# AI বিক্রেতা

> AI কাস্টমারের মেসেজের উত্তর দেয়, পণ্য দেখায়, অর্ডার নেয়। কখন উত্তর দেয়, প্র্যাকটিস আর লাইভ মোড, সময়সূচি, কেনার আগ্রহ, ফলো-আপ, ভাষা, কার্ড, ছবি চেনা, অর্ডার আর বিল, নির্দেশনা আর টেস্ট চ্যাট।

উৎস: https://docs.czcommerce.app/inbox/ai-salesperson  
সর্বশেষ বদল: 2026-11-04  
ভিডিও: https://www.youtube.com/watch?v=drVdHM9lHhM&t=160s

AI বিক্রেতা আপনার দোকানের হয়ে Messenger, Instagram আর ওয়েবসাইটের চ্যাটে কাস্টমারের উত্তর দেয়। দাম আর স্টক বলে, পণ্যের ছবি ও কার্ড পাঠায়, ডেলিভারি চার্জ হিসাব করে, আর Messenger বা Instagram-এ অর্ডারও নেয়। রাত দুটোয় কেউ "দাম কত?" লিখলেও উত্তর পায়।

সব কাজ হয় বাঁ মেনুর **AI বিক্রেতা** পাতা থেকে। পাতাটা দেখতে লাগে **AI বিক্রেতা: সেটিং, নির্দেশনা, নলেজ বুক** অনুমতি; মালিক আর অ্যাডমিন রোলে থাকে, ম্যানেজারের থাকে না ([রোল](https://docs.czcommerce.app/staff/staff-and-roles#roles))।

> **জেনে রাখুন:**
> AI বিক্রেতা সব প্ল্যানে আছে, ফ্রি প্ল্যানেও, সাথে প্রতি মাসে ফ্রি AI ক্রেডিট: ফ্রি ৫০, স্টার্টার ৩০০, গ্রোথ ১,০০০, প্রো ২,৫০০ ([AI ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits))। [ফেসবুক পেজ যুক্ত](https://docs.czcommerce.app/inbox/connect-a-page) হলে আর [নির্দেশনা চালু](#instructions) করলে উত্তর দেওয়া শুরু করে।

## শুরু করার ধাপ

1. **নির্দেশনা** ট্যাবে একটা টেমপ্লেট বেছে দোকানের তথ্য দিয়ে খালি জায়গাগুলো পূরণ করুন, তারপর **সংরক্ষণ করে চালু করুন** ([নির্দেশনা](#instructions))।
2. পাশের টেস্ট চ্যাটে কাস্টমার সেজে কয়েকটা প্রশ্ন করে দেখুন AI কেমন উত্তর দেয় ([টেস্ট চ্যাট](#test-chat))।
3. **নলেজ বুক**-এ দোকানের নিয়মকানুন লিখে রাখুন ([নলেজ বুক](https://docs.czcommerce.app/inbox/ai-knowledge))।
4. **সেটিংস** ট্যাবে AI চালু করুন। শুরুতে মোড থাকে প্র্যাকটিস: শুধু আপনি আর আপনার টেস্টাররা AI-র উত্তর পান ([প্র্যাকটিস মোড](#practice-mode))।
5. সব ঠিক লাগলে **সবার জন্য চালু করুন** ([লাইভ মোড](#live-mode))।

## AI কখন উত্তর দেয়

AI উত্তর দেয় শুধু যখন সবগুলো মেলে:

- পুরো প্ল্যাটফর্মে AI চালু আছে (কখনো কখনো প্ল্যাটফর্ম টিম কিছুক্ষণের জন্য বন্ধ রাখে);
- আপনার স্টোরে AI বিক্রেতা ফিচার আছে, **সেটিংস** ট্যাবে AI চালু, আর একটা নির্দেশনা চালু আছে;
- ওই প্ল্যাটফর্মে AI চালু: Messenger, Instagram, ওয়েবসাইটের চ্যাট বা কমেন্ট ([কোন প্ল্যাটফর্মে AI চলবে](#platforms));
- ক্রেডিট আছে, আর আজকের বা এই মাসের সীমা পার হয়নি ([ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits));
- প্র্যাকটিস মোডে কাস্টমার টেস্টার; লাইভ মোডে সবাই;
- সময়সূচি মেনে চললে এখন AI-র সময়, অথবা **এখনই AI চালু করুন** দেওয়া আছে ([সময়সূচি](#schedule));
- চ্যাটে AI থামানো বা বন্ধ নেই, আর এই কাস্টমারের জন্য AI বন্ধ করা নেই ([AI আর আপনি](https://docs.czcommerce.app/inbox/inbox#ai));
- Messenger বা Instagram-এ কাস্টমারের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা পার হয়নি ([২৪ ঘণ্টার নিয়ম](https://docs.czcommerce.app/inbox/inbox#window))।

AI পাতার উপরে সবসময় লেখা থাকে AI এখন উত্তর দিচ্ছে কি না, আর না দিলে কেন: যেমন "নির্দেশনা নেই", "ক্রেডিট শেষ" বা "আজকের সীমা পূর্ণ"। কোনো শর্ত না মিললে চ্যাট শুধু মানুষের; কাস্টমার কোনো এরর দেখেন না।

AI কাস্টমারের মেসেজ পেয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে, যাতে একসাথে পাঠানো কয়েকটা মেসেজ পড়ে একটাই উত্তর দেয়। মেসেজ নিজেই পুরো প্রশ্ন হলে ("pp", "দাম কত?", "কোমর ৪২ হবে?", কোনো বোতাম) দেড় সেকেন্ড পরেই উত্তর লেখা শুরু করে। AI উত্তর লেখার সময় কাস্টমার আরেকটা মেসেজ দিলে, সেটার জন্য AI পরে আরেকটা উত্তর দেয়।

## কোন মেসেজে AI উত্তর দেয় না

উত্তর লেখার আগে AI মেসেজটা দেখে ঠিক করে: পুরো উত্তর, এক লাইনের ছোট উত্তর, কোনো উত্তর না, নাকি চ্যাট আপনার টিমের হাতে দেবে।

- **উত্তর দেয় না:** স্প্যাম, অচেনা লিংক, গালাগাল, অর্থহীন লেখা, শুধু ইমোজি, বা কেনাকাটার সাথে সম্পর্কহীন আড্ডা। কাস্টমারকে কিছু যায় না, কোনো ক্রেডিটও খরচ হয় না। চ্যাটে আপনার টিমের জন্য একটা লাইন থাকে: "AI উত্তর দেয়নি: দরকার নেই (স্প্যাম/অপ্রাসঙ্গিক)"।
- **টিমের হাতে দেয়:** বিক্রির বিষয় নয় এমন কথা, যেমন চাকরি, পার্টনারশিপ, অভিযোগ, টাকা ফেরত নিয়ে বিরোধ বা আইনি বিষয়। চ্যাট "মানুষ লাগবে" হয়, কাস্টমার [অপেক্ষার বার্তা](#hold-message) পান; রিপোর্টে কারণ লেখা থাকে "বিক্রির বিষয় নয়"।
- **ভয়েস মেসেজ পড়ে:** কাস্টমার ভয়েস মেসেজ পাঠালে সেটা লেখায় রূপান্তর হয় (বাংলা বা ইংরেজি, ৩ মিনিট পর্যন্ত), আর AI লেখা মেসেজের মতোই উত্তর দেয়। ভয়েস মেসেজের প্রতিটা শুরু হওয়া মিনিটে ১ ক্রেডিট ([ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits)), উত্তরের নিজের ক্রেডিটের সাথে। চ্যাটে ভয়েস মেসেজের নিচে লেখাটা "প্রতিলিপি" হিসেবে দেখায়; ভয়েসটাও আগের মতো শোনা যায়।
- **অস্পষ্ট ভয়েস মেসেজ টিমকে দেয়:** কথা পরিষ্কার না হলে (শব্দ, খুব আস্তে বলা), ৩ মিনিটের বেশি হলে, বা দোকানের ক্রেডিট না থাকলে AI আন্দাজ করে না। চ্যাট "মানুষ লাগবে" হয়, কাস্টমার [অপেক্ষার বার্তা](#hold-message) পান; চ্যাটে লাইন থাকে "AI চ্যাটটি টিমকে দিয়েছে: ভয়েস মেসেজ — মানুষ শুনে উত্তর দিন", রিপোর্টে কারণ "ভয়েস মেসেজ"। অস্পষ্ট ভয়েসের ক্রেডিট ফেরত আসে, আর লেখাটা "অস্পষ্ট" চিহ্নসহ দেখায়। ভয়েস মেসেজ কখনো স্প্যাম ধরা হয় না।
- **ছোট উত্তর দেয়:** কাস্টমার একই প্রশ্ন আবার করলে AI এক লাইনে উত্তর দেয়, পুরো কথা আবার বলে না।
- **নিশ্চিত না হলে উত্তর দেয়।** কোনো মেসেজ কেনাকাটার কি না বোঝা না গেলে AI সবসময় উত্তর দেয়; কাস্টমার যেন কখনো উত্তর ছাড়া না থাকেন।
- **দামের প্রশ্ন কখনো বাদ পড়ে না:** "pp", "p.p", "prize koti", "দাম।কতো"-এর মতো ছোট বা ভুল বানানের দামের প্রশ্ন, শুধু পণ্যের ছবি বা স্ক্রিনশট, আর বিজ্ঞাপনে ক্লিক করে আসা কাস্টমার সবসময় উত্তর পান।
- **যিনি আগেই কিনেছেন:** গত ৪৫ দিনে এই দোকানে অর্ডার থাকলে, বা কাস্টমার বলেন পেয়েছেন বা নিয়েছেন, AI নতুন পণ্য বিক্রির চেষ্টা করে না: অর্ডারের খবর দেয়, আর পাওয়া জিনিসে সমস্যা (সাইজ, রং, নষ্ট, বদল, ফেরত) হলে চ্যাট টিমকে দেয়।

