# অর্ডার থেকে পার্সেল বুক করা

> অর্ডার পাতা থেকে এক চাপে কুরিয়ারে পার্সেল বুক করুন, COD, ওজন আর রাইডারের নোট আগে থেকে ভরা থাকে। বুকিংয়ের পর কনসাইনমেন্ট আইডি, ট্র্যাকিং, ক্যানসেল বা ফেরত, কুরিয়ার পরিষ্কার উত্তর না দিলে কী করবেন, আবার বুক আর হাতে আইডি দেওয়া।

উৎস: https://docs.czcommerce.app/couriers/booking  
সর্বশেষ বদল: 2026-10-28  
ভিডিও: https://www.youtube.com/watch?v=m5ZkWj5l8CE&t=46s

কুরিয়ার যুক্ত থাকলে অর্ডার পাতা থেকেই পার্সেল বুক হয়, কুরিয়ারের প্যানেলে আলাদা করে কিছু লিখতে হয় না। আগে কুরিয়ারের কার্ডে **বুকিংয়ের ডিফল্ট** একবার ঠিক করে নিন।

## বুকিংয়ের ডিফল্ট

**সেটিংস › কুরিয়ার**-এ যুক্ত কুরিয়ার খুলুন (**কুরিয়ার** ট্যাবে **খুলুন**): তার কার্ডে **বুকিংয়ের ডিফল্ট** অংশ আছে। বদলে **সংরক্ষণ** চাপুন।

- **ডিফল্ট ওজন (গ্রাম)**: পণ্যে ওজন দেওয়া না থাকলে এটা যায় (৫০ থেকে ২৫,০০০ গ্রাম, শুরুতে ৫০০)। একই সেটিং সব যুক্ত কুরিয়ারের জন্য একসাথে আছে **চেকআউট ও চার্জ** ট্যাবের **পার্সেলের ডিফল্ট ওজন** কার্ডে ([বিস্তারিত](https://docs.czcommerce.app/couriers/connect-a-courier#default-weight))।
- **রাইডারের জন্য নোট**: প্রতিটা পার্সেলে যাওয়া নোট। কাস্টমারের নোট নিজে থেকে কুরিয়ারে যায় না (সেটা আপনাকে লেখা, আর তাতে প্রায়ই পণ্যের কথা থাকে): পাঠাতে চাইলে এতে `{note}` লিখুন, সেখানে কাস্টমারের নোট বসবে। পণ্যের নাম কুরিয়ারে না গেলে ([নিচে](#item-names)) `{note}` ফাঁকা থাকে। ঘরটা ফাঁকা রাখলে পার্সেল নোট ছাড়াই যায়। ২০২৬-১০-২৮-এর আগে ফাঁকা থাকলে কাস্টমারের নোট চলে যেত; এখন আর যায় না, তাই সেটা চাইলে `{note}` যোগ করুন।
- Pathao আর Carrybee-তে **ডেলিভারির ধরন** আর **পণ্যের ধরন**: Pathao-তে Normal বা On demand, Parcel বা Document; Carrybee-তে Normal বা Express, Parcel, Book বা Document।

### পিকআপ স্টোর

Pathao আর Carrybee জানতে চায় পার্সেল কোন স্টোর থেকে তোলা হবে (ওদের প্যানেলে বানানো স্টোর)। **স্টোরের তালিকা আনুন** চাপুন, তারপর **পিকআপ স্টোর** থেকে বাছুন (★ চিহ্ন মানে কুরিয়ারের ডিফল্ট স্টোর)। Steadfast অ্যাকাউন্টের নিজের ঠিকানা থেকে তোলে, আর Paperfly-র স্টোর যুক্ত করার সময় দেওয়া নাম থেকে।

