# চেকআউট ফর্ম

> অর্ডারের সময় কাস্টমারের কাছে কী কী চাইবেন: কোন ঘর ঐচ্ছিক বা বাধ্যতামূলক, নিজের ৫টা পর্যন্ত প্রশ্ন, ঠিকানা দেখে জেলা-থানা বাছাই আর পাতার লেখা।

উৎস: https://docs.czcommerce.app/design/checkout-form  
সর্বশেষ বদল: 2026-10-18  
ভিডিও: https://www.youtube.com/watch?v=zxWQRGPvLZ0&t=59s

কাস্টমার স্টোর থেকে অর্ডার দেওয়ার সময় চেকআউট পাতায় কী কী জিজ্ঞেস করা হবে, তা ঠিক করুন **সেটিংস › চেকআউট ফর্ম** থেকে। ডান দিকের **প্রিভিউ**-তে কাস্টমার যেমন দেখবেন, ঠিক তেমন দেখা যায়। সব শেষে **সংরক্ষণ করুন** চাপতে ভুলবেন না। এটা বদলাতে পারেন শুধু মালিক আর অ্যাডমিন।

> **জেনে রাখুন:**
> এই ফর্ম স্টোরের চেকআউট পাতা আর সব ল্যান্ডিং পেজের অর্ডার ফর্ম, দুই জায়গাতেই কাজ করে: এখানে যা বদলাবেন (ঘর, নাম, ঐচ্ছিক/বাধ্যতামূলক, নিজের প্রশ্ন, নোটিশ, ঠিকানা দেখে জেলা-থানা বাছাই), ল্যান্ডিং পেজেও তাই দেখাবে। ল্যান্ডিং পেজের পণ্য বাছাই, শিরোনাম আর বাটনের লেখা থাকে [ল্যান্ডিং পেজ এডিটর](https://docs.czcommerce.app/landing/editor)-এ।

## যে ঘরগুলো সবসময় থাকে

**নাম**, **মোবাইল নম্বর**, **পুরো ঠিকানা** আর **জেলা** ছাড়া ডেলিভারি হয় না, তাই এগুলো বন্ধ করা যায় না; পাশে লেখা থাকে **সবসময় লাগবে**। তবে ঘরের নাম বদলাতে পারেন, যেমন "পুরো ঠিকানা"-র বদলে "বাসার ঠিকানা"।

## ঐচ্ছিক বা বাধ্যতামূলক ঘর

| ঘর | যা বাছা যায় | শুরুতে |
| --- | --- | --- |
| **বিকল্প মোবাইল** | বন্ধ, ঐচ্ছিক বা বাধ্যতামূলক | বন্ধ |
| **ইমেইল** | বন্ধ, ঐচ্ছিক বা বাধ্যতামূলক | বন্ধ |
| **থানা/এলাকা** | ঐচ্ছিক বা বাধ্যতামূলক | ঐচ্ছিক |
| **বিশেষ কথা** | বন্ধ, ঐচ্ছিক বা বাধ্যতামূলক | ঐচ্ছিক |

1. **ঘরগুলো** অংশে ঘরের পাশের তালিকা থেকে **বন্ধ**, **ঐচ্ছিক** বা **বাধ্যতামূলক** বাছুন।
2. চাইলে ডানের ঘরে নিজের মতো নাম লিখুন (৮০ অক্ষর পর্যন্ত)। খালি রাখলে কাস্টমারের ভাষায় আমাদের লেখা দেখায়।
3. **সংরক্ষণ করুন** চাপুন।

ঐচ্ছিক ঘরের নামের পাশে কাস্টমার "(ঐচ্ছিক)" দেখেন, খালি রেখেও অর্ডার দিতে পারেন।

**ঠিকানার ঘরে উদাহরণ**: ঠিকানার ঘরের ভেতরে হালকা করে লেখা নমুনা (১২০ অক্ষর পর্যন্ত)। খালি রাখলে দেখায় "বাসা/ফ্ল্যাট, রোড, এলাকা, থানা, জেলা"।