এই বাছাইয়ের জন্য দোকানের কোনো ক্রেডিট খরচ হয় না।

## প্র্যাকটিস মোড

প্রথম চালু করলে AI থাকে প্র্যাকটিস মোডে। এই মোডে AI শুধু টেস্টারদের উত্তর দেয়; বাকি সব কাস্টমারের চ্যাট আগের মতোই আপনার টিমের হাতে, আর তাদের মেসেজে কোনো ক্রেডিট খরচ হয় না।

**টেস্টার কীভাবে হবেন:** **সেটিংস** ট্যাবে একটা কোড-শব্দ থাকে, যেমন `CZTEST-4821`। আপনার নিজের বা বন্ধুর Facebook বা Instagram থেকে পেজে শুধু এই কোড-শব্দটা লিখে পাঠান, আর কিছু না। সেই মানুষটা ৭ দিনের জন্য টেস্টার হয়ে যান। AI ছোট করে জানায় যে টেস্ট মোড চালু হয়েছে, আর ইনবক্সে চ্যাটের পাশে "টেস্টার" ব্যাজ আসে। এরপর থেকে তাঁর মেসেজের উত্তর AI দেয়।

- কোড-শব্দ বদলাতে পারেন: ৪ থেকে ২৪টা ইংরেজি বড় হাতের অক্ষর, সংখ্যা আর মাঝে ড্যাশ। **নতুন কোড** চাপলে নিজে একটা বানিয়ে দেয়।
- কোড বদলালে আগের টেস্টাররা ৭ দিন পর্যন্ত টেস্টারই থাকেন; নতুন কেউ আগের কোড দিয়ে আর টেস্টার হতে পারেন না।
- **সেটিংস** ট্যাবে দেখায় এখন কয়জন টেস্টার আছেন।

> **খেয়াল রাখুন:**
> টেস্টারের চ্যাটে সবকিছু আসল: আসল দাম, আসল স্টক, আর অর্ডার দিলে অর্ডার সত্যিই তৈরি হয়। টেস্ট শেষে সেই অর্ডারগুলো **অর্ডার** পাতা থেকে বাতিল করে দিন। শুধু [টেস্ট চ্যাট](#test-chat)-এ কোনো অর্ডার তৈরি হয় না।

## লাইভ মোড

**সবার জন্য চালু করুন** চাপলে নিশ্চিত করতে বলে; নিশ্চিত করলে AI সব কাস্টমারকে উত্তর দেওয়া শুরু করে। চাইলে যেকোনো সময় **প্র্যাকটিসে ফিরুন** চেপে আবার প্র্যাকটিসে ফিরতে পারেন। কে কখন মোড বদলেছেন, সেটা অ্যাক্টিভিটি লগে থাকে।

পুরো দোকানে AI এক্ষুনি থামাতে চাইলে **সেটিংস** ট্যাবের সুইচ বন্ধ করুন। তখন সব চ্যাট মানুষের হাতে যায়।

## কোন প্ল্যাটফর্মে AI চলবে

**সেটিংস** ট্যাবের **কোন প্ল্যাটফর্মে AI চলবে** কার্ডে প্রতিটা প্ল্যাটফর্মের আলাদা সুইচ আছে, তাই কোথায় AI উত্তর দেবে আপনি ঠিক করতে পারেন:

- **চ্যাট:** Facebook Messenger, Instagram মেসেজ আর ওয়েবসাইটের চ্যাট (দোকানের নিজের WhatsApp নম্বর যুক্ত হলে সেটাও এখানে, [WhatsApp যুক্ত করা](https://docs.czcommerce.app/inbox/connect-whatsapp#ai));
- **পোস্টের কমেন্ট:** Facebook পোস্টের কমেন্ট আর Instagram পোস্টের কমেন্ট, প্রতিটার নিজের সুইচ।

শুরুতে সব চালু, তাই কিছু বন্ধ না করা পর্যন্ত আগের মতোই চলে। সুইচ চাপলেই সংরক্ষণ হয়। প্রতিটার পাশে লেখা থাকে প্ল্যাটফর্মটা এখন যুক্ত কি না (পেজ বা Instagram অ্যাকাউন্ট যুক্ত, বা ওয়েবসাইটের চ্যাট চালু)।

যে প্ল্যাটফর্মে AI বন্ধ করবেন, সেখানকার সব কথোপকথন শুধু আপনার টিম সামলাবে: AI কোনো উত্তর, অপেক্ষার বার্তা বা ফলো-আপ পাঠায় না, "seen" বা "typing…" দেখায় না, "টিমকে দিয়েছে" লাইনও যোগ করে না। ইনবক্সে ওই চ্যাটে AI-র অবস্থার জায়গায় লেখা থাকে "এই প্ল্যাটফর্মে AI বন্ধ"; ওই প্ল্যাটফর্মের কমেন্ট আপনার টিমের জন্য **কমেন্ট** তালিকায় থাকে। বাকি প্ল্যাটফর্ম আগের মতোই চলে। যেমন: Messenger আর ওয়েবসাইটে AI চালু রাখলেন, Instagram-এর উত্তর টিম নিজে দেবে।

> **জেনে রাখুন:**
> উপরের **AI কাস্টমারের উত্তর দেবে** সুইচ আগে: সেটা বন্ধ থাকলে এই সুইচ যা-ই বলুক, কোথাও AI চলে না। সময়সূচি আর "এখনই চালু/বন্ধ"-ও এর ওপরে খাটে। এই সুইচ বদলাতে লাগে **AI বিক্রেতা: সেটিং, নির্দেশনা, নলেজ বুক** অনুমতি; কে কখন কী বদলেছেন, অ্যাক্টিভিটি লগে থাকে।

## সময়সূচি

AI সবসময় উত্তর দেবে, নাকি দিনের ঠিক করা সময়ে, সেটা **সেটিংস** ট্যাবের **সময়সূচি** কার্ডে ঠিক করুন। শুরুতে থাকে **সবসময়**: আগের মতোই, AI চালু থাকলে যেকোনো সময় উত্তর দেয়।