### কোন অর্ডার বুক করা যাবে

**কোন অর্ডার বুক করা যাবে**: **নতুন**, **কনফার্মড**, **প্যাক হচ্ছে** থেকে যেগুলো টিক দেবেন, শুধু সেই অবস্থার অর্ডার বুক হবে। শুরুতে কনফার্মড আর প্যাক হচ্ছে টিক দেওয়া থাকে। অন্য অবস্থার অর্ডার বুক করতে গেলে কারণসহ ফিরিয়ে দেওয়া হয়।

### রাইডার ডাকুন (Steadfast)

Steadfast-এ পার্সেল তুলতে রাইডার ডাকতে হয়। একবার **পিকআপ ঠিকানা (রাইডার ডাকতে)** ভরে রাখুন: **Steadfast-এর Address ID**, **থানার ID**, ঠিকানা আর **পিকআপের ফোন**। তারপর:

1. কার্ডের নিচে **কয়টা পার্সেল** লিখুন (১ থেকে ৫০০)।
2. **রাইডার ডাকুন** চাপুন। "পিকআপ রিকোয়েস্ট গেছে।" দেখালে কাজ শেষ।

অন্য কুরিয়ারে পিকআপ নিজে থেকে হয়, তাই এই বোতাম থাকে না।

## পার্সেল বুক করুন

1. অর্ডার পাতা খুলুন। ডান দিকে **কুরিয়ার** কার্ড।
2. কুরিয়ারের ঘরটা চাপুন: তার লোগো, পাশে **পাঠান** →। মাউস ধরে রাখলে লেখা আসে, যেমন "Steadfast-এ পাঠান"। কাস্টমার চেকআউটে যেটা বেছেছেন, সেটার উপরের কিনারায় ছোট একটা **কাস্টমারের পছন্দ** ব্যাজ থাকে।
3. ঘরগুলো দেখে নিন (নিচে বলা আছে কোথা থেকে ভরা)।
4. **নিশ্চিত করুন** চাপুন। **বুক হচ্ছে…** শেষে কনসাইনমেন্ট আইডি আসে।

- **COD (কত টাকা নেবে)**: অর্ডারের মোট থেকে যাচাই করা পেমেন্ট বাদে যা বাকি। TrxID যাচাই না করলে অগ্রিম এখানে বাদ যায় না। কুরিয়ার পুরো টাকায় তোলে, তাই পার্সেলে পাঠানো COD-টাই থাকে (৳১,২৫০.৫০ যায় ৳১,২৫১ হয়ে)। Carrybee একটা পার্সেলে সর্বোচ্চ ৳১,০০,০০০ তোলে: এর বেশি COD হলে বুকিং হয় না (বাকিটা আগে নিন, বা অন্য কুরিয়ারে পাঠান), কখনো কমিয়ে পাঠানো হয় না।
  - বাকির চেয়ে এক টাকা বা বেশি আলাদা COD দিলে কারণ জানতে চাওয়া হয়: কাস্টমারকে ছাড় (অর্ডারের মোট COD পর্যন্ত কমে), লোকসান (অর্ডার যেমন আছে, পার্থক্যটা পার্সেলের খরচ; পার্সেল শেষমেশ ডেলিভারি না হলে খরচ থাকে না), বা অন্য কারণ লিখে দেওয়া। কম হলে যেকোনোটা; বেশি হলে কারণ লিখতে হয়। টাইমলাইনে লেখা থাকে।
  - ফর্ম খোলার পর অর্ডারের বাকি বদলালে (এর মধ্যে কোনো পেমেন্ট যাচাই হলে) বুকিং হয় না: COD দেখে আবার বুক করুন। একসাথে পাঠানোয়ও প্রতিটা অর্ডার তার পালা এলে এভাবে যাচাই হয়।
  - পার্সেল বুক হওয়ার পর কাস্টমারকে যা দিতে বলা হয় (SMS, ট্র্যাকিং পাতা, ইনভয়েস আর লেবেল, ইমেইল, AI) তা পার্সেলের COD। বুকিংয়ের পর কোনো পেমেন্ট যাচাই হলে কুরিয়ার কার্ড সতর্ক করে যে কুরিয়ার বাকির চেয়ে বেশি তুলবে: কুরিয়ারের প্যানেলে COD ঠিক করুন।
- **ওজন (গ্রাম)**: অর্ডারের ওজন, না থাকলে পণ্যের ওজন × সংখ্যা, তাও না থাকলে ডিফল্ট ওজন। Steadfast ওজন নেয় না; Pathao নেয় ০.৫ থেকে ১০ কেজি, এর বেশি ভারী পার্সেল বুক হয় না (ভাগ করুন বা অন্য কুরিয়ারে পাঠান), ১০ কেজি বলে পাঠানো হয় না।
- **রাইডারের জন্য নোট**: কুরিয়ারের ডিফল্ট নোট (কাস্টমারের নোট শুধু যেখানে `{note}` আছে, আর পণ্যের নাম না গেলে তা-ও নয়)। ঘরের নিচে কাস্টমারের নোট দেখায় ("কাস্টমারের নোট (নিজে থেকে কুরিয়ারে যায় না)"): ডেলিভারির কোনো নির্দেশ পাঠাতে চাইলে নিজে নোটে লিখে দিন।
- **পণ্যের নাম কুরিয়ারে যাবে**: স্টোরের সেটিং অনুযায়ী টিক দেওয়া বা না; এই পার্সেলের জন্য বদলাতে পারেন ([বিস্তারিত](#item-names))।
- **এলাকা (কুরিয়ারের)** (Pathao, Carrybee): কাস্টমারের এলাকা কুরিয়ারের এলাকার সাথে মিললে তার নম্বরগুলো দেখায়, না মিললে "ঠিকানা থেকে কুরিয়ার নিজে বুঝে নেবে"।

