# ফেরত পার্সেল আর স্টক

> কুরিয়ার পার্সেল ফেরত আসছে বললেই অর্ডার নিজে থেকে রিটার্ন হয়। পার্সেল পৌঁছালে পণ্য নিজে থেকে স্টকে ফিরবে নাকি আপনি দেখে ফেরত নেবেন, সেটা ঠিক করুন।

উৎস: https://docs.czcommerce.app/couriers/returns  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=G2z4NOt8HUM&t=165s

ডেলিভারি না হলে কুরিয়ার পার্সেল আপনার কাছে ফেরত দেয়। কুরিয়ার ফেরত আসছে বললেই অর্ডার নিজে থেকে **রিটার্ন** হয়। পার্সেল হাতে পেলে পণ্যগুলো স্টকে ফেরানো বাকি থাকে।

## ফেরত কীভাবে আসে

- কাস্টমার না নিলে বা আপনি ফেরত চাইলে কুরিয়ার পার্সেল ফেরত পাঠায়। পথে থাকা অবস্থায় কার্ডে লেখা থাকে **ফেরত আসছে**, আর অর্ডার তখনই **রিটার্ন**। স্টক এখনো বদলায় না: পার্সেল আপনার হাতে আসেনি।
- পার্সেল আপনার হাতে পৌঁছালে কুরিয়ার জানায়, পার্সেল হয় **ফেরত এসেছে**। **নিজে থেকে স্টকে ফিরবে** বাছা থাকলে পণ্য এখন স্টকে ফেরে।
- রাইডার পিকআপ করার পর Steadfast-এর প্যানেলে "cancelled" লেখা মানে পার্সেল ফেরত আসছে; আমরা সেটাকে **ফেরত আসছে** দেখাই। আপনার কাছ থেকে বেরোনোর আগেই Steadfast বাতিল করলে (যে এলাকায় যায় না, বা আপনার ক্যানসেলের অনুরোধ মেনে নিলে) পার্সেল হয় **বাতিল**, আর অর্ডার পিকআপের আগে বাতিলের মতোই আগের ধাপে ফেরে।
- আংশিক ডেলিভারড পার্সেল (বা এক্সচেঞ্জে ডেলিভারড পার্সেল) থেকে কাস্টমারের না-রাখা পণ্য (বা পুরোনো পণ্য) কুরিয়ার ফেরত পাঠালে পার্সেল ডেলিভারডই থাকে: অর্ডার **রিটার্ন** হয় না, তোলা টাকাও হিসাবে থাকে। কার্ডে লেখা আসে পণ্যগুলো ফেরত আসছে, তারপর ফিরেছে; হাতে পেয়ে যা ফিরেছে স্টকে তুলুন। Pathao জানায় ফেরতটা কোন ধরনের; Carrybee আর Paperfly-তে আংশিক ডেলিভারি বা এক্সচেঞ্জের পরের যেকোনো ফেরত এভাবেই ধরা হয়।
- কখনো কুরিয়ার শেষমেশ পার্সেলটা ডেলিভারি দিয়ে ফেলে। স্টকে তখনো কিছু না ফিরে থাকলে অর্ডার নিজে থেকে আবার **ডেলিভারড** হয় (কাস্টমার ডেলিভারির SMS দুবার পান না)। পণ্য আগেই স্টকে ফিরে থাকলে, বা অর্ডার আপনি নিজে রিটার্ন করে থাকলে, অর্ডার **রিটার্ন**-ই থাকে, আর টাইমলাইনে লেখা আসে কুরিয়ার ডেলিভারড বলছে: কুরিয়ারের সাথে মিলিয়ে নিন।

নিজে থেকে ফেরত চাইতে অর্ডার পাতায় **ক্যানসেল / ফেরত চান** চাপুন। কোন কুরিয়ারে কী হয়: [ক্যানসেল বা ফেরত চাওয়া](https://docs.czcommerce.app/couriers/booking#cancel)।

## ফেরত এলে স্টক

**সেটিংস › কুরিয়ার**-এর **চেকআউট ও চার্জ** ট্যাবে **সব কুরিয়ারের জন্য** কার্ডে **ফেরত এলে স্টক** বাছুন, তারপর **সংরক্ষণ**:

- **স্টাফ দেখে ঠিক করবেন (ভালো/নষ্ট)** (শুরুতে এটাই): পার্সেল ফেরত এলে স্টক বদলায় না। আপনি পণ্য খুলে দেখে ঠিক করেন।
- **নিজে থেকে স্টকে ফিরবে**: পার্সেল আপনার হাতে পৌঁছেছে বলে কুরিয়ার জানালে অর্ডারের সব পণ্য স্টকে ফেরে, ফেরত আসার পথে নয়। আংশিক ডেলিভারড পার্সেল, বা এক্সচেঞ্জের পুরোনো পণ্য, কখনো নিজে থেকে ফেরে না: কী ফিরেছে আপনি বাছেন ([নিচে](#partial))।