**সময়সূচি মেনে** বাছলে প্রতিটা দিনের জন্য এক বা একাধিক সময় দিন, যেমন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা। দ্রুত বসাতে:

- **প্রতিদিন একই সময়:** একটা সময় লিখে **সব দিনে বসান** চাপুন;
- **অফিস সময়:** শনি থেকে বৃহস্পতি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, শুক্রবার বন্ধ;
- তারপর যেকোনো দিনের সময় নিজের মতো বদলান। কোনো সময় না থাকলে সেই দিন AI বন্ধ।

রাত পেরোনো সময়ও দেওয়া যায়, যেমন রাত ১০টা থেকে রাত ২টা: এটা শুরুর দিনের রাত ধরে পরের দিন ভোর ২টা পর্যন্ত চলে। সময় ধরা হয় দোকানের সময় অঞ্চলে (বাংলাদেশ সময়)। সংরক্ষণ না চাপা পর্যন্ত কিছু বদলায় না।

সময়ের বাইরে AI উত্তর দেয় না, "দেখেছে" বা "লিখছে…"-ও দেখায় না; চ্যাট আপনার টিমের হাতে থাকে। Messenger, Instagram, ওয়েবসাইটের চ্যাট আর কমেন্ট, সব একই সময়সূচি মানে। AI কার্ডের উপরে সবসময় লেখা থাকে এখন AI চালু কি না, আর কখন বদলাবে, যেমন "এখন AI বন্ধ, চালু হবে কাল সকাল ৭টায়"।

**অপেক্ষমাণ মেসেজ:** **AI চালু হলে অপেক্ষমাণ মেসেজের উত্তর দেবে** চালু থাকলে (শুরুতে চালু), AI-র সময় শুরু হলেই সে সেই চ্যাটগুলোর উত্তর দেয় যেগুলোর শেষ মেসেজ সময়ের বাইরে এসেছিল আর এখনো কেউ উত্তর দেয়নি। খুব পুরোনো মেসেজের উত্তর দেয় না: সীমা শুরুতে ১২ ঘণ্টা, নিজে বদলাতে পারেন (Messenger আর Instagram-এ ২৪ ঘণ্টার নিয়ম তো আছেই)। বন্ধ করলে সেই চ্যাটগুলো আপনার টিমের হাতেই থাকে।

**এখনই AI চালু বা বন্ধ:** সময়সূচি না বদলে কিছুক্ষণের জন্য তার ওপরে যেতে **এখনই AI চালু করুন** বা **এখনই AI বন্ধ করুন** চাপুন, আর বেছে নিন কতক্ষণ: ১ ঘণ্টা, আজ রাত পর্যন্ত, পরের সময়সূচি পর্যন্ত, আপনি নিজে বদলানো পর্যন্ত, অথবা নির্দিষ্ট কোনো সময় পর্যন্ত। যেমন সময়সূচি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা, আর আজ রাত ৮টায় AI চালু করে দিলেন "পরের সময়সূচি পর্যন্ত": AI কাল সকাল ৭টা পর্যন্ত চলে, তারপর সময়সূচি নিজেই চালিয়ে নেয়। সময় শেষ হলে সময়সূচি আবার নিজে থেকে চলে; আগেই ফিরতে চাইলে **সময়সূচিতে ফিরুন** চাপুন। ইনবক্সের উপরেও AI-র এখনকার অবস্থা দেখা যায়, সেখান থেকেও চালু-বন্ধ করা যায়।

> **জেনে রাখুন:**
> **AI কাস্টমারের উত্তর দেবে** সুইচটাই মূল সুইচ: এটা বন্ধ থাকলে সময়সূচি বা "এখনই চালু" যা-ই থাকুক, AI উত্তর দেয় না। সময়সূচি আর "এখনই চালু/বন্ধ" বদলাতে **AI বিক্রেতা: সেটিং, নির্দেশনা, নলেজ বুক** অনুমতি লাগে; কে কখন বদলেছেন, অ্যাক্টিভিটি লগে থাকে। টেস্ট চ্যাট আর মডারেটরের সহকারী সময়সূচি মানে না, ওগুলো আপনার টিমের জন্য।

## স্টাফ চ্যাট হাতে নিলে

AI উত্তর দেওয়ার সময়ও চ্যাট আপনার নিয়ন্ত্রণে:

- প্যানেল, Business Suite বা Pages অ্যাপ থেকে কেউ নিজে লিখে উত্তর দিলেই সেই চ্যাটে AI থেমে যায়। Business Suite-এর স্বয়ংক্রিয় মেসেজ (Instant reply, কাস্টমার লেখার আগে পেজের মেসেজ, অনেক চ্যাটে পাঠানো সেভ করা উত্তর) AI থামায় না ([নিচে দেখুন](#auto-replies))।
- কাস্টমার আবার লিখলেন কিন্তু কেউ উত্তর দিলেন না? কিছু মিনিট পরে AI চ্যাটটা আবার দেখে; উত্তর দরকার হলে দেয় আর চ্যাট আবার নিজের হাতে নেয়। কত মিনিট পরে, সেটা **সেটিংস › ইনবক্স ও Facebook পেজ**-এ ঠিক করা যায়, শুরুতে ৩০ মিনিট ([AI কত মিনিট অপেক্ষা করবে](https://docs.czcommerce.app/inbox/connect-a-page#takeover))।
- আপনাদের কেউ চ্যাটে নিজে লিখে থাকলে (যেমন দরদাম করছিলেন, বা ইচ্ছে করে উত্তর দেননি) AI এত তাড়াতাড়ি ফেরে না: কাস্টমারের শেষ মেসেজ শুরুতে ১২০ মিনিট উত্তরহীন থাকলে তবেই, আর ০ দিলে সেদিন আর নয় (**কেউ নিজে লিখলে কত মিনিট পরে**)।
- চ্যাটের উপরে **AI-কে ফেরত দিন** চাপলে AI সাথে সাথে আবার দায়িত্ব নেয়।

বিস্তারিত: [AI আর আপনি](https://docs.czcommerce.app/inbox/inbox#ai)।

### Business Suite-এর অটো-রিপ্লাই

Business Suite-এ Instant reply, Away message বা কোনো শব্দের অটো-রিপ্লাই চালু থাকলে (যেমন প্রথম মেসেজে "স্বাগতম! fb10 কুপনে ১০% ছাড়"), Meta সেটা আমাদের কাছে ঠিক মানুষের উত্তরের মতো করেই পাঠায়। মানুষ লিখেছেন না অটো-রিপ্লাই গেছে, Meta আলাদা করে জানায় না।

তাই ইনবক্স নিজেই চিনে নেয়, কিছু করতে হয় না:

- কাস্টমার লেখার আগে পেজের মেসেজ (যেমন বিজ্ঞাপনে ক্লিক করলেই "কোন পণ্যটা দেখছিলেন? ছবিটা পাঠান প্লিজ")।
- কাস্টমারের প্রথম মেসেজের ৫ সেকেন্ডের মধ্যে আসা মেসেজ (Instant reply বা Away message; এত তাড়াতাড়ি কেউ পড়ে লিখতে পারেন না)।
- সাত দিনে অন্তত তিনটা অন্য চ্যাটে পাঠানো একই লেখা (সেভ করা উত্তর; গ্রাহকের নাম বাদ দিয়ে মেলানো হয়), আর তার সাথে পাঠানো ছবি। ৩০ অক্ষরের কম লেখা এভাবে ধরা হয় না, যেমন "ওকে ম্যাম": এটা মানুষ নিজেই লেখেন।

চ্যাটে এমন মেসেজের ওপর ছোট চিহ্ন থাকে, যেমন "সেভ করা উত্তর ধরা হয়েছে (অনেক চ্যাটে একই লেখা), AI থামেনি"। ভুল চিনলে মেসেজের নিচে **এটা মানুষের লেখা** চাপুন: লেখাটা **এগুলো মানুষের লেখা (AI থামবে)** তালিকায় যায়, এমন মেসেজে এরপর AI থামে, আর এটাই পেজের শেষ উত্তর হলে এখনই থামে। কোনো সেভ করা উত্তর পাঠালেই AI থামুক চাইলে সেটার লেখাও এই তালিকায় দিন।