একটা অর্ডারে একসাথে একটাই চলতি পার্সেল থাকতে পারে।

কুরিয়ার বুকিং না নিলে ফর্মের নিচে লাল ঘরে কুরিয়ারের নিজের দেওয়া কারণ দেখায় (যেমন ফোন বা ঠিকানা তারা নিচ্ছে না), আবার চেষ্টা না করা পর্যন্ত থাকে। যা বলেছে ঠিক করে আবার **নিশ্চিত করুন** চাপুন।

অর্ডারটা যে অবস্থায় আছে সেখান থেকে কুরিয়ারে বুক না হলে ([কোন অর্ডার বুক করা যাবে](#which-orders)), ফর্মের ওপরেই আগে সেটা বলে: অর্ডার এখন কোন অবস্থায়, কোন অবস্থা থেকে বুক হয়, আর সেটিংসে বদলানোর লিংক। **পরের ধাপ** থেকে অর্ডারটা এগিয়ে নিন, তারপর পাঠান।

## বুক করলে অর্ডারের অবস্থা

**সব কুরিয়ারের জন্য** কার্ডের (**সেটিংস › কুরিয়ার**, **চেকআউট ও চার্জ** ট্যাব) **বুক করলে অর্ডারের অবস্থা**:

- **প্যাক হচ্ছে** (শুরুতে এটাই): বুক হলে অর্ডার প্যাক হচ্ছে-তে যায়, আর কুরিয়ার পিকআপের খবর দিলে নিজে থেকে **শিপড** হয়।
- **শিপড**: বুক হওয়ার সাথে সাথে শিপড। শিপড হলে স্টক চূড়ান্তভাবে কাটে আর কাস্টমারের কাছে ট্র্যাকিং লিংকসহ SMS যায় (চালু থাকলে)।

নতুন বা হোল্ডের অর্ডার বুক হলে আগে কনফার্মড হয়, তারপর ওপরের অবস্থায় যায়। বুক হলে অর্ডার ওই ধাপের কোন নিজের স্ট্যাটাসে বসবে, তা-ও ঠিক করা যায়: [কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে](https://docs.czcommerce.app/couriers/tracking#status-map)।