## দেখে স্টকে ফেরত নেওয়া

"স্টাফ দেখে ঠিক করবেন" বাছা থাকলে:

1. রিটার্ন হওয়া অর্ডারের পাতা খুলুন।
2. **কুরিয়ার** কার্ডে লেখা আছে "পার্সেল ফেরত এসেছে। পণ্য ঠিক থাকলে স্টকে ফেরত নিন।" পার্সেল তখনো পথে থাকলে লেখা থাকে "পার্সেল ফেরত আসছে, অর্ডার তাই রিটার্ন। পার্সেল হাতে পেয়ে পণ্য ঠিক থাকলে স্টকে ফেরত নিন।"
3. **কী ফেরত এসেছে?** অংশে অর্ডারের প্রতিটা পণ্য দেখায়। পুরো পার্সেল ফেরত এলে শুরুতে সবগুলোতে টিক থাকে; আংশিক ডেলিভারড পার্সেলে কোনোটাতেই না। যা ফেরেনি তার টিক তুলে দিন, বা **তাকে ফেরত** ঘরে ভালো পিসের সংখ্যা দিন।
4. বাদ রাখা পিসের পাশের ঘরে কারণ বাছুন: নষ্ট (শুরুতে এটাই), হারিয়ে গেছে, বা ক্রেতা রেখেছেন।
5. **স্টকে ফেরত নিন** চাপুন। "৩টা পণ্য স্টকে ফিরেছে।" দেখাবে।

শুধু যা বেছেছেন সেটাই স্টকে ফেরে; বাদ রাখা পিস কারণসহ অর্ডারের টাইমলাইনে লেখা থাকে ("স্টকে ওঠেনি: …")। প্রতিটা অর্ডারে এটা একবারই কাজ করে।

> **খেয়াল রাখুন:**
> "নিজে থেকে স্টকে ফিরবে" বাছা থাকলে পার্সেল পৌঁছানোর সাথে সাথেই স্টক ফেরে। শিপড অর্ডার আপনি নিজে হাতে **রিটার্ন** করলে সেখানেও একই **কী ফেরত এসেছে?** তালিকা আসে, আর যা টিক দেন তা তখনই স্টকে ফেরে। প্রতিটা পিস একবারই ফেরে: পরে **স্টকে ফেরত নিন** চাপলে আগে ফেরা পিস আর যোগ হয় না।

তালিকা থেকে একসাথে কয়েকটা অর্ডার **রিটার্ন** করলে "স্টাফ প্রতিটা অর্ডারে ঠিক করবেন" নিয়মে কিছুই নিজে থেকে স্টকে ফেরে না: প্রতিটা অর্ডার খুলে যা ফিরেছে তা স্টকে তুলুন।

## আংশিক ডেলিভারি

ক্রেতা কিছু পণ্য রাখলে আর রাইডার বাকিটা ফেরত আনলে অর্ডার **আংশিক ডেলিভারড**-ই থাকে (রিটার্ন হয় না)।

1. অর্ডারের পাতায় আসে **ক্রেতা কী রেখেছেন?**। উত্তর না দেওয়া পর্যন্ত বিক্রি ধরা হয় কুরিয়ার যা আদায় করেছে তা থেকে ডেলিভারি চার্জ বাদে (কুরিয়ার জানানোর আগে পুরো অর্ডার)।
2. প্রতিটা পণ্যের কয়টা পিস ক্রেতা রেখেছেন লিখে **সংরক্ষণ করুন** চাপুন। এরপর বিক্রি, লাভ, ডেলিভারি সফলতার হার আর ক্রেতার হিসাব (ডেলিভারড, মোট খরচ) শুধু রাখা পিস ধরে। ক্রেতা কিছুই না রেখে শুধু ডেলিভারি চার্জ দিলে সব ০ দিন: পণ্য আর সফলতার হারে সেটা ফেরত হিসেবে গোনা হয়।
3. বাকি পিস দোকানে পৌঁছালে (কুরিয়ার ফেরতের খবর দিলে টাইমলাইনে লেখা আসে) একই কার্ডে **ফেরত পিস স্টকে তুলুন** চাপুন। নষ্ট বা হারানো পিস স্টকে ওঠে না; তার কেনা দাম **ফেরতের ক্ষতি**-তে যোগ হয়।

**ডেলিভারড** অর্ডারে একই কার্ড (**ফেরত পিস লিখুন**) ডেলিভারির পরে ক্রেতা কিছু পিস ফেরত দিলে: অর্ডার ডেলিভারডই থাকে, বিক্রি কমে।