ইনবক্স যা নিজে চেনে না, তার লেখা একবার দিয়ে রাখুন:

1. **AI বিক্রেতা** পাতার সেটিংসে **Business Suite-এর অটো-রিপ্লাই** কার্ডে যান।
2. **আরেকটা লেখা যোগ করুন** চেপে Business Suite থেকে অটো-রিপ্লাইয়ের লেখাটা হুবহু কপি করে বসান। সর্বোচ্চ ১০টা লেখা, প্রতিটা ১,০০০ অক্ষর পর্যন্ত।
3. সংরক্ষণ করুন।

অথবা চ্যাট থেকেই: এমন একটা মেসেজের নিচে **এটা অটো-রিপ্লাই** চাপুন। লেখাটা তালিকায় যোগ হয়, মেসেজে "স্বয়ংক্রিয় উত্তর (Business Suite)" লেবেল বসে, আর এই মেসেজেই চ্যাটে AI থেমে থাকলে AI আবার দায়িত্ব নেয়। এটা শুধু **AI বিক্রেতা: সেটিং, নির্দেশনা, নলেজ বুক** অনুমতি থাকলে দেখা যায়।

মেলানোর নিয়ম:

- মেসেজের পুরো লেখা তালিকার কোনো লেখার সাথে হুবহু মিললে, অথবা তালিকার লেখাটা ১২ অক্ষর বা বেশি লম্বা হলে মেসেজ সেটা দিয়ে শুরু হলে, সেটা অটো-রিপ্লাই। ছোট-বড় হাত আর বাড়তি ফাঁকা জায়গা বা লাইন ধরা হয় না।
- লেখায় গ্রাহকের নাম বসলে, নামের আগের অংশটুকু দিন (অন্তত ১২ অক্ষর)।
- লেখা বদলালে তালিকাও বদলান; পুরোনো লেখা আর মিলবে না।
- এর বাইরে Business Suite বা Pages অ্যাপ থেকে কেউ নিজে লিখে যে উত্তরই দিন, আগের মতো AI থেমে যায়।

অটো-রিপ্লাই চ্যাটে "স্বয়ংক্রিয় উত্তর (Business Suite)" লেবেল নিয়ে দেখায়। অভ্যর্থনা বা "একটু পরেই উত্তর দেব" ধরনের মেসেজকে উত্তর ধরা হয় না: কাস্টমারের মেসেজ তখনো উত্তরের অপেক্ষায় থাকে, আর AI উত্তর দেয়। সেভ করা উত্তর (দাম, সাইজ, ছবি) উত্তর ধরা হয়: AI সেই প্রশ্নের দ্বিতীয় উত্তর দেয় না, AI লেখার মাঝে এমন উত্তর গেলে AI-র উত্তর আর যায় না, তবে কাস্টমারের পরের প্রশ্নে AI উত্তর দেয়। AI জানে দোকান আগেই কী পাঠিয়েছে, তাই একই অভ্যর্থনা বা কুপন আবার বলে না।

## কেনার আগ্রহ

চ্যাট চলতে চলতে AI আন্দাজ করে কাস্টমার কেনার দিকে কতটা এগিয়েছেন, আর ইনবক্সে চ্যাটের সারিতে ও চ্যাটের উপরে একটা ছোট ব্যাজ দেখায়:

- **কিনবে:** কাস্টমার কেনার জন্য তৈরি, যেমন অর্ডার করতে চাইছেন বা ঠিকানা দিচ্ছেন;
- **হয়তো:** আগ্রহ আছে, যেমন দাম, সাইজ বা ডেলিভারি জানতে চাইছেন;
- **আগ্রহ কম:** কথা চলছে, কিন্তু কেনার কোনো লক্ষণ নেই।

কোনো আগ্রহ না দেখলে বা এখনো আন্দাজ না করলে কোনো ব্যাজ থাকে না। এটা AI-র ধারণা, নিশ্চিত কিছু নয়; কোন চ্যাট আগে দেখবেন সেটা বাছতে কাজে লাগে।

চ্যাটের তালিকার **ফিল্টার** খুলে **কেনার আগ্রহ** থেকে কিনবে, হয়তো বা আগ্রহ কম বেছে শুধু সেই চ্যাটগুলো দেখুন।

## আগ্রহ ছাড়া উত্তরের সীমা

কেউ অনেকক্ষণ শুধু গল্প করলে AI-র উত্তরে ক্রেডিট খরচ হতেই থাকে। তাই **সেটিংস** ট্যাবের **কেনার আগ্রহ ও ফলো-আপ** কার্ডে **ক্রেতার আগ্রহ ছাড়া সর্বোচ্চ উত্তর** ঠিক করা থাকে, শুরুতে ১৫।

যে চ্যাটে কাস্টমার কখনো কেনার আগ্রহ দেখাননি (একবারও "কিনবে" বা "হয়তো" হয়নি) আর কোনো অর্ডারও নেই, সেখানে AI এতগুলো উত্তরের পর থেমে যায় আর চ্যাট আপনার টিমের হাতে দেয় ("মানুষ লাগবে")। রিপোর্টে কারণ লেখা থাকে "আগ্রহ ছাড়া অনেক উত্তর"। ০ থেকে ২০০ পর্যন্ত দেওয়া যায়; ০ দিলে এই সীমা বন্ধ।

## পরে কিনবেন এমন কাস্টমারকে ফলো-আপ

কাস্টমার "শুধু দেখছি" বা "পরে নেব" বললে AI ভদ্রভাবে উত্তর দেয়, আর পরে একবার মনে করিয়ে দেওয়ার পরিকল্পনা রাখে। AI কাস্টমারকে পণ্যের দাম, ছবি বা অর্ডারের পরের ধাপ জানানোর পরে কাস্টমার চুপ হয়ে গেলেও একই মনে করানো যায়: প্রায় দুই ঘণ্টা পরে, আপনার দোকানের ধরনে ছোট এক লাইন ("নেভি ব্লুটা অর্ডার করবেন কি ম্যাম?"); কাস্টমার এর মধ্যে লিখলে বাতিল। চালু বা বন্ধ করুন **সেটিংস** ট্যাবের **কেনার আগ্রহ ও ফলো-আপ** কার্ডে **শুধু দেখছেন / পরে কিনবেন এমন কাস্টমারকে ফলো-আপ** সুইচে (শুরুতে চালু)। চালু থাকলে নিচে **একটি চ্যাটে ৭ দিনে সর্বোচ্চ** বাছুন: **১ বার** (শুরুতে) বা **২ বার**।

- **প্রতিবার একটাই মেসেজ**, আর সবসময় Meta-র ২৪ ঘণ্টার মধ্যে ([২৪ ঘণ্টার নিয়ম](https://docs.czcommerce.app/inbox/inbox#window))। ২৪ ঘণ্টার বাইরে পাঠানোর জন্য কোনো মেসেজ ট্যাগ কখনো ব্যবহার করে না। একটা চ্যাটে ৭ দিনে ১ বা ২ বারের বেশি নয় (সেটিং অনুযায়ী)।
- **শুধু Messenger আর Instagram-এ**; ওয়েবসাইটের চ্যাটে ফলো-আপ যায় না।
- **কখন যায়:** কাস্টমার নিজে কোনো সময় বললে (যেমন "সন্ধ্যায় জানাব") সেই সময়, নইলে শেষ মেসেজের ২০ ঘণ্টা পরে; দুটোর মধ্যে যেটা আগে। তবে এখন থেকে অন্তত ১ ঘণ্টা পরে, আর শেষ মেসেজের ২৩ ঘণ্টার মধ্যে।
- **রাতে কখনো না।** রাত ১০টা থেকে সকাল ৯টা (বাংলাদেশ সময়) কোনো ফলো-আপ যায় না: ২৩ ঘণ্টার মধ্যে থাকলে সকাল ৯টায় যায়, নইলে আগের সন্ধ্যা সাড়ে ৯টায় (যদি সেটা এখন থেকে অন্তত ১ ঘণ্টা পরে হয়); নইলে বাদ।
- **AI-র সময়ের বাইরে কখনো না।** সময়টা AI বন্ধ থাকার সময়ে পড়লে AI-র পরের সময় শুরু হলে যায়, যদি তখনো ২৪ ঘণ্টা পার না হয়; নইলে ফলো-আপ বাদ ([সময়সূচি](#schedule))।
- **বাতিল হয়** কাস্টমার এর মধ্যে আবার লিখলে বা অর্ডার করলে।
- ততক্ষণ চ্যাট থাকে **পরে দেখব**-এ, আর চ্যাটের উপরে লেখা থাকে "AI ফলো-আপ করবে: …" আর কখন। ফলো-আপ গেলে চ্যাট আবার **খোলা**-তে ফেরে।
- আপনার টিমের কেউ চাইলে চ্যাটের উপরের AI বোতামের মেনু থেকে **ফলো-আপ বাতিল** চাপতে পারেন; চ্যাটে সেটা একটা লাইনে লেখা থাকে।
- ফলো-আপ মেসেজে **১ ক্রেডিট** খরচ হয় ([ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits))। মেসেজ বাছাই আর আগ্রহের আন্দাজে দোকানের কিছু খরচ হয় না।