## কুরিয়ারে পণ্যের নাম

সাধারণত প্রতিটা পার্সেলে কুরিয়ার জানে ভেতরে কী আছে: পণ্যের নাম আর সংখ্যা (যেমন "সুতি পাঞ্জাবি ×2"), যা কুরিয়ার আর তার রাইডার পড়তে পারে। যে পণ্যের কথা কুরিয়ারের জানার দরকার নেই (ব্রা, প্যান্টি জাতীয়), সেখানে এটা বন্ধ করুন।

- **পুরো স্টোরের জন্য:** **সব কুরিয়ারের জন্য** কার্ডে (**সেটিংস › কুরিয়ার**, **চেকআউট ও চার্জ** ট্যাব) **কুরিয়ারে পণ্যের নাম পাঠান**, শুরুতে চালু। **সংরক্ষণ** চাপুন।
- **একটা পার্সেলের জন্য:** বুকিং ফর্মে **পণ্যের নাম কুরিয়ারে যাবে**, স্টোরের সেটিং অনুযায়ী টিক দেওয়া থাকে। শুধু এই পার্সেলের জন্য বদলাতে পারেন। একসাথে পাঠানোয় ওপরে **সব অর্ডারে পণ্যের নাম কুরিয়ারে যাবে** আছে, তারপরও প্রতিটা অর্ডারের ফর্মে আলাদা রাখা যায়। এক্সচেঞ্জেও একই সুইচ আছে।

নাম না গেলে:

- তার জায়গায় কিছুই যায় না: Steadfast, Pathao আর Carrybee পণ্যের বিবরণের ঘরটাই পায় না। Paperfly-তে ঘরটা ভরতেই হয়, তাই সেখানে শুধু একটা "-" যায়।
- আপনার **রাইডারের জন্য নোট**-এর `{note}` ফাঁকা থাকে, তাই কাস্টমারের নোটও যায় না (তাতে প্রায়ই পণ্যের কথা থাকে)। ফর্মে নাম চালু বা বন্ধ করলে নোটও সাথে বদলায়, যদি না আপনি আগেই নোট বদলে থাকেন। নোটের ঘরে আপনি যা লেখেন, তা সবসময় হুবহু যায়।
- এক্সচেঞ্জের **কী বদলে দিচ্ছেন** শুরু হয় শুধু "এক্সচেঞ্জ" দিয়ে।
- পার্সেলের কার্ডে লেখা থাকে "পণ্যের নাম কুরিয়ারে পাঠানো হয়নি"।

যে বুকিংয়ের নিজের ফর্ম নেই (পুরনো একসাথে পাঠানো, যা সার্ভার নিজে চালায়) সেটা স্টোরের সেটিং মানে। পরিষ্কার উত্তর না আসা বুকিং আবার পাঠালে প্রথমবারের পছন্দই থাকে। প্রিন্ট করা পার্সেলের লেবেলে কখনো পণ্যের নাম থাকে না; আপনার ইনভয়েসে (পার্সেলের ভেতরে) যেমন থাকে তেমনই থাকে।

## বুকিংয়ের পর

কার্ডে দেখায় কুরিয়ার, পার্সেলের অবস্থা, কনসাইনমেন্ট আইডি (**কপি** সহ), **ট্র্যাক করুন** (কুরিয়ারের ট্র্যাকিং পাতা), COD, **ডেলিভারি চার্জ**, **COD ফি**, **সংগ্রহ হয়েছে**, রাইডারের নাম-ফোন আর **শেষ আপডেট**। নিচে **পার্সেলের ইতিহাস**।

- **স্ট্যাটাস রিফ্রেশ**: কুরিয়ারকে এখনই জিজ্ঞেস করে।
- কুরিয়ারের দেওয়া চার্জ লাভের রিপোর্টে খরচ হিসেবে ধরা হয়।

অবস্থাগুলোর মানে: [পার্সেল ট্র্যাকিং](https://docs.czcommerce.app/couriers/tracking)।