## ঠিকানা দেখে জেলা-থানা বাছাই

**ঠিকানা দেখে জেলা ও থানা নিজে বেছে নিন** চালু থাকলে (শুরুতে চালুই থাকে) কাস্টমার পুরো ঠিকানা লিখলেই জেলা আর থানা নিজে থেকে বাছাই হয়ে যায়, বানান একটু ভুল হলেও। কাস্টমার চাইলে নিজে বদলাতে পারেন। এতে ফোনে অর্ডার দেওয়া দ্রুত হয়, আর ভুল জেলায় পার্সেল যাওয়া কমে।

## আপনার নিজের প্রশ্ন

যেমন "গায়ের মাপ" বা "কোন সময় ডেলিভারি চান"। সর্বোচ্চ ৫টা প্রশ্ন রাখা যায়।

1. **আপনার নিজের প্রশ্ন** অংশে **প্রশ্ন যোগ করুন** চাপুন।
2. **প্রশ্ন** ঘরে প্রশ্নটা লিখুন (৮০ অক্ষর পর্যন্ত)।
3. **উত্তরের ধরন** বাছুন: **ছোট লেখা**, **বড় লেখা** বা **তালিকা থেকে বাছাই**।
4. তালিকা হলে **বাছাইয়ের অপশন** ঘরে কমা দিয়ে অপশন লিখুন, যেমন `M, L, XL`। অন্তত ২টা, সর্বোচ্চ ২০টা।
5. উত্তর না দিলে অর্ডার হবে না, এমন চাইলে **বাধ্যতামূলক** টিক দিন।
6. ↑ আর ↓ দিয়ে প্রশ্নের ক্রম বদলান, দরকার না হলে **মুছুন**।
7. **সংরক্ষণ করুন** চাপুন।

কাস্টমারের উত্তর প্রশ্নসহ অর্ডারের পাতায় দেখায় ([অর্ডারের বিস্তারিত](https://docs.czcommerce.app/orders/order-details))।

## পাতার লেখা

**পাতার লেখা** অংশে তিনটা ঘর। খালি রাখলে আমাদের লেখা দেখায়।

- **পাতার শিরোনাম**: শুরুতে "অর্ডার কনফার্ম করুন"।
- **অর্ডার বাটনের লেখা**: শুরুতে "অর্ডার কনফার্ম করুন"।
- **বাটনের উপরে ছোট নোট**: ৩০০ অক্ষর পর্যন্ত, যেমন "ঢাকার বাইরে ডেলিভারি ২-৩ দিন"।

## ফর্মে যা চাওয়া যায় না

ফর্মের কোনো লেখায় পিন, ওটিপি কোড বা পাসওয়ার্ড চাওয়া যায় না: ঘরের নাম, উদাহরণ, প্রশ্ন, শিরোনাম, বাটন বা নোট, কোথাও না। ক্রেতা দোকানের পাতায় এগুলো কখনো লেখেন না, আর বিকাশের পিন চাওয়া ফর্ম মানেই প্রতারণার পাতা। এমন লেখা থাকলে সংরক্ষণ হয় না, লেখা আসে "চেকআউট ফর্মে পিন, ওটিপি কোড বা পাসওয়ার্ড চাওয়া যায় না। ক্রেতা কখনো দোকানের পাতায় এগুলো লেখেন না। লেখাটা বদলে দিন।" অন্যভাবে লিখুন (পিন বিক্রি করলে যেমন "ডিজাইন" বা "রং")।

আরও দেখুন: [পেমেন্ট পদ্ধতি](https://docs.czcommerce.app/payments/payment-methods), [ডেলিভারি চার্জ ও জোন](https://docs.czcommerce.app/delivery/charges-and-zones), [স্টোরের ডিজাইন](https://docs.czcommerce.app/design/store-design)।