## কাস্টমার কী দেখেন

AI-র উত্তর যায় আপনার দোকানের নামে, সাধারণ চ্যাটের মতো। চ্যাটের শুরুতে আলাদা কোনো পরিচয়ের লাইন যায় না, আর AI নিজে থেকে "আমি স্বয়ংক্রিয় সহকারী" বলে না।

- **ওয়েবসাইটের চ্যাটে:** AI চালু থাকলে লেখার ঘরের নিচে ছোট করে লেখা থাকে "উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হতে পারে।"
- **Messenger আর Instagram-এ:** আলাদা কিছু দেখায় না।

> **জেনে রাখুন:**
> কাস্টমার যদি জিজ্ঞেস করেন "আপনি কি মানুষ?", AI সত্যি বলে: "না, আমি মানুষ নই, আমি এই দোকানের স্বয়ংক্রিয় সহকারী। দরকার হলে আমাদের টিমের কেউ যোগ দিতে পারেন।" AI কখনো নিজেকে মানুষ বলে না, আপনার নির্দেশনায় অন্যরকম লিখলেও না। কাস্টমার মানুষ চাইলে চ্যাট আপনার টিমের হাতে যায়।

## চ্যাটে AI যা করে

### ভাষা

কাস্টমার বাংলা বা বাংলিশে লিখলে AI উত্তর দেয় বাংলায় (বাংলা হরফে), ইংরেজিতে লিখলে ইংরেজিতে। শুধু "Hi", ইমোজি, স্টিকার বা একটা ছবি পাঠালে ভাষা বোঝা যায় না: তখন AI চ্যাটের আগের ভাষাতেই থাকে, আর নতুন চ্যাটে **সেটিংস** ট্যাবের **চ্যাটের ভাষা** কার্ডের **ডিফল্ট ভাষা** মানে (শুরুতে বাংলা)। "ধন্যবাদ", "ok"-এর মতো ছোট কথায় ভাষা বদলায় না; কাস্টমার পুরো একটা বাক্য অন্য ভাষায় লিখলে তবেই বদলায়। পণ্যের কার্ড আর বোতামের লেখাও চ্যাটের ভাষায় যায়।

### দেখেছে আর লিখছে

Messenger-এ কাস্টমারের মেসেজ এলেই, AI উত্তর দেবে এমন হলে, কাস্টমার সাথে সাথে "Seen" আর "typing…" দেখেন; উত্তর তৈরি হওয়া পর্যন্ত "typing…" থাকে। ওয়েবসাইটের চ্যাটেও কাস্টমার লেখার চিহ্ন দেখেন। AI-র সময়ের বাইরে বা AI থামানো চ্যাটে এগুলো দেখায় না।

### পণ্যের কার্ড

পণ্য দেখাতে AI লিংক না দিয়ে কার্ড পাঠায় (একবারে ১০টা পর্যন্ত): ছবি, নাম, দাম, "স্টকে আছে" বা "অল্প বাকি"। Messenger আর Instagram-এর কার্ডে দুটো বোতাম: **এটি নিতে চাই** আর **বিস্তারিত** (পণ্যের পাতা); ওয়েবসাইটের চ্যাটে একটা বোতাম, **এটা দেখুন**। আগে কার্ড যায়, তারপর AI-র লেখা।

স্টকে নেই এমন পণ্যের কার্ড AI কখনো পাঠায় না; কাস্টমারকে সোজাসুজি বলে যে এখন স্টকে নেই। কোনো সাইজ বা রং শেষ হয়ে গেলে সেটাও বলে দেয়। কাস্টমার এমন কিছু চাইলে যা আপনি বিক্রি করেন না, AI সোজাসুজি বলে, আর আপনার সবচেয়ে কাছাকাছি দুই-তিনটা পণ্য দেখায়; শুধু "নেই" বলে থামে না।

**আসল ছবি।** কাস্টমার ছবি, "আসল পিক" বা রংগুলো দেখতে চাইলে, অথবা চোখে দেখে কেনার জিনিসের (কাপড়, জুতা, ব্যাগ) দাম জানতে চাইলে AI আপনার ক্যাটালগ থেকে পণ্যের নিজের ছবি পাঠায়, প্রতিটা আলাদা ছবি-মেসেজে (ভ্যারিয়েন্টের ছবি আগে, পণ্যপ্রতি ৫টা পর্যন্ত), তারপর উত্তর। প্রতিটা রঙের পরিষ্কার ছবি পণ্যে দিয়ে রাখুন, যাতে AI পাঠাতে পারে। ওয়েবসাইটের চ্যাটে এর বদলে পণ্যের কার্ড যায়।

### কাস্টমারের পাঠানো ছবি

কাস্টমার কোনো পণ্যের ছবি পাঠালে ("এটা আছে?"), AI ছবিটা আপনার ক্যাটালগের পণ্যের ছবির সাথে মেলায়:

- আপনার পেজ বা ওয়েবসাইটেরই ছবি হলে (ছোট-বড়, কাটা বা ওয়াটারমার্ক দেওয়া হলেও) সরাসরি সেই পণ্যটা চিনে ফেলে।
- অন্য ছবি হলে AI আপনার সব পণ্যের ছবির সাথে চোখে মিলিয়ে দেখে, আর সবচেয়ে কাছের পণ্যগুলো কার্ডে পাঠায়: একই পণ্য, বা খুব কাছাকাছি।
- একই পণ্যটা স্টকে না থাকলে সেটা সোজাসুজি বলে, আর স্টকে থাকা কাছাকাছি পণ্যগুলোর কার্ড দেয়।
- এক উত্তরে ৩টা পর্যন্ত ছবি দেখে; বেশি হলে জানতে চায় কোনটার কথা বলছেন।
- প্রতিটা ছবি চিনতে **২ ক্রেডিট** ([ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits))।

### অর্ডার নেওয়া

Messenger আর Instagram-এ AI নিজেই অর্ডার নেয়; ওয়েবসাইটের চ্যাটে নেয় না (সেখানে কার্ড আর লিংক দিয়ে চেকআউটে পাঠায়)।

