান**: বাছাই করা সবাইকে ধাপ ১-এর লেখা যায়। ফোন নেই, ঢাকা, ব্লক করা বা SMS বন্ধ চেয়েছেন এমন নম্বর বাদ পড়ে।
- **ভুয়া চিহ্নিত করুন**: সবগুলো **ভুয়া** হয়ে তালিকা থেকে সরে যায়।

দুটোই খাটে শুধু **নতুন** আর **যোগাযোগ হয়েছে** অবস্থার গুলোতে; শেষে বারে লেখা আসে কয়টায় হলো।

টিক শুধু পর্দায় থাকা সারিগুলোর জন্য: অন্য পাতা, ট্যাব বা ফিল্টারে গেলে বাছাই নতুন করে শুরু হয়, তাই চোখের আড়ালের কাউকে SMS যায় না। ইনকমপ্লিট অর্ডার বদলানোর অনুমতি যাঁদের আছে, শুধু তাঁরাই টিক আর বারটা দেখেন।

## ফিল্টার

সার্চের পাশের **ফিল্টার** বাটন চাপলে ফিল্টারের তালিকা খোলে (মোবাইলে নিচ থেকে, বড় পর্দায় পাশ থেকে)। যা যা বাছবেন সব মিলে যায় এমনগুলোই দেখায়; **ফলাফল দেখুন** চাপলে তালিকা বদলায়। একই ফিল্টারে কয়েকটা বাছা যায় (যেমন দুটো ধাপ)।

- **চেকআউট**: **ধাপ** (কোথায় থেমেছেন), **কোথায় ছেড়েছেন** (ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা ম্যানুয়াল)।
- **যোগাযোগ**: **কলের ফলাফল** (যেমন **ফোন ধরেননি**, বা **এখনো কল হয়নি**), **রিকভারি SMS** পাঠানো হয়েছে কি না, আর **আবার কল**: সময় দেওয়া আছে, বা সেই সময় হয়ে গেছে।
- **তারিখ ও টাকা**: তারিখের ঘর, **শেষ কাজের দিন** বা **শুরুর দিন** ধরে; আর **কার্টের টাকা**র সর্বনিম্ন-সর্বোচ্চ।
- **এলাকা**: **জেলা** (ক্রেতা চেকআউটে যে জেলা দিয়েছেন)।

যে ফিল্টার চালু, সেগুলো তালিকার উপরে চিপ হয়ে দেখায়; চিপের × চাপলে সেটা ওঠে, **সব মুছুন** চাপলে সব ওঠে (ফোন/কার্ট আর অবস্থার ট্যাব যেমন ছিল থাকে)। অবস্থার ট্যাবের সংখ্যাগুলোও এই ফিল্টার মেনে গোনা হয়।

উপরের দ্রুত ফিল্টারে এক চাপে: **অর্ডারে আটকেছেন**, **কল বাকি**, **আবার কলের সময়**, **ল্যান্ডিং পেজ থেকে**। নিজের বাছাই রেখে দিতে **ফিল্টার সেভ করুন** চাপুন; পরে এক চাপে আবার খুলবে, শুধু আপনি দেখবেন।

ফিল্টারগুলো পাতার লিংকে থাকে: লিংক কাউকে পাঠালে বা পাতা আবার খুললে একই তালিকা আসে, আর ব্রাউজারের পেছনের বাটনে আগের ফিল্টারে ফেরা যায়। **CSV ডাউনলোড** এই ফিল্টার মেনেই ফাইল বানায়।

## একটা ইনকমপ্লিট অর্ডারে কী করবেন

নাম চাপলে বিস্তারিত পাতা খোলে। শিরোনামের নিচে এর অবস্থা (**নতুন**, **ব্লক**, **আটকানো**, SMS বন্ধ চাওয়া, বা যে অর্ডার হয়েছে তার লিংক)। তারপর দুটো কলাম:

- বাঁয়ে: [কাস্টমারের কার্ড](#customer), **কার্ট** (নিচে কোন **ক্যাম্পেইন** থেকে এসেছেন আর অর্ডার না হওয়ার **শেষ সমস্যা**), **টাইমলাইন** (কখন কোন ধাপে এলেন, কে কবে কল করল, কোন SMS গেল) আর **একই ফোনের আগের চেষ্টা**।
- ডানে: **অর্ডারে রূপান্তর** আর SMS-এর কার্ড (শুধু **নতুন** বা **যোগাযোগ হয়েছে** অবস্থায়), তার নিচে **কুরিয়ারের রেকর্ড**-এ কুরিয়ারগুলোতে তাঁর সফলতার হার ([কুরিয়ারে কাস্টমারের রেকর্ড](https://docs.czcommerce.app/couriers/customer-record)), আর সবশেষে **কলের ফলাফল**।