## ক্যানসেল বা ফেরত চাওয়া

**ক্যানসেল / ফেরত চান** চাপুন, **কারণ** লিখুন (অন্তত ২ অক্ষর), **নিশ্চিত করুন**। পিকআপের আগে হলে বুকিং বাতিল হয়, পরে হলে পার্সেল ফেরত আসে।

| কুরিয়ার | কী হয় |
|---|---|
| Steadfast | রিটার্ন রিকোয়েস্ট যায়: পিকআপের আগে কার্ডে লেখা থাকে ক্যানসেলের অনুরোধ গেছে, পার্সেল Steadfast-এর কাছেই থাকে যতক্ষণ না তারা বাতিল করে (তখন অর্ডার আগের ধাপে ফেরে) বা না মানে (পার্সেল চলতে থাকে); পিকআপের পরে ফেরত আসছে |
| Carrybee | পিকআপের আগে বাতিল, পরে ফেরতের রিকোয়েস্ট |
| Pathao | API নেই: Pathao-র প্যানেল থেকে ক্যানসেল করুন, খবর নিজে চলে আসে |
| Paperfly | API নেই, বোতামও নেই: Paperfly-র প্যানেল থেকে ক্যানসেল করুন |

পার্সেল বাতিল হলে শিপড অর্ডার আবার কনফার্মড-এ ফেরে। প্যাক হচ্ছে অবস্থার অর্ডার (বুকিংয়ে প্যাক হচ্ছে বাছা থাকলে) প্যাক হচ্ছে-ই থাকে: আবার বুক করুন, বা নিজে অবস্থা বদলান। ফেরত আসা পার্সেলের স্টক: [ফেরত পার্সেল আর স্টক](https://docs.czcommerce.app/couriers/returns)।

## কুরিয়ার পরিষ্কার উত্তর না দিলে

কখনো বুকিং কুরিয়ারের কাছে পৌঁছায়, কিন্তু পরিষ্কার উত্তর ফেরে না: সংযোগ কেটে যায়, কুরিয়ার ১০ সেকেন্ডের বেশি সময় নেয়, বা তাদের সার্ভারে সমস্যা হয়। পার্সেলটা তৈরি হয়েও থাকতে পারে, না-ও পারে। আমরা নিজে থেকে সেই বুকিং আর পাঠাই না: আবার পাঠালে একই অর্ডারের দুটো পার্সেল হতে পারে (দুবার পিকআপ, দুবার চার্জ)।

তখন লেখা আসে "কুরিয়ার পরিষ্কার উত্তর দেয়নি: পার্সেল তৈরি হয়েও থাকতে পারে। আবার বুক করার আগে অর্ডারের কুরিয়ার কার্ডে যাচাই করুন।", আর কার্ডে **ফল অজানা** চিহ্ন দিয়ে দেখায়, যেমন **Steadfast পরিষ্কার উত্তর দেয়নি**, সাথে আমাদের রেফারেন্স। মীমাংসা না হওয়া পর্যন্ত ভুল করে দ্বিতীয় পার্সেল বুক করা যায় না, **ক্যানসেল / ফেরত চান**-ও তখন দেখায় না। অর্ডার নিজে আগের অবস্থাতেই থাকে (কাস্টমারের কাছে "শিপড" মেসেজ যায় না); পার্সেল পাওয়া গেলে বাকি বুকিংয়ের মতোই এগোয়।