1. পণ্য, সাইজ-রং আর পরিমাণ মিলিয়ে নেয়, এক লাইনে নাম, ফোন আর পুরো ঠিকানা চায়। পুরো ঠিকানা মানে এলাকার ভেতরে কোথায়: বাসা আর রোড (বা ফ্ল্যাট, ব্লক, সেক্টর), বা গ্রাম আর ডাকঘর, বা কাছের কোনো চিহ্ন, সাথে এলাকা আর জেলা। শুধু "মিরপুর ২, ঢাকা" যথেষ্ট নয়: AI বাকিটা চায়, আর সেটা ছাড়া সিস্টেম অর্ডার একবার ফিরিয়ে দেয়।
2. দাম, ডেলিভারি চার্জ, কুপনের ছাড় আর মোট টাকা হিসাব করে চেকআউটের নিয়মেই, তারপর সারাংশ দিয়ে জিজ্ঞেস করে; মোট টাকা যোগফলে দেখায় ("৭০০+৭০=৭৭০ টাকা")। পণ্যের নিজের [বেশি কিনলে কম দাম](https://docs.czcommerce.app/products/add-a-product#quantity-prices) ("২ পিস বা বেশি: ৳৬৫০ করে") নিজে থেকেই লাগে, ওয়েবসাইটের মতোই। আপনার নির্দেশনায় লেখা অফার (যেমন "২টা নিলে ১৩০০") তার কুপন দিয়ে হিসাব হয়; যে অফার পণ্যেও নেই, কুপনেও নেই, সে দামে অর্ডার AI নিজে নেয় না (বেশি টাকায়ও না): আপনার টিমকে কনফার্ম করতে দেয়। নিচে **হ্যাঁ** আর **না** বোতাম থাকে (Instagram-এ বোতামের বদলে লেখা থাকে "হ্যাঁ বা না লিখুন।")। কাস্টমার বোতাম চাপুন বা "হ্যাঁ", "ji" লিখুন, দুটোই চলে; একই বোতাম দুবার চাপলেও অর্ডার একবারই হয়।
3. অর্ডার হয় **শুধু সেই হ্যাঁ-র পরে**, যা সিস্টেম নিজে যাচাই করে (শুধু AI-র বোঝার ওপর নয়), আর শুধু সেই সারাংশের পণ্যের জন্য। একটা হ্যাঁ অন্য পণ্য বা অন্য দিনের অর্ডারে চলে না: পরে আবার একই পণ্য চাইলে নতুন সারাংশ আর নতুন হ্যাঁ-র পরে নতুন অর্ডার হয়।
4. আপনার চেকআউট ফোনে কোড যাচাই চাইলে কাস্টমারের ফোনে SMS কোড যায়, কাস্টমার কোডটা চ্যাটেই লিখে দেন।
5. **পেমেন্ট:** ক্যাশ অন ডেলিভারি, বা মোবাইল ব্যাংকিং: কাস্টমার কোন ওয়ালেটে টাকা পাঠাচ্ছেন (বিকাশ, নগদ, …; একাধিক ওয়ালেট থাকলে AI জিজ্ঞেস করে), ট্রানজেকশন আইডি আর টাকার পরিমাণ দিলে সেগুলো AI লিখে রাখে। অর্ডারের পরে টাকা পাঠাবেন এমন কাস্টমারও অর্ডার দিতে পারেন; পেমেন্ট পরে আসতে পারে। আপনার স্টোর অগ্রিম নিলে শুধু ক্যাশ অন ডেলিভারি চলে না: চেকআউটের মতোই AI আগে অগ্রিম চায় ([অগ্রিম পেমেন্ট](https://docs.czcommerce.app/payments/payment-methods#advance-payment))।
6. **কুরিয়ার:** আপনার চেকআউটে কাস্টমার কুরিয়ার বাছতে পারলে AI-র বলা ডেলিভারি চার্জ আর অর্ডার একই কুরিয়ারে হয় (আপনার ডিফল্ট, বা কাস্টমার যেটা বাছেন)।
7. অর্ডার তৈরি হয় চেকআউটের পথেই: ফ্রড শিল্ড, সীমা, সবকিছু মেনে। **অর্ডার** পাতায় এটা অন্য অর্ডারের মতোই আসে, উৎস হিসেবে চ্যাট লেখা থাকে। একজন কাস্টমার চ্যাট থেকে দিনে ৫টা পর্যন্ত অর্ডার দিতে পারেন (বাতিল অর্ডার আর আপনার টিমের বানানো অর্ডার গোনা হয় না)।
8. অর্ডারের পরপরই AI নিজে থেকে কাস্টমারকে বিল পাঠায়: আপনি যে বিল প্রিন্ট করেন সেটারই ছবি (৩ পাতার বেশি হলে প্রথম পাতার ছবি আর পুরো বিল PDF)। ছবি বানানো না গেলে লেখায় বিল যায় (পুরো ঠিকানা ছাড়া)। অর্ডারের পরে AI-র উত্তর যাচাইয়ে আটকে গেলেও কাস্টমার অপেক্ষার বার্তার পরে অর্ডার নম্বর আর মোট টাকাসহ একটা ছোট লাইন পান।

দোকান অর্ডার কনফার্ম করার আগে পর্যন্ত কাস্টমার চ্যাটেই ঠিকানা, জেলা বা এলাকা (ডেলিভারি চার্জ আবার হিসাব হয়), ফোন, নোট বা পণ্য বদলাতে বা অর্ডার বাতিল করতে পারেন (AI আবার হ্যাঁ/না জিজ্ঞেস করে); তার পরে বদলাতে আপনার টিম লাগে। কিছু বদল সবসময় আপনার টিমের কাছে যায়, কাস্টমার কী চান সেটা সারাংশে লিখে:

- যে অর্ডারে টাকা আছে: কিছু পরিশোধ হয়েছে, বা কাস্টমার টাকা পাঠিয়েছেন বলেছেন আর আপনি সেটা বাতিল করেননি;
- নতুন ফোন নম্বর, যখন আপনার স্টোর SMS কোড চায়, বা ফ্রড শিল্ড নম্বরটা মানবে না (ব্লক করা নম্বর বাতিল হয়)। নতুন নম্বরে আগের নম্বরের "কোডে যাচাই করা" থাকে না;
- কুপনওয়ালা অর্ডারের পণ্য বা জায়গা।

অর্ডারের অবস্থা AI বলে কাস্টমারের অর্ডারের: তাঁর চ্যাটে হওয়া অর্ডার, চ্যাটের সাথে জোড়া স্টোর-কাস্টমারের অর্ডার, আর কাস্টমার অর্ডার নম্বর আর মোবাইল নম্বর দুটোই দিলে সেটা; ঠিকানা কখনো বলে না। চ্যাট স্টোর-কাস্টমারের সাথে জোড়া হয় আপনার টিম (**জোড়া দিন: …**) করলে, ওয়েবসাইটের চ্যাটে সাইন-ইন করা কাস্টমার হলে, অথবা চ্যাটের অর্ডারে কাস্টমার SMS কোড দিলে। কেউ যাচাই করেনি এমন ফোন নম্বরের অর্ডার (উপহার, বা অন্যের নম্বর লিখে দেওয়া) চ্যাটকে কখনো জোড়া দেয় না, তাই সেই মানুষের অন্য অর্ডারও দেখায় না।

### কথা শেষে "ধন্যবাদ"

কথা শেষ হওয়ার পর (চ্যাটে গত ৩ ঘণ্টায় অর্ডার হয়েছে, অথবা আমাদের শেষ মেসেজে কিছু জিজ্ঞেস করা হয়নি) কাস্টমার শুধু "ধন্যবাদ", "ok", "ঠিক আছে", "bye", "আল্লাহ হাফেজ", 👍, ❤️ বা লাইক স্টিকার পাঠালে AI আর মেসেজ পাঠায় না: Messenger বা Instagram-এ কাস্টমারের মেসেজে রিঅ্যাকশন দেয় ("ok" আর 👍-তে লাইক, ধন্যবাদ আর ❤️-তে লাভ)। কোনো ক্রেডিট লাগে না, চ্যাট **শেষ**-এ চলে যায়, আর চ্যাটে আপনার টিমের জন্য একটা লাইন থাকে। হ্যাঁ/না প্রশ্ন খোলা থাকলে "ok" মানে হ্যাঁ, তখন AI স্বাভাবিকভাবে এগোয়।

### তাৎক্ষণিক উত্তর: হাই, সালাম, কেমন আছেন

অনেক চ্যাট শুরু হয় শুধু "hi", "hello", "আসসালামু আলাইকুম", "ভাই, আছেন?" বা "kemon achen" দিয়ে। এমন মেসেজে AI লাগে না: সাথে সাথে একটা তৈরি উত্তর যায়, **কোনো ক্রেডিট লাগে না**। **সেটিংস** ট্যাবের **তাৎক্ষণিক উত্তর** কার্ডে এটা চালু-বন্ধ করা আর লেখা বদলানো যায়; শুরুতে সব দোকানে চালু।