আপনার অনুমতিতে আমাদের সাপোর্ট টিম সাপোর্ট মোডে স্টোরে ঢুকে কিছু করলে টাইমলাইনে তা লেখা থাকে: "আপনার নাম (CZ সাপোর্ট: তাঁর নাম)"।

### কাস্টমারের কার্ড

**কাস্টমার** কার্ডের দুটো ভাগ, বড় পর্দায় পাশাপাশি, ফোনে একটার নিচে আরেকটা:

- **যোগাযোগ ও ডিভাইস**: নাম, তার নিচে এই নম্বরের আগের অর্ডার, ডেলিভারি আর ফেরতের হিসাব; তারপর মোবাইল নম্বর, পাশে কল আর WhatsApp-এর দুটো ছোট আইকন; তারপর ডিভাইস (স্টোরের দেওয়া র‍্যান্ডম id, নিচে ব্রাউজারের বিবরণ এক লাইনে, চাপলে পুরোটা) আর IP।
- **ঠিকানা**: **পুরো ঠিকানা**, **থানা ও জেলা** আর ক্রেতার **নোট**।

মোবাইল, ডিভাইস আর IP-এর নিচে তার অবস্থা (**ব্লক নেই** বা "ব্লক আছে · ৭ দিন বাকি"), পাশে ছোট **ব্লক** বা **আনব্লক** বোতাম। কার্ডের নিচে **একই মানুষের আর কী**: **এই নম্বর থেকে**, **এই ডিভাইস থেকে** আর **এই IP থেকে** কয়টা অর্ডার আর ইনকমপ্লিট, **তালিকা** আর **সব অর্ডার** লিংকসহ। ঝুঁকির কারণ আর অন্য দোকানের হিসাবও (প্ল্যানে থাকলে) এখানে। আগে এসব আলাদা "ফ্রড ও ব্লক" কার্ডে ছিল। বিস্তারিত: [অর্ডারের পাতার কাস্টমার কার্ড](https://docs.czcommerce.app/orders/order-details#fraud-check)।

### কল বা WhatsApp

1. নম্বরের পাশের ফোন আইকন চাপলে কল যায়, WhatsApp আইকন চাপলে WhatsApp-এ চ্যাট খোলে (মাউস রাখলে লেখা আসে "WhatsApp-এ যোগাযোগ করুন")। তালিকাতেও নম্বরের পাশে এই দুটো আইকন।
2. কথা শেষে ডান কলামের একেবারে নিচের **কলের ফলাফল** থেকে ফল বাছুন: **কনফার্ম করেছেন**, **ফোন ধরেননি**, **পরে কল করতে বলেছেন**, **আগ্রহী নন** বা **ভুল নম্বর**।
3. চাইলে **নোট** লিখুন, আর পরে আবার ফোন করার থাকলে **আবার কল**-এ সময় দিন। সেই সময়টা তালিকায় হলুদ লেখায় দেখায়।
4. **লিখে রাখুন** চাপুন। **নতুন** অবস্থার অর্ডার এতে **যোগাযোগ হয়েছে** হয়ে যায়।

> **জেনে রাখুন:**
> **আগ্রহী নন** বা **ভুল নম্বর** দিলে এই অর্ডারে অটো রিকভারি SMS আর যায় না।

### অর্ডার বানিয়ে দিন

কাস্টমার ফোনে রাজি হলে **অর্ডারে রূপান্তর** চাপুন। হাতে অর্ডার নেওয়ার ফর্ম খোলে, নাম, ফোন, ঠিকানা আর কার্টের পণ্য আগে থেকেই বসানো থাকে। দেখে নিয়ে অর্ডার নিশ্চিত করুন ([হাতে অর্ডার নেওয়া](https://docs.czcommerce.app/orders/manual-order))। অর্ডার হলে ইনকমপ্লিট অর্ডারটা বন্ধ হয়ে নতুন অর্ডারের সাথে লিংক হয়ে যায়।

### এখনই রিকভারি SMS

1. ড্রপডাউন থেকে কোন লেখা যাবে বাছুন: **ধাপ ১-এর লেখা**, ধাপ ২ বা ধাপ ৩ (লেখাগুলো [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms#steps) সেটিংসে ঠিক করা)।
2. **রিকভারি SMS এখনই** চাপুন। "SMS পাঠানোর কাজ জমা হয়েছে" দেখাবে, আর টাইমলাইনে লেখা আসবে।

SMS-এ একটা লিংক থাকে। চাপলে কাস্টমারের কার্ট আর ফর্ম আগের মতো ভরা অবস্থায় খোলে। ল্যান্ডিং পেজের চেষ্টা হলে সেই পেজটাই খোলে, কাস্টমারের বাছাই (পণ্য, কম্বো আর পরিমাণ) আর ফর্ম ভরা, আর সেখান থেকে অর্ডার হলে সেটা রিকভার্ড ধরা হয়। এই SMS-এ [SMS ক্রেডিট](https://docs.czcommerce.app/sms/sms-and-email#credits) লাগে (নিজের গেটওয়ে থাকলে লাগে না)। হাতে পাঠানো SMS সব প্ল্যানেই চলে; নিজে থেকে পাঠানোর জন্য অটো রিকভারি লাগে।