| কুরিয়ার | কীভাবে মীমাংসা করবেন |
|---|---|
| Steadfast, Carrybee, Paperfly | **Steadfast-এ যাচাই করুন** চাপুন (বোতামে কুরিয়ারের নাম থাকে)। কুরিয়ারের কাছে পার্সেলটা থাকলে সেটা রেকর্ড হয়ে যায় (Steadfast আর Paperfly সাথে সাথে আইডি জানায় না; পরের ওয়েবহুকে আসে)। না থাকলে **Steadfast-এ আবার পাঠান** চাপুন: একই রেফারেন্সে যায়, তাই কুরিয়ার দ্বিতীয়বার ধরতে পারে। অথবা **বাদ দিন** চেপে বুকিংটা বাতিল করে অন্যভাবে বুক করুন। |
| Pathao | Pathao-কে আমাদের রেফারেন্স দিয়ে জিজ্ঞেস করা যায় না। Pathao প্যানেলে রেফারেন্সটা খুঁজুন। পেলে **প্যানেলে আছে: আইডি দিন** চেপে কনসাইনমেন্ট আইডি লিখে **সংরক্ষণ করুন**। না পেলে **প্যানেলে নেই**, তারপর **নিশ্চিত করুন**: বুকিংটা বাতিল হবে, অর্ডারটা আবার বুক করা যাবে (রেফারেন্সে `-R1` যোগ হবে)। |

পার্সেলটা তৈরি হয়ে থাকলে সাধারণত কুরিয়ারের [ওয়েবহুক](https://docs.czcommerce.app/couriers/webhook) এলেই কার্ড নিজে ঠিক হয়ে যায়। Steadfast, Carrybee আর Paperfly-তে আমরা নিজেরাও প্রতি আধা ঘণ্টায় কুরিয়ারকে জিজ্ঞেস করি, **Steadfast-এ যাচাই করুন**-এর মতোই: কুরিয়ারের কাছে পার্সেলটা পাওয়া গেলেই কার্ড নিজে ঠিক হয়ে যায়। বুকিং পাঠানোর ৩০ মিনিট পরেও না পেলে আমরা আর জিজ্ঞেস করি না, সিদ্ধান্ত আপনার জন্য রেখে দিই (পার্সেলের ইতিহাসে লেখা থাকে); নিজে থেকে কিছু বাতিল হয় না। ফেরত, এক্সচেঞ্জ বা রাইডার ডাকার অনুরোধও কখনো দুবার যায় না: এর কোনোটার পরিষ্কার উত্তর না এলে আবার চেষ্টার আগে কুরিয়ারের প্যানেলে দেখে নিন।

## আবার বুক করা

পার্সেল বাতিল বা ফেরত হয়ে গেলে কার্ডে আগের পার্সেল ছোট করে দেখায়, আর অর্ডার বুক করার মতো অবস্থায় থাকলে কুরিয়ারের বোতাম আবার আসে। একই কুরিয়ারে আবার বুক করলে রেফারেন্সের শেষে `-R1`, `-R2` যোগ হয়, যাতে কুরিয়ার দুটোকে আলাদা চেনে।

## হাতে কনসাইনমেন্ট দেওয়া

কুরিয়ারের প্যানেল থেকে নিজে বুক করলে আইডিটা অর্ডারে রাখুন:

1. কার্ডে **ম্যানুয়ালি কনসাইনমেন্ট যোগ করুন** চাপুন।
2. **কুরিয়ার** বাছুন। তালিকায় না থাকলে **অন্য কুরিয়ার** বেছে **কুরিয়ারের নাম** লিখুন।
3. **কনসাইনমেন্ট / পার্সেল আইডি** আর COD দিন। চাইলে **ট্র্যাকিং লিংক** (https) আর **ডেলিভারি চার্জ**।
4. **সংরক্ষণ করুন** চাপুন।

হাতে দেওয়া পার্সেলে **স্ট্যাটাস রিফ্রেশ** থাকে না। কুরিয়ারটা যুক্ত থাকলে তার ওয়েবহুকের খবর এই পার্সেলেও আসে, আর Steadfast, Pathao বা Carrybee হলে আমাদের নিয়মিত খোঁজও আইডি দিয়ে কুরিয়ারকে জিজ্ঞেস করে; Paperfly, অন্য কুরিয়ার বা যুক্ত না থাকা কুরিয়ারে অর্ডারের অবস্থা নিজে বদলান।

আরও: [একসাথে অনেক অর্ডার বুক করা](https://docs.czcommerce.app/couriers/bulk-booking) · [পার্সেল ট্র্যাকিং](https://docs.czcommerce.app/couriers/tracking)