চার রকম মেসেজ চেনে, বাংলা, বাংলিশ আর ইংরেজিতে, সাধারণ বানান-ভুলসহ:

- **শুভেচ্ছা:** hi, hello, hlw, হ্যালো, good morning, "আছেন?", "কেউ আছেন?", শুধু "ভাই" বা "আপু", 👋;
- **সালাম:** আসসালামু আলাইকুম, salam, slm, assalamualaikum; উত্তরে "ওয়ালাইকুম আসসালাম" যায় শুধু কাস্টমার সালাম দিলে;
- **কেমন আছেন:** kemon achen, kmn acen, কেমন আছেন, how are you;
- **বিদায়:** bye, আল্লাহ হাফেজ, good night (কথা শেষ হওয়ার পর এগুলোতে [রিঅ্যাকশন](#closing) যায়, মেসেজ নয়)।

তাৎক্ষণিক উত্তর যায় শুধু যখন:

- AI ওই চ্যাটে এমনিতেই উত্তর দিত (AI চালু, ওই প্ল্যাটফর্মে চালু, সময়সূচির ভেতরে, প্র্যাকটিসে শুধু টেস্টার);
- চ্যাট শুরুতে আছে: আগে কোনো মেসেজ নেই, আগের কথা শেষ হয়েছে, অথবা শেষ মেসেজ ১২ ঘণ্টার বেশি পুরোনো। কথার মাঝখানে কাস্টমার "hello?" লিখলে (উত্তরের অপেক্ষায় আছেন) AI-ই উত্তর দেয়;
- একসাথে পাঠানো সব মেসেজই এমন: "hi" লিখে সাথেই "দাম কত?" লিখলে AI দুটোরই উত্তর দেয়। দাম, ডেলিভারি, অর্ডার, নম্বর, লিংক, ছবি, ভয়েস মেসেজ বা বোতাম থাকলে তাৎক্ষণিক উত্তর যায় না;
- হ্যাঁ/না প্রশ্ন খোলা নেই;
- চ্যাটটা আপনার এমন কোনো বিজ্ঞাপন থেকে আসেনি যার পোস্টের সাথে পণ্য জোড়া আছে: সেখানে "hi"-এর উত্তরেও AI বিজ্ঞাপনের পণ্যের দাম আর ছবি দেয়।

উত্তর যায় AI-র মতোই ("seen", একটু "typing…", তারপর মেসেজ), চ্যাটের ভাষা মেনে (বাংলা অক্ষর বা বাংলিশে বাংলা, ইংরেজিতে ইংরেজি, না বোঝা গেলে দোকানের ডিফল্ট ভাষা)। "স্যার" বা "ম্যাম" লেখে না। প্রতি রকমের ৩–৪টা লেখা পালা করে যায়, একই চ্যাটে পরপর একই লেখা দুবার যায় না। চ্যাটে আপনার টিমের জন্য লাইন থাকে "তাৎক্ষণিক উত্তর গেছে (AI ছাড়া, ক্রেডিট লাগেনি)", আর AI পরের উত্তরে আবার হ্যালো বলে না।

কার্ডে যা করা যায়:

- পুরোটা বন্ধ করা (তখন এসব মেসেজের উত্তরও AI দেয়, ক্রেডিট লাগে), বা কোনো এক রকম বন্ধ করা;
- প্রতি রকমে বাংলা আর ইংরেজিতে নিজের লেখা, প্রতি লাইনে একটা, ৪টা পর্যন্ত, প্রতিটা ৩০০ অক্ষর। খালি রাখলে ধূসর লেখাগুলো যায়। `{store}` লিখলে সেখানে দোকানের নাম বসে;
- নিচে দেখা যায় কাস্টমার কী পাবেন। সালাম শুধু **সালাম**-এর ঘরে লেখা যায়।

এ মাসে কতগুলো উত্তর AI ছাড়া গেছে, কার্ডে আর **ক্রেডিট** ট্যাবে লেখা থাকে। কে কখন কী বদলেছেন, অ্যাক্টিভিটি লগে থাকে।

## অপেক্ষার বার্তা

AI-র লেখা উত্তর পাঠানোর আগে মিলিয়ে দেখা হয়: দাম, স্টক, লিংক, ফোন নম্বর ঠিক আছে কি না। দুবার চেষ্টা করেও ঠিক না হলে AI উত্তরের শুধু ঠিক অংশটুকু পাঠায়, যদি তাতে কাজের কথা থাকে; না থাকলে কিছু না বলে চ্যাট আপনার টিমের হাতে দেয় ("মানুষ লাগবে")। উত্তর লিখতে সময় ফুরিয়ে গেলে বা AI সেবা না পাওয়া গেলেও তা-ই। তখন কাস্টমার যাতে বসে না থাকেন, তাঁকে একটা ছোট বার্তা যায়:

> একটু অপেক্ষা করুন, আমাদের টিম দেখছে।

**সেটিংস** ট্যাবে এই বার্তা বন্ধ করতে বা বাংলা আর ইংরেজিতে নিজের মতো লিখতে পারেন (৩০০ অক্ষর পর্যন্ত)।

## নির্দেশনা

নির্দেশনা হলো AI-কে আপনার দোকানের নিয়ম শেখানো: কীভাবে কথা বলবে, ডেলিভারিতে কত দিন লাগে, ফেরতের নিয়ম কী, দামাদামি চলে কি না। **চালু নির্দেশনা ছাড়া AI চালু করা যায় না।**

- **টেমপ্লেট থেকে শুরু করুন**: পোশাক, প্রসাধনী, গ্যাজেট, খাবার বা সাধারণ দোকানের জন্য তৈরি লেখা। প্যানেলের ভাষা অনুযায়ী বাংলা বা ইংরেজিতে আসে।
- টেমপ্লেটে `{দোকানের নাম}`, `{ডেলিভারির সময়}`, `{রিটার্ন নীতি}` ধরনের খালি জায়গা থাকে। সবগুলো নিজের তথ্য দিয়ে বদলাতে হবে; একটাও বাকি থাকলে সংরক্ষণ হয় না, আর কোনগুলো বাকি সেটা লেখার নিচে দেখায়।
- লেখা ৮,০০০ অক্ষর পর্যন্ত। নিচে গোনা দেখায়।
- দাম, স্টক বা ডেলিভারি চার্জ নির্দেশনায় লিখবেন না; AI এগুলো সবসময় আপনার ক্যাটালগ আর সেটিং থেকে নেয়।

### ভার্সন

প্রতিবার **সংরক্ষণ** চাপলে নতুন একটা ভার্সন তৈরি হয়, আগেরটা মোছে না। চাইলে ছোট একটা নোট দিন, যেমন "ঈদের ডেলিভারির সময় যোগ"।

- **সংরক্ষণ করে চালু করুন** চাপলে নতুন ভার্সন সাথে সাথে চালু হয়। শুধু **সংরক্ষণ** চাপলে চালু হয় না; আগে টেস্ট করে পরে চালু করতে পারেন।
- ভার্সনের তালিকায় দেখায় কোনটা চালু, কে কবে বানিয়েছেন, আর টেস্ট করা হয়েছে কি না।
- **এটা চালু করুন**: পুরোনো কোনো ভার্সনে এক ক্লিকে ফিরে যান। পরের কাস্টমার-মেসেজ থেকেই সেটা খাটে।
- **পার্থক্য দেখুন**: দুটো ভার্সন বেছে কোন লাইন যোগ হয়েছে আর কোনটা বাদ গেছে দেখুন।

## টেস্ট চ্যাট

নির্দেশনার পাশে ফোনের মতো একটা চ্যাট। আপনি কাস্টমার সেজে লেখেন, AI বেছে নেওয়া ভার্সনের নির্দেশনা মেনে উত্তর দেয়। আসল ক্যাটালগ, আসল দাম আর স্টক দেখে, পণ্যের কার্ডও দেখায়।