### ভুয়া, ব্লক আর SMS বন্ধ

- **ভুয়া**: অর্ডারটা ভুয়া চিহ্নিত হয়ে তালিকা থেকে সরে যায়।
- **ব্লক করুন** (কাস্টমার বদলানোর অনুমতি লাগে): [ব্লক করার ডায়ালগ](https://docs.czcommerce.app/orders/fraud-and-blocklist#block-dialog) খোলে; ফোন, ডিভাইস বা IP ব্লক করুন, আর **এই ইনকমপ্লিট জাঙ্ক করুন** বাছা থাকলে একসাথে ভুয়াও হয়। তালিকায় নামের পাশে **ব্লক** দেখায়। শুধু একটা জিনিস ব্লক করতে [কাস্টমারের কার্ডে](#customer) সেটার পাশের **ব্লক** চাপুন; সেখানে একই মানুষের অন্য অর্ডারও দেখা যায়। অর্ডারটা ভুয়া, হারানো বা বন্ধ হলে **ব্লক করুন** কাস্টমারের কার্ডের শিরোনামের পাশে চলে আসে।
- ব্লক করা ক্রেতা আবার চেকআউট শুরু করলে সেটা নিজে থেকে ভুয়া হয়ে থাকে, কোনো SMS যায় না; তালিকায় **আটকানো** ট্যাবে দেখা যায়, পাশে **আটকানো** ব্যাজ।
- **আর SMS নয়**: কাস্টমার ফোনে বললেন আর SMS চান না, তখন এটা চাপুন। এই নম্বরে আপনার স্টোর থেকে আর কোনো রিকভারি SMS যাবে না, আর পাতায় লেখা থাকবে "এই নম্বর আর রিকভারি SMS চায় না"। অর্ডারের SMS (অর্ডার পাওয়া গেছে, পাঠানো হয়েছে ইত্যাদি) এতে বন্ধ হয় না।

### আবার খুলুন

**ভুয়া** বা **হারিয়ে গেছে** অবস্থার অর্ডারে **আবার খুলুন** বোতাম থাকে। চাপলে আবার **নতুন** হয়, আর অটো SMS প্রথম ধাপ থেকে আবার শুরু হতে পারে। অর্ডার হয়ে যাওয়া (**রিকভার হয়েছে**, **নিজেই অর্ডার করেছেন**) আর খোলা যায় না।

## অবস্থাগুলো কী বোঝায়

| অবস্থা | কীভাবে আসে |
|---|---|
| **নতুন** | কাস্টমার থেমে গেছেন, এখনো কেউ কিছু করেনি |
| **যোগাযোগ হয়েছে** | কলের ফলাফল লিখেছেন, বা হাতে রিকভারি SMS পাঠিয়েছেন |
| **রিকভার হয়েছে** | রিকভারি SMS-এর লিংক থেকে কাস্টমার অর্ডার দিয়েছেন, বা আপনি **অর্ডারে রূপান্তর** দিয়ে অর্ডার বানিয়েছেন |
| **নিজেই অর্ডার করেছেন** | একই ফোন থেকে কাস্টমার নিজেই পরে অর্ডার দিয়েছেন (সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে) |
| **হারিয়ে গেছে** | অটো রিকভারি চালু থাকলে, সব ধাপের SMS যাওয়ার পর নির্দিষ্ট দিন কিছু না হলে নিজে থেকে ([কত দিন পর](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms#lost)) |
| **ভুয়া** | আপনি বা আপনার স্টাফ ভুয়া চিহ্নিত করেছেন |

## কত দিন থাকে

শেষ বদলের পর প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট দিন পর ইনকমপ্লিট অর্ডার নিজে থেকে মুছে যায়। শুরুর হিসাবে ফ্রি আর স্টার্টারে ৩০ দিন, গ্রোথে ৯০ দিন, প্রোতে ১৮০ দিন; প্ল্যানে সীমাহীন লেখা থাকলে কখনো মোছে না। প্ল্যান বদলালে সংখ্যাও বদলাতে পারে, আপনার প্ল্যানে কত তা [প্ল্যান ও লিমিট](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#limits) পাতায় দেখুন। ছোট প্ল্যানে গেলে (বা পেইড প্ল্যান শেষ হলে) আগের প্ল্যানের দিনের হিসাব আরও ৩০ দিন চলে, এর মধ্যে আবার আপগ্রেড করুন বা **CSV ডাউনলোড** করে রাখুন।

আরও দেখুন: [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms) · [ইনকমপ্লিট অর্ডারের রিপোর্ট](https://docs.czcommerce.app/incomplete/report)
