# একাধিক স্টোর আর স্টোর বদল

> এক লগইনে আপনার নিজের আর যেখানে স্টাফ, সব স্টোর খোলে। উপরে বাঁয়ের স্টোর বদলের মেনু দিয়ে এক স্টোর থেকে আরেকটায় যান। আরেকটা স্টোর খোলা, স্টাফের নিজের প্রথম স্টোর, আর মালিক ও স্টাফ কে কী দেখেন।

উৎস: https://docs.czcommerce.app/getting-started/switch-stores  
সর্বশেষ বদল: 2026-10-12  
ভিডিও: https://www.youtube.com/watch?v=DVQEDmjiET0&t=52s

`dashboard.czcommerce.app`-এ একবার লগইন করলেই আপনার সব স্টোর খোলে: নিজের স্টোর, আর যেসব স্টোরে আপনি স্টাফ। প্রতিটা স্টোরের পণ্য, অর্ডার, স্টাফ আর প্ল্যান আলাদা, আর এক স্টোর থেকে আরেকটায় যেতে এক চাপই যথেষ্ট।

## স্টোর বদলের মেনু

স্টোরের ড্যাশবোর্ডে উপরে বাঁয়ে (ফোনে উপরের বারে) এখন যে স্টোরে আছেন সেটা দেখায়: লোগো বা নামের প্রথম অক্ষর, স্টোরের নাম আর সেখানে আপনার রোল। এটা চাপলে স্টোর বদলের মেনু খোলে:

- আপনার স্টোরগুলো, প্রতিটার পাশে সেখানে আপনার রোল। এখন খোলা স্টোরে টিক চিহ্ন। নিজের স্টোরও আছে আবার অন্যের স্টোরে স্টাফও হলে দুটো ভাগে দেখায়: আগে **আপনার স্টোর**, তারপর **যেখানে আপনি স্টাফ**।
- স্থগিত স্টোর তালিকায় থাকে, পাশে লাল **স্থগিত** চিহ্ন ([স্টোর স্থগিত হলে](https://docs.czcommerce.app/troubleshooting/store-suspended))।
- ৮টার বেশি স্টোর হলে উপরে **স্টোর খুঁজুন** ঘর আসে, নাম বা ঠিকানা লিখে তালিকা ছোট করুন।
- **নতুন স্টোর**: আরেকটা স্টোর খুলুন ([নিচে দেখুন](#another-store))।
- **সব স্টোর**: **আমার স্টোর** পাতা, প্রতিটা স্টোরের একটা করে কার্ড ([আমার স্টোর](https://docs.czcommerce.app/getting-started/your-stores))।

স্টোর বাছলে সেই স্টোরের হোম পাতা খোলে, আগের পাতাটা নয়: এক স্টোরের অর্ডার বা পণ্য আরেক স্টোরে থাকে না। পাতাটা নতুন করে লোড হয়, তাই এক স্টোরের কিছু কখনো আরেক স্টোরে দেখায় না।

> **টিপ:**
> ড্যাশবোর্ডে স্টোরের প্রতিটা পাতার নিজের ঠিকানা আছে, যেমন `dashboard.czcommerce.app/s/rahim-fashion/orders`। তাই দুই ট্যাবে দুই স্টোর পাশাপাশি খোলা রাখা যায়, আর কোনো স্টোরের পাতার লিংক (ইমেইলে বা বুকমার্কে) সরাসরি সেই স্টোরেই খোলে।

## লগইনের পর কোথায় পৌঁছাবেন

- একটা স্টোর থাকলে সোজা সেই স্টোরের ড্যাশবোর্ড।
- একাধিক থাকলে এই ব্রাউজারে শেষবার যে স্টোর খুলেছিলেন সেটা; তা না থাকলে **আমার স্টোর**।
- কোনো স্টোর না থাকলে **প্রথম স্টোর খুলুন**।

## আরেকটা স্টোর খোলা

স্টোর বদলের মেনুতে বা **আমার স্টোর** পাতায় **নতুন স্টোর** চাপুন। ফর্ম প্রথম স্টোরের মতোই ([নতুন স্টোর খোলা](https://docs.czcommerce.app/getting-started/create-a-store))। স্টোর তৈরি হলেই খুলে যায়, আপনি তার **মালিক**, আর তখন থেকে সেটা স্টোর বদলের মেনুতে থাকে।

এক অ্যাকাউন্টে কয়টা স্টোর রাখা যায় তা স্টোরগুলোর প্ল্যানের ওপর নির্ভর করে ([স্টোরের সীমা](https://docs.czcommerce.app/getting-started/your-stores#several-stores))।

## স্টাফের নিজের প্রথম স্টোর

অন্যের স্টোরে কাজ করলেও নিজের স্টোর খুলতে বাধা নেই। শুধু স্টাফ হিসেবে যোগ দিয়ে থাকলেও **নতুন স্টোর** আপনার জন্যও আছে:

1. স্টোর বদলের মেনুতে **নতুন স্টোর** চাপুন।
2. ফর্ম পূরণ করুন। বোতামের উপরে লেখা থাকে এটা আপনার নিজের প্রথম স্টোর, খুললে আপনি এর মালিক হবেন: **ব্যবহারের শর্তাবলি** আর **গোপনীয়তা নীতি**-তে সম্মতির টিক দিন।
3. **স্টোর খুলুন** চাপুন।

এই প্রথম স্টোরে আপনি মার্চেন্ট হয়ে যান: আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি হয়, সাথে নিজের ওয়ালেট, রেফারেল আর সাপোর্ট। যেসব স্টোরে স্টাফ ছিলেন সেখানে আগের মতোই স্টাফ থাকেন; সেসব স্টোরে কিছু বদলায় না, আপনি কী করতে পারবেন তা সেই স্টোরের মালিকই ঠিক করেন।

## মালিক আর স্টাফ কে কী দেখেন

| | অ্যাকাউন্টের মালিক | শুধু স্টাফ |
| --- | --- | --- |
| স্টোর বদলের মেনুতে | নিজের স্টোর, আর যেখানে স্টাফ | যেসব স্টোরে কাজ করেন |
| স্টোরের ভেতরে পাতা | নিজের স্টোরে সব | রোল যতটুকু দেয় ([স্টাফ ও রোল](https://docs.czcommerce.app/staff/staff-and-roles#roles)) |
| অ্যাকাউন্টের মেনু | **প্রোফাইল**, **ওয়ালেট**, **রেফারেল**, **সাপোর্ট**, **লগআউট** | **প্রোফাইল** আর **লগআউট** |
| **প্ল্যান ও লিমিট**-এ বিলিং | নিজের স্টোরে সবসময় | শুধু যে স্টোরে মালিক বিলিংয়ের অনুমতি দিয়েছেন ([বিলিং](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#billing)) |

অ্যাকাউন্টের মেনু বাঁ মেনুর নিচে: আপনার নাম, তার নিচে লেখা **অ্যাকাউন্ট** (ফোনে **আরও**-র ভেতরে)। **ওয়ালেট**-এ থাকে ব্যালেন্স, টপ-আপ আর আপনার সব স্টোরের ইনভয়েস ([বিলিং ও ওয়ালেট](https://docs.czcommerce.app/plan-billing/billing#wallet))।

প্রোফাইল, ভাষা আর থিম আপনার নিজের, সব স্টোরে একই ([আমার প্রোফাইল](https://docs.czcommerce.app/security/profile))।

আরও দেখুন: [লগইন](https://docs.czcommerce.app/getting-started/sign-in), [ড্যাশবোর্ড পরিচিতি](https://docs.czcommerce.app/getting-started/dashboard)।