- কাউকে কিছু পাঠানো হয় না, আর কোনো অর্ডার তৈরি হয় না। AI অর্ডার নিতে গেলে উত্তরে লেখা থাকে "(টেস্ট: অর্ডার তৈরি হয়নি)"।
- **প্রতিটা উত্তরে ১ ক্রেডিট খরচ হয়।**
- উত্তর আসতে সাধারণত কয়েক সেকেন্ড লাগে। একটা উত্তর তৈরি হওয়ার সময় আরেকটা পাঠানো যায় না।
- উত্তর না এলে কারণ দেখায়। AI এখানে চ্যাট মানুষের হাতে দিলে সেটাও লেখা থাকে। কারণগুলো:
  - **ক্রেডিট শেষ** বা **আজকের ক্রেডিটের সীমা পূর্ণ:** ক্রেডিট কিনুন বা কাল আবার চেষ্টা করুন ([AI ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits))।
  - **AI এখন সাময়িকভাবে বন্ধ, সমস্যাটা আমাদের দিকে:** আমরা জানি এবং ঠিক করছি; আপনার কিছু করতে হবে না। কিছুক্ষণ পর নিজে থেকেই আবার চলে।
  - **আমাদের দিকে একটা সমস্যা হয়েছে, টিমকে জানানো হয়েছে:** আমাদের কোডের ভুল; টিম সঙ্গে সঙ্গে খবর পায়। আপনার কিছু করতে হবে না।
  - **AI এখন পাওয়া যাচ্ছে না, একটু পরে চেষ্টা করুন:** AI-র সেবা এই মুহূর্তে ব্যস্ত; কয়েক মিনিট পরে আবার পাঠান।
  - **পুরো প্ল্যাটফর্মে AI বন্ধ** বা **প্ল্যাটফর্মের এই মাসের AI সীমা পূর্ণ:** প্ল্যাটফর্ম থেকে বন্ধ রাখা।
  - **AI উত্তর দিতে রাজি হয়নি**, **উত্তর যাচাইয়ে টেকেনি** বা **অনেক ধাপ ঘুরেও শেষ করতে পারেনি:** আসল চ্যাটে এগুলো আপনার টিমের কাছে যেত; নির্দেশনা বা প্রশ্নটা বদলে দেখুন।
  - যে উত্তর আসেনি, তার ক্রেডিট ফেরত আসে।
- **চ্যাট মুছুন** চাপলে নতুন করে শুরু হয়।
- কোনো ভার্সনে একবার টেস্ট করলে তালিকায় "টেস্ট করা" চিহ্ন আসে। চালু করার আগে টেস্ট করা বাধ্যতামূলক নয়, তবে ভালো।

### টেস্ট চ্যাটে শেখানো

কোনো উত্তর পছন্দ না হলে আপনি যেভাবে বলতেন, সেভাবে AI-কে শিখিয়ে দিন, দুই মিনিটেই:

1. উত্তরের নিচে **এভাবে বলো** চাপুন। উত্তরটা বদলানোর জন্য খোলে; যেমন চান তেমন লিখে **শেখান** চাপুন।
2. অথবা চ্যাটেই লিখুন: `এভাবে বলো: …` (বাংলিশে `evabe bolo: …` বা ইংরেজিতে `say it like this: …`ও চলে)। এটা কাস্টমারের মেসেজ হিসেবে AI-এর কাছে যায় না, AI-এর শেষ উত্তরটা শুধরে দেয়।

দুইভাবেই ঠিক উত্তরটা কাস্টমারের প্রশ্নসহ সাথে সাথে **নলেজ বুক**-এ "এভাবে বলুন: …" নামে একটা এন্ট্রি হয়ে চালু হয়ে যায় (নতুন ভার্সন বা চালু করার কিছু লাগে না), আর চ্যাটের নিচে লেখা আসে যে শিখে নিয়েছে। একই প্রশ্ন আবার শেখালে সেই এন্ট্রিই বদলায়। AI এটা নিজের কথায় মিলিয়ে বলে; দাম, স্টক আর মোট টাকা তখনো আপনার ক্যাটালগ থেকেই আসে। একই সাথে এটা AI-এর [নিজে শেখার](https://docs.czcommerce.app/support/ai-assistant#playbook) সবচেয়ে বড় শিক্ষা হিসেবেও যায়, আর সেটাও সাথে সাথে এ থেকে শেখে। শেখাতে কোনো ক্রেডিট লাগে না। এই এন্ট্রিগুলো নলেজ বুক থেকে অন্য যেকোনো এন্ট্রির মতো বদলাতে বা মুছতে পারেন।

## একদম নতুন দোকান: প্রথম দিন থেকেই

যে দোকানের আগের চ্যাট নেই, তার নিজের বিক্রির ধরন শেখার কিছু থাকে না। তাই যতদিন না শেখে, AI বিক্রেতা আপনার দোকানের ধরনের (দোকান খোলার সময় **কী বিক্রি করেন? (ঐচ্ছিক)**-এ যা বেছেছিলেন) ভালো বিক্রেতারা যেভাবে বিক্রি করেন সেভাবে চলে: পোশাকে ছবিসহ দাম, তারপর বুক বা কোমরের মাপ (না জানলে ওজন-উচ্চতা), রঙ, তারপর নাম, মোবাইল নম্বর আর পুরো ঠিকানা একসাথে, আর মোট টাকা যোগ করে ("পণ্য ৳… + ডেলিভারি ৳… = মোট ৳…"); বিউটি পণ্যে স্কিন কেমন জিজ্ঞেস করে, আর আপনি না বললে কখনো "১০০% অরিজিনাল" বলে না; গ্যাজেটে মডেল মিলিয়ে নেয়, নিজে থেকে ওয়ারেন্টি বানায় না; এভাবে। এগুলো শুধু শুরুর নিয়ম: আপনার সেটিংস, নির্দেশনা, নলেজ বুক আর আপনার চ্যাট থেকে শেখা ধরন সবসময় আগে, আর আপনার নিজের ধরন যথেষ্ট শেখা হলে ([আপনার চ্যাট থেকে বিক্রির ধরন](https://docs.czcommerce.app/support/ai-assistant#playbook)) এগুলো সরে যায়। AI সহকারীর [শুরুর প্রশ্নের](https://docs.czcommerce.app/support/ai-assistant#gap-questions) উত্তর দিন আর টেস্ট চ্যাটে শিখিয়ে দিন, তাহলে আরও তাড়াতাড়ি আপনার মতো হবে।

## AI যা কখনো করে না

- **নিজে দাম বানায় না।** দাম, ছাড়, স্টক, ডেলিভারি চার্জ সবসময় আপনার ক্যাটালগ আর সেটিং থেকে আসে। AI নিজে দাম কমাতে পারে না; ছাড় শুধু কুপন দিয়ে।
- **নিজেকে মানুষ বলে না।**
- **ওয়েবসাইটের চ্যাটে অর্ডার নেয় না।** সেখানে পণ্যের কার্ড আর লিংক দিয়ে কাস্টমারকে ওয়েবসাইটের চেকআউটে পাঠায়। Messenger আর Instagram-এ অর্ডার নেয়, চেকআউটের মতোই ফ্রড শিল্ড আর কোড-যাচাই মেনে।
- **অন্য কাস্টমারের তথ্য বলে না**, আর নির্দেশনা বা নলেজ বুকের লেখা হুবহু কাস্টমারকে দেখায় না।
- **রাগ, অভিযোগ, ফেরত বা টাকা ফেরতের কথা** এলে নিজে সামলায় না; চ্যাট "মানুষ লাগবে" করে আপনার টিমের হাতে দেয়।
- না জানা প্রশ্নে বানিয়ে উত্তর দেয় না; প্রশ্নটা লিখে রাখে, যাতে আপনি পরে শিখিয়ে দিতে পারেন ([উত্তর-না-পারা প্রশ্ন](https://docs.czcommerce.app/inbox/ai-knowledge#unanswered))।