## কুরিয়ার পার্সেল হারালে

কুরিয়ার পার্সেল হারিয়ে ফেললে অর্ডারের কুরিয়ার কার্ডে **পার্সেল হারিয়ে গেছে** চাপুন। পার্সেল বন্ধ হয়, অর্ডার **রিটার্ন** হয় (ক্রেতার ফেরতের হিসাবে গোনা হয় না), আর পণ্যের কেনা দাম **ফেরতের ক্ষতি**-তে যোগ হয়। কুরিয়ার ক্ষতিপূরণ দিলে অঙ্কটা লিখুন: সেটা ওই ক্ষতির বিপরীতে আয় হিসেবে ধরা হয়।

## ভুল সংশোধন

ভুল করে অর্ডার **রিটার্ন** বা **ক্যানসেল** করেছেন? ৭ দিন পর্যন্ত অর্ডারের পাতায় থাকে **ভুল হয়েছে?**: কারণ লিখে **আগের অবস্থায় ফেরান** চাপুন। অর্ডার আগের জায়গায় ফেরে (রিটার্ন থেকে **ডেলিভারড** বা **শিপড**, ক্যানসেল থেকে তার আগের ধাপে), আর সব কিছু সেই মতো হয়: স্টকে তোলা পিস আবার স্টক থেকে বেরোয়, বাতিল অর্ডার আবার স্টক ধরে রাখে (থাকলে) আর কুপনের ব্যবহার আবার গোনে, ক্রেতার হিসাব আগের মতো হয়। ক্রেতাকে কোনো SMS যায় না।

নিজেদের কারণে (স্টক নেই, ডুপ্লিকেট, আমাদের ভুল) অর্ডার বাতিল করলে "দোকানের কারণে বাতিল" টিক দিন: তখন সেটা ক্রেতার রেকর্ড আর ঝুঁকি যাচাইয়ে ক্রেতার বাতিল হিসেবে গোনা হয় না।

## এক্সচেঞ্জ

ডেলিভারির পর কাস্টমার অন্য সাইজ চাইলে কুরিয়ারের এক্সচেঞ্জ ব্যবহার করুন: নতুন পণ্য যায়, পুরনোটা ফেরত আসে। যে কুরিয়ারের এক্সচেঞ্জের ব্যবস্থা আছে (Paperfly, Carrybee), তাদের ডেলিভারি হওয়া পার্সেলেই এটা চলে।

1. ডেলিভারি হওয়া অর্ডারের **কুরিয়ার** কার্ডে **এক্সচেঞ্জ পাঠান** চাপুন।
2. যে পিস বদলাবেন সেটায় টিক দিন, তারপর কী পাঠাচ্ছেন বাছুন (শুরুতে একই পণ্যের অন্য সাইজ বাছা থাকে) আর কয়টা। ফর্মে থাকে কাস্টমারের কাছে এখন যা আছে: আগে এক্সচেঞ্জ হয়ে থাকলে সেই এক্সচেঞ্জে পাঠানো পিস (M বদলে L, পরে L বদলে XL: ফেরত আসে L)।
3. COD (সাধারণত ০), ওজন আর বিবরণ দেখে পাঠান।

এরপর স্টকে যা হয়:

- যা পাঠাচ্ছেন সেটা অর্ডারে ০ টাকার লাইন হয়, মূল লাইনের নিচে দেখায়। স্টক সাথে সাথে আটকে যায়।
- কুরিয়ার পার্সেল তুললে সেটা স্টক থেকে কাটে।
- তোলার আগে এক্সচেঞ্জ বাতিল হলে আটকানো স্টক ছেড়ে দেওয়া হয়, লাইনটাও সরে যায়। কুরিয়ার এক্সচেঞ্জ না নিলে কিছুই আটকায় না।
- এক্সচেঞ্জ ডেলিভারি হয়ে পুরনো পণ্য ফেরত এলে কার্ডের **ফেরত আসা পিস স্টকে তুলুন** থেকে বাছুন কী ফিরেছে; না ফেরা পিসের কারণ দিন (নষ্ট, হারানো, কাস্টমার রেখেছেন)। প্রতিটা এক্সচেঞ্জে একবারই; পার্সেল ডেলিভারি হওয়ার বা ফিরে আসার আগে বাটনটা আসে না।
- এক্সচেঞ্জের পার্সেল নিজেই ডেলিভারি না হয়ে ফিরে এলে পাঠানো পণ্যটাও একইভাবে স্টকে তুলুন।
- পরে পুরো অর্ডার ফেরত এলে স্টকে ফেরে কাস্টমারের কাছে এখন যা আছে: M বদলে L হয়ে থাকলে L।

পুরো সময় অর্ডার **ডেলিভারড** থাকে, টাকার হিসাব বদলায় না।

আরও: [পার্সেল ট্র্যাকিং](https://docs.czcommerce.app/couriers/tracking) · [অর্ডার থেকে পার্সেল বুক করা](https://docs.czcommerce.app/couriers/booking)
